কম দক্ষ অভিবাসী কর্মীদের জন্য ভিসাবিধি কঠোর করছে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক শিক্ষার্থী ও কম দক্ষ অভিবাসী কর্মীদের জন্য ভিসাবিধি কঠোর করবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে আজ সোমবার এ কথা জানানো হয়েছে।
অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী দুই বছরের মধ্যে দেশটির অভিবাসী গ্রহণ অর্ধেকে নেমে আসতে পারে।
অস্ট্রেলিয়া সরকার বলছে, দেশটির অভিবাসনব্যবস্থা ভেঙে পড়েছে। তাই তারা এই ব্যবস্থা ঢেলে সাজাতে চায়।
নতুন নীতিমালায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষায় উচ্চতর ‘রেটিং’ পেতে হবে। একজন শিক্ষার্থীর দ্বিতীয় ভিসার আবেদনের ক্ষেত্রে আরও যাচাই-বাছাই করা হবে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল আজ সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের কৌশল হবে অভিবাসনসংখ্যাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা।’
ক্লেয়ার ও’নিল আরও বলেন, এটা শুধু সংখ্যার বিষয় নয়। এটা শুধু এই মুহূর্তের বিষয় নয়। অস্ট্রেলিয়া এখন অভিবাসনের ক্ষেত্রে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে, বিষয়টি শুধু তা নয়; এটা অস্ট্রেলিয়ার ভবিষ্যতের বিষয়।
গত সপ্তাহান্তে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি বলেছিলেন, তাঁর দেশের অভিবাসনসংখ্যাকে একটি টেকসই পর্যায়ে ফিরিয়ে আনা দরকার। কারণ, অস্ট্রেলিয়ার অভিবাসনব্যবস্থা ভেঙে পড়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেছেন, সরকারের সংস্কার পরিকল্পনা ইতিমধ্যে দেশটির নেট বিদেশি অভিবাসনের ওপর নিম্নগামী চাপ তৈরি করেছে। অভিবাসীসংখ্যা কমানোর প্রত্যাশিত লক্ষ্যমাত্রায় সরকারের নতুন পদক্ষেপ আরও ভূমিকা রাখবে।
২০২২-২৩ সালে অস্ট্রেলিয়ায় নেট অভিবাসন রেকর্ড ৫ লাখ ১০ হাজারে পৌঁছে যাওয়ার ধারণার প্রেক্ষাপটে আন্তর্জাতিক শিক্ষার্থী ও কম দক্ষ কর্মীদের জন্য ভিসাবিধি কঠোর করার বিষয়ে সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল জানিয়েছেন, ২০২২-২৩ সালে তাঁর দেশে নেট বিদেশি অভিবাসন বেড়ে যাওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভূমিকাই বেশি।