ত্রিপুরায় একই দিনে অমিত শাহ ও মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবি

উত্তর–পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার বিধাসনভা নির্বাচনের প্রচারে নামছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা দুজনেই আজ সোমবার নিজ নিজ দলের পক্ষে প্রচারে আসছেন।

বাঙালি–অধ্যুষিত ত্রিপুরা রাজ্যের ৬০ আসনের বিধানসভার নির্বাচন ১৬ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে লড়ার জন্য ইতিমধ্যে মাঠে নেমেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট-কংগ্রেস জোট এবং ত্রিপুরার জনজাতিদের দল তিপ্রা মথা পার্টি । তিপ্রা মথা দলের প্রধান হচ্ছেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যোৎ বিক্রম মানিক্য দেববর্মন। তিপ্রা মথা এবার এই রাজ্যের জনজাতি–অধ্যুষিত এলাকাসহ রাজ্যের মোট ৪২টি আসনে প্রার্থী দিয়েছে।

আজ বিকেলে ত্রিপুরার রাজধানী আগরতলায় প্রচারের জন্য পা রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ত্রিপুরার খোয়াই ও শান্তিনগরে পৃথক দুটি জনসভায় যোগ দেবেন অমিত শাহ। ত্রিপুরায় এবার দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি। অমিত শাহের পর আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলে এসেই যাবেন উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিতে। সেখানে পূজা দিয়ে ফিরে আসবেন রাজধানী আগরতলায়। তারপর রাতে দলীয় বৈঠক সারবেন। আগামীকাল মঙ্গলবার মমতা আগরতলায় আয়োজিত তৃণমূলের রোড শোতে যোগ দেবেন তিনি। আগরতলার রবীন্দ্রভবন থেকে শুরু হবে এই রোড শো। সেখান থেকে রাজবাড়ী, অ্যাকশন গেট, কামান চৌমোহনী, সূর্য চৌমোহনী, বটতলা, শঙ্কর চৌমোহনী, বিন্দুর কর্তা চৌমোহনী ঘুরে রবীন্দ্রভবনে ফিরে আসবেন। তারপর সেখানেই করবেন জনসভা।

ত্রিপুরার শাসন ক্ষমতায় এখন বিজেপি। ২০১৮ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে ক্ষমতাসীন বামফ্রন্টকে হারিয়ে ক্ষমতায় আসে। মুখ্যমন্ত্রী হন বিজেপির তরুণ নেতা বিপ্লব দেব। কিন্তু ক্ষমতা গ্রহণের পর নানা ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়েন বিপ্লব দেব। এরপর বিজেপি তাঁকে গত বছরের ১৫ মে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে বসান বিজেপি নেতা মানিক সাহাকে। আর রাজ্যসভার সংসদ সদস্য করা হয় বিপ্লব দেবকে।

এবারে ত্রিপুরার নির্বাচন চতুর্মুখী হবে বলে ধারণা করা হচ্ছে। মূল লড়াই হবে বাম-কংগ্রেস জোটের সঙ্গে বিজেপির। এরপরই আছে তিপ্রা মথা ও তৃণমূল কংগ্রেস। জনজাতিদের দল তিপ্রা মথা এবার কোনো দলকে সমর্থন না দিয়ে এককভাবে লড়ছে।