ইতিহাসের এই দিনে: সোনা খুঁজতে বেরিয়ে প্রশান্ত মহাসাগরে প্রথম ইউরোপীয়
বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৯ সেপ্টেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
স্পেনের অভিযাত্রী ভাস্কো নুনেজ দে বালবোয়া লাতিন আমেরিকায় সোনা খুঁজতে বেরিয়েছিলেন। অভিযানের একপর্যায়ে তিনি দলবল নিয়ে পানামায় পৌঁছে যান। যান প্রশান্ত মহাসাগরের তীরে। প্রথম ইউরোপীয় হিসেবে প্রশান্ত মহাসাগরের তীরে পৌঁছান তিনি। নুনেজ প্রশান্ত মহাসাগরের নাম দিয়েছিলেন দক্ষিণ সাগর। ওই সময় বলেছিলেন, বিশাল এই জলরাশি স্পেনের সম্পত্তি।
প্রথম পুলিশ বাহিনী গঠন
সময়টা ১৮২৯ সালের ২৯ সেপ্টেম্বর। লন্ডনের রাস্তায় টহলে নামে একদল প্রহরী। নীল পোশাক ও কালো টুপি পরিহিত এই বাহিনীর নাম মেট্রোপলিটন পুলিশ ফোর্স। অপরাধ দমনের জন্য গঠন করা এই বাহিনীর রূপকার ব্রিটিশ রাজনীতিবিদ রবার্ট পেল। বিশ্বে এটাই ছিল প্রথম পুলিশ বাহিনী।
যুক্তরাষ্ট্রের প্রথম ধনকুবের
যুক্তরাষ্ট্রের ধনকুবের জন ডি রকফেলার। জ্বালানি তেল খাতের টাইকুন বলা হতো তাঁকে। মার্কিন ডলারের হিসাবে তাঁকে যুক্তরাষ্ট্রের প্রথম ধনকুবের ধরা হয়। ১৯১৬ সালের এ দিনে এই ধনী ব্যবসায়ী দেশের প্রথম ধনকুবেরের স্বীকৃতি পান।
মঙ্গলে হ্রদের সন্ধান
২০২০ সালের এই দিনে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের ভূঅভ্যন্তরে তিনটি হ্রদের সন্ধান পান। মার্স এক্সপ্রেস নভোযান থেকে রাডারের মাধ্যমে এসব হ্রদের সন্ধান মেলে। বিজ্ঞানীদের ধারণা, এসব হ্রদের পানি লবণাক্ত। অত্যধিক কম তাপমাত্রায় হ্রদের পানিকে বরফ হওয়া থেকে বিরত রাখে এ লবণ।