জম্মু–কাশ্মীর কবে রাজ্যের মর্যাদা পাবে জানতে চাইলেন সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট
ছবি: এএনআই

ভারতের জম্মু–কাশ্মীর কবে রাজ্যের মর্যাদা ফিরে পাবে, জানতে চেয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার ৩৭০ অনুচ্ছেদ খারিজ–সংক্রান্ত মামলার শুনানি চলাকালে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ এই বিষয়ে কেন্দ্রকে নির্দিষ্ট সময়সীমা জানাতে বলেন। এ সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বেঞ্চকে জানান, আগামী বৃহস্পতিবার তিনি সরকারি মনোভাব জানাবেন।

২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ খারিজ করা হয়েছিল। সেই দিন জম্মু–কাশ্মীর দ্বিখণ্ডিতও করা হয়। রাজ্য ভেঙে গড়া হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। সেই সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আনা একগুচ্ছ মামলার টানা শুনানি চলছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সেই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন সঞ্জয় কিষান কল, সঞ্জীব খান্না, বি আর গাভাই ও সূর্য কান্ত।

আরও পড়ুন

মঙ্গলবার বেঞ্চ কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চান, কত দিনের মধ্যে জম্মু–কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে, কবেই–বা সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করা হবে, তা নির্দিষ্টভাবে জানাতে। কোনো পূর্ণ রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চল করা যায় কি না, সুপ্রিম কোর্ট তা–ও জানতে চান।

কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল (এসজি) তুষার মেহতা এজলাসে বলেন, সংসদে রাজ্য পুনর্গঠন বিল পেশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, এই ব্যবস্থা সাময়িক। রাজ্যের মর্যাদা শিগগিরই ফিরিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, জম্মু–কাশ্মীরকে পাকাপাকিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়নি। এটা একটা অস্থায়ী ও সাময়িক বন্দোবস্ত।

আরও পড়ুন

এই বক্তব্যের পাল্টা প্রধান বিচারপতি জানতে চান, সেটা কত অস্থায়ী? কবে ওখানে (জম্মু-কাশ্মীর) ভোট করানো হবে? এসজির উদ্দেশে প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হলেও কবে রাজ্যের মর্যাদা ফেরানো হবে সে বিষয়টি নির্দিষ্টভাবে জানানো প্রয়োজন। কোনো সময়সীমা দিতে পারেন কি?

তুষার মেহতা বলেন, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে কথা বলে জানাবেন। পরে শুনানি চলাকালে তিনি সুপ্রিম কোর্টকে জানান, আগামী বৃহস্পতিবার এই বিষয়ে স্পষ্ট ধারণা দেবেন। তিনি বলেন, জম্মু–কাশ্মীর রাজ্যের মর্যাদা পাবে তবে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলই থাকবে।

আরও পড়ুন

আজ মঙ্গলবার ছিল এই মামলার দ্বাদশ শুনানি। টানা শুনানি শেষে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতা নিয়ে রায় দেবেন। আজ শুনানির সময় রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা যায় কি না, সেই বিষয়ও বিবেচিত হয়।

শুনানির সময় কেন্দ্রের পক্ষে বলা হয়, জম্মু–কাশ্মীর সীমান্ত এলাকা। এর চরিত্রও আলাদা। সেই কারণে সাময়িকভাবে তাকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানতে চান, সংবিধান অনুযায়ী তা পারা যায় কি না। একটি রাজ্য ভেঙে দুটি রাজ্য করা যায়। রাজ্যের কোনো অংশকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা যায়। কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্যের মর্যাদা দেওয়া যায়। কিন্তু পূর্ণাঙ্গ রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা যায় কি?

বিষয়টি উত্থাপন করা হলে এসজি জম্মু–কাশ্মীরে সন্ত্রাসবাদের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। দেশের নিরাপত্তার স্বার্থের প্রসঙ্গ টানেন। এ সময় বিচারপতি সঞ্জয় কিষান কল এক সময়ের সন্ত্রাসকবলিত পাঞ্জাব ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, ওগুলোও সীমান্তবর্তী রাজ্য। তবে কেন জম্মু–কাশ্মীর আলাদা?

আরও পড়ুন