ভারতে রেলস্টেশনে হুড়োহুড়িতে কুম্ভমেলার যাত্রীসহ ১৮ জনের মৃত্যু

প্রতিদিন এভাবেই বহু মানুষ কুম্ভমেলায় যোগ দিতে আসেন। ১৪ ফেব্রুয়ারি ২০২৪ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রধান রেলস্টেশনে গতকাল শনিবার রাতে প্রচণ্ড ভিড়ের মধ্যে ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি করতে গিয়ে অন্তত ১৮ জন মারা গেছেন।

দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি সিং আজ রোববার ভোরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি একে পদপিষ্টের ঘটনা বলে বর্ণনা করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার রাত আটটার দিকে দিল্লি রেলস্টেশনের দুটি প্ল্যাটফর্মে ওই ঘটনা ঘটে।

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) কুম্ভমেলা চলছে। ওই মেলায় যাওয়ার জন্য গতকাল বহু মানুষ দিল্লির রেলস্টেশনটিতে জড়ো হয়েছিলেন। ট্রেন আসার পর লোকজন হুড়োহুড়ি করে ট্রেনে ওঠার চেষ্টা করলে হতাহতের ওই ঘটনা ঘটে।

দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, হতাহত ব্যক্তিদের বেশির ভাগই হিন্দু পুণ্যার্থী। তাঁরা মহাকুম্ভে যোগ দিতে যাচ্ছিলেন।

১২ বছর পরপর ভারতের প্রয়াগরাজে কুম্ভমেলার আয়োজন করা হয়। কোটি কোটি মানুষ ওই মেলায় আসেন।

ভিড়ের চাপে সেখানে মাঝেমধ্যে হতাহতের ঘটনা ঘটে। যেমন গত মাসে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সংগমস্থলে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জন মারা যান।

গতকাল রাতে হুড়োহুড়ির ঘটনার পর হতাহত ব্যক্তিদের বেশ কয়েকজনকে দিল্লির লোকনায়ক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটির উপাধ্যক্ষ ডা. ঋতু সাক্সেনা এএফপিকে বলেছেন, ‘আমি এই হাসপাতালে ১৫ জনের মৃত্যুর হওয়ার খবর নিশ্চিত করছি। তাঁদের কারও শরীরে আপাতদৃষ্টে কোনো ক্ষতচিহ্ন দেখা যায়নি। বেশির ভাগই খুব সম্ভবত অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে অথবা ভোঁতা কোনো কিছুর আঘাতে প্রাণ হারিয়েছেন। ময়নাতদন্তের পর তাঁদের মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে।’

আরও পড়ুন

হাসপাতালটিতে আহত আরও ১১ জন চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন এই চিকিৎসা কর্মকর্তা। তিনি বলেন, ‘আহত ব্যক্তিদের বেশির ভাগের অবস্থাই স্থিতিশীল। তাঁরা হাড়ে আঘাত পেয়েছেন।’

স্থানীয় অন্য একটি হাসপাতালে আরও তিনজন মারা গেছেন বলে খবর প্রকাশ করেছে এনডিটিভি। এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি এ খবর দিয়েছে বলে এএফপি জানিয়েছে।

এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে এক পোস্টে মোদি লেখেন, ‘যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের সবার প্রতি আমার সমবেদনা রইল। আমি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় কমিয়ে আনতে দিল্লি থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন

গত মাস থেকে কুম্ভমেলা শুরু হয়েছে। ছয় সপ্তাহ ধরে এই মেলা চলে। কুম্ভমেলা শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এরই মধ্যে ৫০ কোটি মানুষ এই মেলায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।

১৯৫৪ সালে কুম্ভমেলায় এক দিনে চার শতাধিক মানুষ পদপিষ্ট হয়ে অথবা ডুবে মারা গিয়েছিলেন।