কুস্তিগিরদের সমর্থনে কৃষক সমাজ, ক্রীড়ামহল যদিও নীরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষকদের দিল্লিতে প্রবেশ ঠেকাতে শহরের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে
ছবি: এএনআই

কৃষি আইন রদে কেন্দ্রীয় সরকারকে যারা বাধ্য করেছিল, সেই কৃষক সমাজ আন্দোলনরত কুস্তিগিরদের পাশে দাঁড়াল। উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব ও দিল্লির গ্রামীণ এলাকার হাজার হাজার কৃষক দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেন। আন্তর্জাতিক পদকজয়ী ভারতীয় কুস্তিগিরদের বড় একটা অংশ ১০ দিন ধরে সেখানে ধরনায় বসেছে। তাঁদের দাবি, নারী কুস্তিগিরদের যৌন হেনস্তার অভিযোগে জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি বিজেপির সংসদ সদস্য ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেপ্তার করা হোক। তাঁকে অপসারণ করা হোক সংস্থার সভাপতির পদ থেকেও।

চার মাস ধরে এ দাবিতে কুস্তিগিরেরা অনড়। সরকারের আশ্বাসে চার মাস আগে তাঁরা আন্দোলন থেকে সরে আসেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া ও সরকারি ‘ঔদাসীন্যের প্রতিবাদে’ আবার আন্দোলনে নেমেছেন তাঁরা। তবে সরকার এখনো নির্বিকার। ১০ দিন আগে কুস্তিগিরেরা নতুন করে অবস্থান নেওয়া শুরু করার পর সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে দুটি এফআইআর করে। কিন্তু তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন সাতজন নারী কুস্তিগির। তাঁদের মধ্যে একজন কিশোরী। এরপরও ব্রিজভূষণ ‘মুক্ত’।

ভারতীয় কুস্তির উৎসভূমি প্রধানত হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশ। সেখানকার সমাজে কুস্তির প্রভাব যথেষ্ট। প্রধানত সে কারণেই আন্দোলনকারী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছে কৃষক সমাজ। দিল্লি অভিযান শুরু করেছে সংযুক্ত কিষান মোর্চাসহ (এসকেএম) কৃষকদের বিভিন্ন সংগঠন। দিল্লিমুখী কৃষকদের রুখতে রোববার থেকে দিল্লির বিভিন্ন প্রান্তে পুলিশের তৎপরতা বাড়তে দেখা যায়। টিকরি, সিংঘু, গাজীপুরসহ শহরের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয় ব্যারিকেড।

এতে করে সৃষ্টি হয় ব্যাপক যানজটের। তা সত্ত্বেও কয়েক হাজার কৃষক ও বিভিন্ন সংগঠনের নেতারা যন্তর মন্তরে চলে আসেন। কৃষকনেতা রাকেশ টিকায়েত, হান্নান মোল্লা ও দর্শন পালরা বলেন, সরকারের ঔদাসীন্য পুরো দেশকে হতবাক করেছে। অথচ প্রধানমন্ত্রী ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’য়ের কথা শোনান। রাকেশ টিকায়েত বলেন, দেশকে সম্মানিত করা এতজন কুস্তিগিরের এত এত অভিযোগ সত্ত্বেও ব্রিজভূষণকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা বিস্ময়ের। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জবাবদিহি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই করতে হবে। এ জন্য রাহুল গান্ধীকে তো দোষারোপ করা যায় না।

হরিয়ানা, পাঞ্জাব, উত্তর প্রদেশ ও দিল্লির গ্রামীণ এলাকার বিভিন্ন শ্রেণির নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে গঠিত সংগঠন বা ‘খাপ পঞ্চায়েতও’ সম্মিলিতভাবে কুস্তিগিরদের পাশে এসে দাঁড়িয়েছে। এ আন্দোলনকে গতি দিতে কী করা যায়, তা তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবেন বলে জানিয়েছেন।

কুস্তিগিরদের প্রতি সমর্থন জানিয়ে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ বলেছেন, তাঁদের প্রতি তিনি সহানুভূতিশীল। অভিযুক্ত ব্রিজভূষণ যদিও বলেছেন, দোষী প্রমাণিত হলে তিনি নিজেকে ‘শেষ’ করে দেবেন। বলা হচ্ছে, উত্তর প্রদেশের পূর্বাঞ্চলে ব্রিজভূষণের দাপট রয়েছে যথেষ্ট। বিজেপি তাই তড়িঘড়ি কোনো ব্যবস্থা নিতে রাজি নয়। যদিও কিশোরী হেনস্তা রুখতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের বক্তব্য, বিষয়টি দিল্লি পুলিশ তদন্ত করছে। কুস্তিগিরেরা যেন সরকারের ওপর ভরসা রাখেন।

কিন্তু শুধু সরকার নয়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত নারী কুস্তিগির বিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরঙ্গ পুনিয়াসহ আন্দোলনকারীরা দেশের নামী ক্রীড়াবিদদের ওপরও ভরসা রাখতে পারছেন না। বিনেশ ফোগত হতাশা প্রকাশ করে বলেই ফেলেছেন, ‘এ দেশে ক্রিকেটারদের পূজা করা হয়। অথচ এখন তাঁরা অধিকাংশই চুপ।’

কপিল দেব, হরভজন সিং, বীরেন্দর শেবাগ, ইরফান পাঠানদের মতো কয়েকজন ক্রিকেটার ছাড়া কেউ এই আন্দোলন নিয়ে মুখ খোলেননি। এমনকি হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্দানাদের মতো নারী ক্রিকেটারেরাও চুপ। শুধু শিখা পান্ডে মুখ খুলেছেন। সরব হয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও। কিন্তু নারী বক্সার মেরি কম, ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু কিংবা সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকর, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলী বিস্ময়করভাবে নীরব।

সৌরভের এক মন্তব্য বিতর্কেরও সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সম্প্রতি তিনি বলেন, ‘তাঁদের লড়াই তাঁদেরই লড়তে হবে।’ ঠিক কী ঘটেছে না জেনে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। যদিও বলেছেন, মিটমাট হওয়া দরকার। সাধারণ নাগরিকদের প্রশ্ন, সৌরভ কি জানার আগ্রহও দেখিয়েছেন? বিজেপির সঙ্গে সৌরভের ‘সখ্য’ সর্বজনবিদিত।

স্পষ্ট বোঝা যাচ্ছে, কুস্তিগিরদের লড়াই বিজেপি নেতার বিরুদ্ধে বলে যৌন হেনস্তার মতো গুরুতর অভিযোগ সত্ত্বেও অধিকাংশ ক্রীড়া তারকা বিষয়টি থেকে নিজেদের দূরে রাখতেই বেশি সচেষ্ট।

তদন্ত শেষে দোষী প্রমাণিত না হলে ব্রিজভূষণের বিরুদ্ধে পুলিশ, প্রশাসন, বিজেপি ও সরকার কেউই কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত নয়। এদিকে আন্দোলনকারীরাও অনড়। তাঁদের পাশে জড়ো হচ্ছে সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক শক্তি। কৃষক সমাজ কুস্তিগিরদের আন্দোলনে শামিল হওয়ায় এই লড়াইও আগের মতো লম্বা হয় কি না, সে আগ্রহ দানা বাঁধছে।