বছরের পর বছর যৌন হয়রানি, আবার বিক্ষোভে ভারতের রেসলাররা
ভারতের দিল্লিতে আবার বিক্ষোভ শুরু করেছেন দেশটির রেসলাররা। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ধরে নারী রেসলারদের যৌন হয়রানি করেছেন ভারতের রেসলিং ফেডারেশনের (ডব্লিউএফআই) প্রধান ও অন্যান্য কর্মকর্তারা। বিক্ষোভে ডব্লিউএফআইয়ের প্রধান ব্রিজ ভুশন সিংয়ের গ্রেপ্তার দাবি করা হয়েছে।
এর আগে গত জানুয়ারিতেও একই অভিযোগ তুলে বিক্ষোভে নামেন ভারতের রেসলাররা। যদিও ডব্লিউএফআইয়ের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো উড়িয়ে দেন ব্রিজ ভুশন সিংও। সে সময় এ–সংক্রান্ত খবরাখবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছিল।
যৌন হয়রানির অভিযোগ নিয়ে বিক্ষোভের মুখে জানুয়ারিতে ডব্লিউএফআই–প্রধানকে কয়েক সপ্তাহের জন্য নিজ পদ ছেড়ে দিতে বলে ভারত সরকার। রেসলিং ফেডারেশনের কাজকর্ম দেখভালের জন্য গঠন করা হয় একটি প্যানেল। বর্তমানে ব্রিজ সিং ডব্লিউএফআইয়ে কোনো পদে আছেন কি না, তা পরিষ্কার নয়। তবে ডব্লিউএফআইয়ের ওয়েবসাইট এখনো তাঁকে প্রেসিডেন্ট হিসেবেই দেখাচ্ছে।
রেসলিং ফেডারেশনের প্রধান ব্রিজ সিং ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনীতির সঙ্গেও জড়িত। তাঁর বিরুদ্ধে রেসলারদের অভিযোগ আনার পর আলাদা তদন্ত শুরু করে ইন্ডিয়ান অলিম্পিক কমিটিও। চলতি এপ্রিলেই ওই তদন্তের প্রতিবেদন জমা দিয়েছে তারা। তবে তা এখনো প্রকাশ করা হয়নি।
রেসলাররা নতুন করে বিক্ষোভ শুরু করেন গতকাল রোববার। সেখানে ব্রিজ সিংয়ের গ্রেপ্তার দাবি করে বলা হয়, তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে সাতজন নারী রেসলার পুলিশের কাছে অভিযোগ করেছেন। বিক্ষোভে তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিও করা হয়।
গতকাল রাতে বিক্ষোভ চলাকালে টুইটারে একটি পোস্ট করেন বিনেশ ফোগাট নামের একজন বিক্ষোভকারী। ছবিতে বিক্ষোভকারীদের খোলা আকাশের নিচে ঘুমাতে দেখা যায়। টুইটে দুবার বিশ্ব চ্যাম্পিয়ন মেডেল জেতা এই রেসলার লেখেন, ‘রেসলিংয়ের মঞ্চ থেকে ফুটপাত! ন্যায়বিচারের আশায় খোলা আকাশের নিচে।’
বিনেশ ফোগাট জানুয়ারিতে অভিযোগ করেছিলেন, তাঁর কাছে অন্তত ১০ নারী রেসলার স্বীকার করেছেন যে তাঁরা ব্রিজ সিংয়ের কাছে যৌন হয়রানির শিকার হয়েছেন। তিনি ডব্লিউএফআইয়ের প্রধানের পদ থেকে সরে না যাওয়া পর্যন্ত তাঁরা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবেন না।