পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের পুনর্নির্বাচনেও সন্ত্রাস, মমতা-সমর্থক শুভাপ্রসন্নের ‘সংস্কৃতি বদলের’ ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিল্পী শুভাপ্রসন্ন
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গে গত শনিবার পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস হয়েছিল। সেই নির্বাচনে প্রাণ গিয়েছিল ১৮ জনের। নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের কারণে রাজ্যের ১৯টি জেলার ৬৯৬টি ভোটকেন্দ্রে আজ পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকের এই পুনর্নির্বাচনে বহু কেন্দ্রে শনিবারের ছাপ পড়েছে। ভোট লুটপাট হয়েছে, মারপিট হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, বুথে বুথে সন্ত্রাসীদের হামলা হয়েছে, ব্যালট ছিনতাই হয়েছে। আর এসবের পরিপ্রেক্ষিতে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হিসেবে পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন ‘সংস্কৃতি বদলের’ আহ্বান জানিয়েছেন।

আজ সকালে রাজ্যের তেহট্টের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গরমে অসুস্থ হয়ে মারা গেছেন নবদ্বীপ হালদার নামের এক ব্যক্তি। নদীয়ার কৃষ্ণনগরের ধুবুলিয়ায় বিজেপির এক কর্মী অস্ট মণ্ডলের দেহ উদ্ধার হয়েছে আজ পাটখেত থেকে। মুর্শিদাবাদের রানীনগরে তৃণমূল কর্মী মিরাজুল সেখ আহত হওয়ার পর আজ মারা গেছেন। তিনি গত শনিবার পঞ্চায়েত ভোটের দিন হামলায় আহত হয়েছিলেন। ওই দিন রাজ্যের নদীয়ায় বোমার আঘাতে আহত হওয়া সিপিএম কর্মী শুকুর আলি সেখও আজ মারা গেছেন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে নির্বাচনের দিন আহত মইদুল শেখ আজ কলকাতার এনআরএস হাসপাতালে মারা গেছেন।

এদিকে আজও এই রাজ্যের বিভিন্ন ভোটকেন্দ্রে দাপিয়ে বেড়িয়েছেন সরকারি দলের নেতা-কর্মীরা। তাঁদের আবার প্রতিরোধও করেছেন বিজেপি ও সিপিএমের সমর্থকেরা। বর্ধমানের জামুরিয়ায় ৩ তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে আজ ভোটদানে বাধা দিয়েছেন তৃণমূল সমর্থকেরা। কোচবিহারের দিনহাটার ভোটকেন্দ্রেও আজ ব্যাপক ভোট লুটপাট হয়েছে। হামলা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার অশোক নগরে ব্যাপক ভোট ডাকাতি হয়েছে বুথ দখল করে। উত্তর চব্বিশ পরগনার জ্যাংড়ায় ভোটদানে ব্যাপক বাধা দেন সরকারি দলের কর্মী সমর্থকেরা। এখানে ও বীরভূমে  ধরাও পড়েন ভুয়া ভোটার।

আজ পশ্চিমবঙ্গের বিধানসভা বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। এবারের ভোট গণহত্যার চেহারা নিয়েছে। তিনি দাবি করেছেন, এই নির্বাচনে ৪১ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৫০ শতাংশ সংখ্যালঘু মুসলিম, ৩০ শতাংশ তফসিলি সম্প্রদায়ের।

সংস্কৃতি বদলের ডাক শুভাপ্রসন্নের
এবারের পঞ্চায়েত নির্বাচনে এত হিংসা এবং সন্ত্রাসকে মেনে নিতে না পেরে বাংলার সংস্কৃতি ফের বদলের ডাক দিলেন প্রখ্যাত চিত্রকর শুভাপ্রসন্ন। তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থক হিসেবে পরিচিত। তিনি বলেছেন, নির্বাচনে এত খুন, সন্ত্রাস ভারতের আর কোনো রাজ্যে হয় না। বাংলার ঐতিহ্য আজ ভূলুণ্ঠিত।

শিল্পী শুভাপ্রসন্ন বলেন, ‘এ হলো নেতাজির বাংলা, কবিগুরুর বাংলা। তাই বলছি নেতাজির, কবিগুরুর এই বাংলা এমন হবে কেন? আজ সময় এসেছে, এই বাংলার সংস্কৃতি বদলের। এই বাংলায় বন্ধ করতে হবে নির্বাচনের এই সংস্কৃতিকে। মৃত্যুর মিছিলকে। ফের এগিয়ে আসতে হবে এই বাংলার মুক্তমনা বুদ্ধিজীবীদের। নামতে হবে এই বাংলার সংস্কৃতি বদলের আন্দোলনে। এক হতে হবে আবার সবার। যেমনটা এর আগে হয়েছিল।’

শুভাপ্রসন্ন পশ্চিমবঙ্গে বাম আমলের শেষ দিকে পরিবর্তনের ডাক দিয়ে মমতাকে সমর্থন করেছিলেন।