মহাসড়কে সাইনবোর্ডের ওপর শরীরচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যস্ততম মহাসড়কের ওপর বসানো সাইনবোর্ডে শরীরচর্চা
ছবি: ভিডিও থেকে নেওয়া

সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন নিয়মিত শরীরচর্চা। তাই বলে মহাসড়কে বসানো সাইনবোর্ড শরীরচর্চার জায়গা হতে পারে না। আর ব্যস্ততম মহাসড়কের ওপর এমন ঝুঁকিও নিশ্চয়ই কেউ নেবেন না।

তবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া এমনই একটি ভিডিও দেখে বিস্মিত নেটিজেনরা। এতে ব্যস্ততম একটি মহাসড়কে বসানো সাইনবোর্ডের ওপর এক ব্যক্তিকে ভয়ডরহীনভাবে শরীরচর্চা করতে দেখা যায়।

চক্ষু চড়কগাছ হওয়ার মতো এই কাণ্ড ঘটেছে ভারতের ওডিশা রাজ্যের বোলানগির জেলার পাটনাগড়ে। সম্বলপুরী মাহানি নামের একটি আইডি থেকে ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখা হয়েছে, ‘যখন দেশি মদ খাওয়ার পর আমাদের একটু বেশিই নেশা হয়।’

ভিডিওতে দেখা যায়, নির্ভয়ে শরীর চর্চা করে যাচ্ছেন ওই ব্যক্তি। লোহার তৈরি খুঁটির ওপর বসানো সাইনবোর্ডের ওপর নয়বার পুশ-আপ দেন তিনি। ওই ব্যক্তির শরীরচর্চা দেখতে মহাসড়কের দুই পাশে অনেক মানুষ জড়ো হয়ে যান।

গত ৩০ এপ্রিল এই ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা হয়। এটি সাত লাখের বেশিবার দেখা হয়েছে। লাইক পড়েছে ৬০ হাজারের বেশি। আর ভিডিওটি নিয়ে মন্তব্য করেছেন প্রায় ৪০০ ব্যবহারকারী।

একজন ব্যবহারকারী মন্তব্যের ঘরে লিখেছেন, বেচারা জানেনই না জিমটা কোথায়। এর চেয়ে সড়কে শুয়ে পড়াই তাঁর জন্য ভালো ছিল। আরেকজন ব্যবহারকারী লিখেছেন, রোববার জিম বন্ধ থাকে বলে ব্যায়ামের একটি জায়গা খুঁজে বের করেছেন তিনি। যাহোক, বুদ্ধিটা ভালোই!

তৃতীয় আরেক ব্যবহারকারীকে অবশ্য ভিডিওতে এই শরীরচর্চাকারীকে খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয়েছে। তিনি লেখেন, ভিডিওটি তিনবার দেখার পর চোখে পড়ল, ওপরে কেউ একজন আছেন।

অবশ্য ভিডিওটির পোস্ট করার সময় বলা হয়েছে, এ ধরনের ঝুঁকিপূর্ণ মনোযোগ আকর্ষণকারী কাজকে উৎসাহিত করার কোনো কারণ নেই। কেবল মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি পোস্ট করা হয়েছে।