পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের ভোট গণনার শুরুতে সহিংসতা, এগিয়ে তৃণমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে ৮ জুলাই অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে বাকুড়ার একটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি
ছবি: এএনআই

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। ব্যালট পেপারে ভোট হওয়ায় গণনা এগোতে সময় লাগছে।
এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে, তা প্রধানত এসেছে সেসব কেন্দ্র থেকে, যেখানে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। ফলে মোটামুটি সেসব কেন্দ্রের প্রায় প্রতিটিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

যেমন একেবারেই নিচের স্তরে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পর্যায়ে ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে বা এগিয়ে রয়েছে প্রায় আট হাজার আসনে। অন্যদিকে সিপিআইএম (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্ক্সিস্ট) জয় পেয়েছে বা এগিয়ে রয়েছে মাত্র চারটিতে, বিজেপি দুটিতে, কংগ্রেস ও সংখ্যালঘু প্রধান দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) কোনো আসনেই জেতেনি।

পঞ্চায়েত সমিতি পর্যায়ে ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে বা জয়ী হয়েছে এক হাজার আসনে। বিরোধীরা কিছুই পায়নি। সর্বোচ্চ জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে বা এগিয়ে রয়েছে ১৬টিতে। এই স্তরেও বিরোধীরা শূন্য।

ব্যালট পেপার গণনা মাত্র শুরু হয়েছে। সুতরাং নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না তৃণমূল শেষ পর্যন্ত এতটা প্রাধান্য ধরে রেখে পঞ্চায়েত নির্বাচন জিততে পারবে কিনা। চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে অনেক সময় লাগবে।

তবে এরই মধ্যে নানা জায়গা থেকে সংঘর্ষের খবর আসতে শুরু করেছে। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বড় রকমের সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে দুপক্ষই পরস্পরের ওপর বোমা ছুড়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে সেখানে বিশেষ বাহিনী পাঠানো হয়েছে। হুগলির জাঙ্গিপাড়ায় সিপিআইএম ও আইএসএফের নেতা–কর্মীদের ওপর হামলা চালিয়েছেন তৃণমূল সমর্থকেরা। এমনটাই অভিযোগ করেছেন আইএসএফের কর্মীরা। তাঁরা বলছেন, সেখানে সকাল থেকেই বিরোধীদের মারধর করা হচ্ছে। ওই জেলারই কিছু গণনা কেন্দ্র থেকে বিজেপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। নদীয়া জেলার আমডাঙায় অপহরণ করা হয়েছে সিপিআইএম দলের প্রার্থীকে।

অভিযোগ পাওয়া গেছে, বীরভূমের নানুরে সিপিআইএম কর্মীদের গণনা কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। প্রতিবাদে সেখানে রাস্তা অবরোধ করছেন সিপিআইএমের কর্মী–সমর্থকেরা।

দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গরে নির্বাচনের আগে বেশ সহিংসতার ঘটনা ঘটেছিল। সে কারণে আজ সকালেই সেখানে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার এলাকায় তিনি সারা দিন ঘুরবেন বলে জানানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার অঞ্চলে বেশ বোমাবাজি হয়েছে। ফলে রাজ্যপাল সেখানেও যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেস বিরোধীদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে। একই ঘটনা ঘটেছে আরও একাধিক জায়গায়।

ফলে শুধু ব্যালট পেপারের কারণেই নয়, গণনা কেন্দ্রের ভেতরে–বাইরে সংঘাত–সহিংসতার জেরেও গণনা ব্যাহত হচ্ছে। ফলে চূড়ান্ত ফল প্রকাশ হতে আজ রাত গড়িয়ে ভোর হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পশ্চিমবঙ্গে ৮ জুলাই মোট ৭০ হাজারের বেশি আসনে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। এটি রাজ্যের দশম পঞ্চায়েত নির্বাচন।