একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ৩ ডিসেম্বর, রোববার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এর পাশাপাশি ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়াসহ আরও কিছু উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।

১
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তাঁদের যুদ্ধ চলবে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

২
বিজেপি ও কংগ্রেস দলের প্রতীক

এদিকে ভারতে লোকসভা নির্বাচনের আগে অনুষ্ঠিত দেশটির পাঁচ রাজ্যের ভোটে কংগ্রেস ও বিজেপি দুটি করে রাজ্যে এগিয়ে রয়েছে। আজ সকালে চার রাজ্যের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে মধ্যপ্রদেশ ও রাজস্থানে এবং কংগ্রেস এগিয়ে ছত্তিশগড় ও তেলেঙ্গানায়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে ভোট গণনা হবে আগামীকাল সোমবার।

৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। ছবি: রয়টার্স

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ নেতা শহীদ খাকান আব্বাসি বলেছেন, তিনি আসন্ন সাধারণ নির্বাচনে অংশ নেবেন না। ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর দল নিয়ে হতাশাও প্রকাশ করেন।

৪
উত্তর কোরিয়া গত মাসে সফলভাবে সামরিক গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে
ফাইল ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ার সদ্য উৎক্ষেপণ করা গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ পরিচালনাকারী প্রতিষ্ঠানটি একটি সামরিক গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করবে। আজ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

৫
প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর হামলার স্থানে পুলিশের সদস্যরা
ছবি: এএফপি

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর হামলা চালিয়েছেন এক ব্যক্তি। এতে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন দুজন। গতকাল শনিবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন হামলার এই তথ্য জানিয়েছেন।

৬
উড়োজাহাজ
প্রতীকী ছবি: রয়টার্স

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির এক পার্লামেন্ট সদস্য ও তাঁর তিন সহযোগী নিহত হয়েছেন। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। নিহত পার্লামেন্ট সদস্যের নাম ওয়াল্টার হার্মস। তিনি প্যারাগুয়ের ক্ষমতাসীন দল কলোরাডো পার্টির সদস্য।