বাধা দিলে ব্যালট বাক্স পুকুরে ফেলে দেব: শুভেন্দু অধিকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী
ছবি: প্রথম আলো

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আগামী মার্চ–এপ্রিলে তিন ধাপে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাজ্যের বিরোধীপক্ষ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস অবাধ নির্বাচনে বাধা দিলে তা প্রতিহত করা হবে বরে জানিয়েছেন রাজ্যের বিরোধী নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

শনিবার পূর্ব মেদিনীপুরের চন্ডীপুরে এক জনসমাবেশে অংশ নিয়ে একথা বলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম দিবস উপলক্ষে এ সমাবেশ আয়োজন করা হয়। 

এ সময় শুভেন্দু অধিকারী বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচন হবে বিজেপির নেতা–কর্মী ও সমর্থকদের জন্য ‘ডু অর ডাই বা মরণবাঁচন লড়াই’। এ লড়াইয়ে নেমে শাসক দলকে প্রতিরোধ করতেই হবে। করতে হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘শাসক দল তৃণমূল যতই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দিক না কেন, তাতে বিজেপি বিশ্বাস করে না। ওরা অতীতের ন্যায় এ বছরও পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস করবে, ভোট ডাকাতি করবে। মানুষকে ভোট দিতে বাধা দেবে, ভোট কেন্দ্রে হাঙ্গামা করবে। তাই এবার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই লক্ষ্যে বিজেপির নেত–কর্মীরা শাসক দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

বিজেপি নেতা শুভেন্দু বলেন, ‘তৃণমূল এখন আমাদের ভয় দেখাতে শুরু করেছে। মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। পুলিশ দিয়ে হয়রানি করছে। কারণ, দুর্নীতির জালে ওরা এবার আটকে গেছে।’

উল্লেখ্য, ২০০৭ সালের ৭ জানুয়ারি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভূমি রক্ষায় আন্দোলনকারীদের ওপর গুলি চালনোর অভিযোগ উঠে তৎকালীন শাসক জোট বামফ্রন্টের বিরুদ্ধে। গুলিতে প্রাণ হারান তিন জন। সেই দিনটিকে স্মরণ করতে প্রতি বছর ৭ জানুয়ারি নন্দীগ্রামে পালিত হয় শহীদ দিবস, যা নন্দীগ্রাম দিবস নামেও পরিচিত।