বায়ুমণ্ডলে কার্বন স্তর শনাক্ত, গাড়ির গতিতে নতুন কীর্তি

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছু। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই হয় ইতিহাসে। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৯ মার্চ। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কতটা বাড়ছে-কমছে, তা পরিমাপের পথ খুলে যায় ১৯৫৮ সালের ২৯ মার্চপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথমবারের মতো কার্বন ডাই-অক্সাইডের স্তর নির্ধারণ করা হয় ১৯৫৮ সালের এই দিনে। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাওনা লোয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এই স্তর শনাক্ত করা হয়। জৈব জ্বালানি পোড়ানোসহ বিভিন্ন কারণে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কতটা বাড়ছে-কমছে, তা দৈনিক ভিত্তিতে পরিমাপের পথ খুলে যায় এর মধ্য দিয়ে।

মহারাজা দুলেপ সিং ও লাহোর চুক্তি

শিশু বয়সেই রাজ্যাভিষেক হয়েছিল পাঞ্জাবের মহারাজা দুলেপ সিংয়ের। ক্ষমতায় ছিলেন বছর পাঁচেক। কম বয়সেই ঔপনিবেশিক রাজনীতির জটিল মারপ্যাঁচের মুখোমুখি হতে হয় তাঁকে। অবশেষে হাল ছেড়ে দেন। ১৮৪৯ সালের এই দিনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে লাহোর চুক্তি হয়। এর মধ্য দিয়ে শিখ সাম্রাজ্যের অবসান হয়। পাঞ্জাবে শুরু হয় কোম্পানির শাসন।

ব্রেক্সিটের পথে এগিয়ে যান থেরেসা মে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম ব্রেক্সিট। দীর্ঘ এ প্রক্রিয়া নানা রাজনীতি, প্রতিবন্ধকতা, আইনি সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। ২০১৭ সালের এই দিনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে ইইউর সঙ্গে চুক্তির ৫০তম আর্টিকেল সক্রিয় করেন। এর মধ্য দিয়ে ইইউ-যুক্তরাজ্যের বিচ্ছেদের আনুষ্ঠানিক পথ খুলে যায়।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে
ফাইল ছবি : রয়টার্স

গাড়ির গতিতে নতুন কীর্তি

১৯২৭ সালের এই দিন, যুক্তরাষ্ট্রের ডেতোনা সৈকতে গাড়ি চালনায় নতুন একটি কীর্তি রচিত হয়। সানবিম ১০০০এইচপি মিস্ট্রি নামের একটি রেসিং কার রেকর্ড গড়ে। ঘণ্টায় ৩২০ কিলোমিটারের বেশি গতিতে ছুটে যায় গাড়িটি। এই গাড়িটি ‘দ্য স্লাগ’ নামেও পরিচিত। বিশেষভাবে তৈরি এই গাড়িতে দুটি উড়োজাহাজের ইঞ্জিন যুক্ত ছিল।