কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ কেন ‘হিউম্যান’
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিশ্বজুড়ে আলোচনা ও বিতর্কের মধ্যে ২০২৬ সালে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’ (মানুষ)। এআইয়ের দ্রুত অগ্রগতির কারণে মানুষ ও যন্ত্রের মধ্যকার পার্থক্য যখন ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে, তখন ‘মানুষ হওয়া’ (মানুষের স্বতন্ত্র গুণাবলি, অনুভূতি, সীমাবদ্ধতা ও মানবিক পরিচয়) বলতে আসলে কী বোঝায়, সে প্রশ্নই সামনে এসেছে।
আজ বুধবার প্রকাশিত এক বিবৃতিতে কেমব্রিজ ডিকশনারি জানায়, ‘হিউম্যান’ শব্দের অর্থ হলো দেবতা, প্রাণী বা যন্ত্রের বিপরীতে মানুষের যেসব গুণ, ত্রুটি ও অনুভূতি রয়েছে, সেটিই।
শব্দটি বর্ষসেরা হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে অভিধান কর্তৃপক্ষ বলেছে, এ বছর বিশ্বজুড়ে মানুষ হওয়ার প্রকৃত অর্থ কী, তা নিয়ে বিতর্ক হয়েছে। এর পেছনে বড় কারণ এআইয়ের অগ্রগতি। এই প্রযুক্তি মানুষ ও যন্ত্রের মধ্যকার সীমারেখা ক্রমেই অস্পষ্ট করে তুলছে।
ডিপফেক প্রযুক্তির বিরুদ্ধে ম্যাথু ম্যাকনাহে ও টেইলর সুইফটের মতো তারকাদের পদক্ষেপের কথাও উল্লেখ করেছে অভিধান কর্তৃপক্ষ। তাঁরা নিজেদের ছবি এবং কণ্ঠস্বরের বিভিন্ন অডিও ক্লিপের স্বত্বাধিকার ট্রেডমার্কের মাধ্যমে সুরক্ষিত করেছেন।
এআই প্রযুক্তির পথিকৃৎ ও নোবেলজয়ী জেফ্রি হিন্টনের মতো চিন্তাবিদদের প্রকাশ্য বক্তব্যের কথাও উল্লেখ করেছে অভিধান কর্তৃপক্ষ। হিন্টন বলেছিলেন, ‘আমরা একধরনের ‘‘ভিনগ্রহের প্রাণী’’ (এআই) তৈরি করছি। আমি স্বার্থপরের মতো হলেও এ দুটির মধ্যে মানুষকেই বেছে নেব।’
হিন্টনের এ বক্তব্যের মধ্য দিয়ে এআইয়ের মতো নতুন বুদ্ধিমান সত্তার উত্থান নিয়ে তাঁর উদ্বেগ এবং মানুষের অস্তিত্ব ও স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মনোভাব প্রকাশ পেয়েছে।
এআই দিয়ে তৈরি ডিপফেক প্রযুক্তির অগ্রগতির বিষয়টিও তুলে ধরেছে কেমব্রিজ ডিকশনারি। এ প্রযুক্তির সাহায্যে বাস্তব মানুষের মতো দেখতে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা সম্ভব হচ্ছে। এ ছাড়া এ প্রযুক্তি নিয়ে ম্যাথু ম্যাকনাহে ও টেইলর সুইফটের মতো তারকাদের প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেছে অভিধান কর্তৃপক্ষ। তাঁরা নিজেদের ছবি ও কণ্ঠস্বরের অডিও ক্লিপ ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করেছেন।
এআই মানুষ হওয়া (হিউম্যান) নিয়ে আমাদের আলোচনার ধরন বদলে দিচ্ছে।
কেমব্রিজ ডিকশনারির অভিধানবিদ কলিন ম্যাকিনটোশ বলেন, ‘এআই মানুষ ও মানবিকতা নিয়ে আমাদের আলোচনার ধরন বদলে দিচ্ছে।’
বিবৃতিতে ম্যাকিনটোশ আরও বলেন, প্রচলিতভাবে ‘হিউম্যান’ শব্দের সংজ্ঞায় মানুষকে দেবতা ও প্রাণী থেকে আলাদা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে যন্ত্র থেকেও মানুষকে আলাদা করার বিষয়টি এর সঙ্গে যুক্ত হয়েছে।
‘হিউম্যান-মেড’ (মানুষের তৈরি) শব্দের মতো যৌগিক শব্দের ব্যবহার সম্প্রতি বেড়েছে। এতে বোঝা যায়, এআইয়ের তৈরি কাজ বা বৈশিষ্ট্য থেকে মানুষের তৈরি কাজ বা মানুষের নিজস্ব বৈশিষ্ট্যকে আলাদা করে বোঝাতে ‘হিউম্যান’ শব্দটি এখন বেশি ব্যবহৃত হচ্ছে।
ম্যাকিনটোশ বলেন, ‘মানুষ হওয়ার ধারণা নিয়ে নতুন করে যে আগ্রহ তৈরি হয়েছে, সেটিই এ সময়ের ভাবনাকে ধারণ করেছে।’
বর্ষসেরা শব্দ নির্বাচনের পাশাপাশি এ বছর কেমব্রিজ ডিকশনারিতে যুক্ত হওয়া কয়েকটি নতুন শব্দ ও শব্দবন্ধের কথাও জানিয়েছে অভিধান কর্তৃপক্ষ।
নতুন শব্দবন্ধের একটি হলো ‘এয়ার জেল’। কোনো প্রাণী, বিশেষ করে কুকুর আক্রমণাত্মক বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ করলে তাকে কিছু সময় মাটি থেকে শূন্যে তুলে রাখার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার একটি পদ্ধতিকে এ নামে অভিহিত করা হয়।
আরেকটি নতুন শব্দবন্ধ হলো ‘অরা ফার্মিং’। অন্যদের কাছে নিজেকে প্রশংসনীয়, আকর্ষণীয় ও আগ্রহ–জাগানিয়া ব্যক্তিত্বের অধিকারী হিসেবে তুলে ধরার উদ্দেশ্যে বিভিন্ন কাজ করাকে বোঝায় এ শব্দবন্ধ।
এ ছাড়া অভিধানে যুক্ত হয়েছে ‘লুকসম্যাক্সিং’ শব্দটি। এর অর্থ নিজেকে শারীরিকভাবে যতটা সম্ভব আকর্ষণীয় করে তোলার চেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে তরুণদের কেউ কেউ এ ধরনের চর্চায় উৎসাহ দিয়ে থাকেন।