ভারতে টিকার জরুরি ব্যবহারের অনুমতি চাইল সেরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা প্রকল্পের অন্যতম অংশীদার ভারতের সেরাম ইনস্টিটিউট
ছবি: রয়টার্স

ফাইজারের পর এবার সেরাম ইনস্টিটিউট ভারতে করোনার টিকার জরুরি প্রয়োগের অনুমতি চেয়েছে। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সূত্রের বরাতে খবরে বলা হয়, করোনার টিকা জরুরি ব্যবহারের জন্য সরকারের সংশ্লিষ্ট সংস্থার কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে পুনেভিত্তিক ফার্মা ফার্ম সেরাম ইনস্টিটিউট।

করোনার টিকার অনুমোদন চেয়ে ভারত সরকারের কাছে দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান আবেদন করল।

সেরাম ইনস্টিটিউটের আগে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার তাদের তৈরি করোনার টিকা জরুরি ব্যবহারের জন্য ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআইয়ের কাছে অনুমতি চেয়ে আবেদন করে।

৪ ডিসেম্বর ডিসিজিআইয়ের কাছে আবেদনটি জমা দেয় ফাইজার ইন্ডিয়া। আবেদনে ভারতে বিক্রি ও বিতরণের জন্য টিকা আমদানির অনুমোদন চাওয়া হয়। পাশাপাশি ভারতে টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপারে ছাড় চাওয়া হয়।

ভারতে কোনো টিকার অনুমোদন পেতে হলে তার স্থানীয় পর্যায়ে (ভারতে) ক্লিনিক্যাল ট্রায়ালের বাধ্যবাধকতা রয়েছে।

কিন্তু ফাইজার বা তার সহযোগী কোম্পানি ভারতে এ ধরনের ট্রায়ালের জন্য আগে কোনো আবেদন করেনি। তবে স্থানীয় পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া কোনো টিকার অনুমোদন দেওয়ার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার রয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রকল্পের অন্যতম অংশীদার ভারতের সেরাম ইনস্টিটিউট। ভারতে এই টিকার ওপর ট্রায়াল চালাচ্ছে তারা।

ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআইয়ের কাছে করা আবেদনে সেরাম ইনস্টিটিউট বলেছে, কোভিশিল্ড নামের এই টিকা নিরাপদ। টিকাটি খুবই সহনীয়।

করোনা প্রতিরোধে জনগোষ্ঠীর মধ্যে এই টিকা কার্যকরভাবে ব্যবহার করা যায়।

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত টিকাটির পরীক্ষায় ৯০ শতাংশ পর্যন্ত কার্যকারিতার খবর পাওয়া গেছে। করোনার সম্ভাব্য টিকাগুলোর মধ্যে এটিই সবচেয়ে আলোচিত।

অবশ্য ফাইজার-বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর।

গত ২ ডিসেম্বর যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাজ্যই বিশ্বের প্রথম দেশ, যারা এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

যুক্তরাজ্যের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দিয়েছে বাহরাইন। ৪ ডিসেম্বর দেশটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।