ভারতে মহাকুম্ভ শুরু, পুণ্যস্নানে আসছেন পুণ্যার্থীরা

গঙ্গা–যমুনা–সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করছেন পুর্ণার্থীরা। আজ ১৩ জানুয়ারি, উত্তর প্রদেশের প্রয়াগরাজছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (পুরোনো এলাহাবাদ) গঙ্গা, যমুনা ও অন্তঃসলিলা সরস্বতীর সঙ্গমস্থলে আজ সোমবার সকালে শুরু হয়েছে মহাকুম্ভের পুণ্যস্নান। পৌষপূর্ণিমা (১৩ জানুয়ারি) ও মকরসংক্রান্তির (১৪ জানুয়ারি) দিন অন্তত তিন কোটি মানুষ প্রয়াগরাজের সঙ্গমে অবগাহন করবেন। প্রথম দিনে আরও অনেকের সঙ্গে স্নান করেছেন অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস, হিন্দুধর্মীয় গুরুর কাছে দীক্ষিত হয়ে যাঁর নামকরণ হয়েছে ‘কমলা’।

মহাকুম্ভ উপলক্ষে গত শনিবার লরেন পাওয়েল ভারতে এসেছেন এবং প্রয়াগে সঙ্গমতীরে নিরঞ্জনী আখড়ার তাঁবুতে বাস করছেন। তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে এসেছেন আরও ৪০ পুণ্যার্থী। যুক্তরাষ্ট্র ছাড়াও রাশিয়া, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বহু দেশের মানুষ আজ সঙ্গমে অবগাহন করেন।

নিরঞ্জনী আখড়ার ধর্মগুরু স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজ গণমাধ্যমকে জানান, লরেন পাওয়েলের ‘কমলা’ নাম তিনিই দিয়েছিলেন। কমলা শনিবার থেকে তাঁদেরই আখড়ায় বসবাস করছেন। তাঁর পরনে গেরুয়া সালোয়ার–কামিজ। গলায় রুদ্রাক্ষের মালা। প্রয়াগে আসার পর থেকে তিনি যাবতীয় ধর্মীয় প্রথা পালন করছেন। কাশীর বিশ্বনাথ মন্দিরও তিনি দর্শন করেছেন। আগামী বুধ–বৃহস্পতিবার তিনি দেশে ফিরে যাবেন। ২০ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

পৌষপূর্ণিমার পুণ্যলগ্নে শুরু হয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মহাকুম্ভ; প্রতি ১২ বছর অন্তর প্রয়াগে যা অনুষ্ঠিত হয়। শেষবার যখন প্রয়াগে পূর্ণকুম্ভ হয়েছিল, তখন বিজেপি এই রাজ্যে ক্ষমতায় ছিল না। এই প্রথমবার পূর্ণকুম্ভের সময় কেন্দ্র ও রাজ্য—দুই ক্ষেত্রেই বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার। কুম্ভমেলাকে ঘিরে হিন্দুত্ববাদের প্রসারে তাই হিন্দুত্ববাদী বিজেপি চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি।

ইতিমধ্যেই প্রচার করা হচ্ছে, অন্তত ৪০ কোটি পুণ্যার্থী মহাকুম্ভে সঙ্গমে অবগাহন করবেন। হিন্দুশাস্ত্রমতে, এই পুণ্যতিথিতে সঙ্গমে স্নান করলে সব পাপ ধুয়ে পুণ্যলাভ হয়।

মহাকুম্ভ উপলক্ষে স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল ভারতে এসেছেন। প্রয়াগে সঙ্গমতীরে নিরঞ্জনী আখড়ার তাঁবুতে বাস করছেন। ১২ জানুয়ারি, উত্তর প্রদেশের প্রয়াগরাজ

মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজের সঙ্গমস্থলকে উত্তর প্রদেশ সরকার ‘মহাকুম্ভ জেলা’ বলে ঘোষণা করেছে। চার হাজার হেক্টর জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে এক অস্থায়ী নগরী। কেন্দ্র ও রাজ্য সরকার এ উপলক্ষে খরচ করছে আনুমানিক ১৬ হাজার কোটি রুপি। সেই অর্থে তৈরি করা হয়েছে আধুনিক সুবিধা থাকা দেড় লাখ তাঁবু। পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। সে জন্য নিয়োগ করা হয়েছে ১৫ হাজার পরিচ্ছন্নতাকর্মী। প্রতি ১০০ হাত দূরে দূরে রাখা হয়েছে ময়লা ফেলার পাত্র।

মানুষের প্রয়োজনে যা কিছু দরকার—যেমন হাসপাতাল, ওষুধের দোকান, খাবার দোকান, পুরুষ ও নারীদের জন্য পৃথক দেড় লাখ শৌচালয়, স্নানের ঘাট, নিরাপত্তারক্ষী—সব বন্দোবস্ত রাখা হয়েছে। স্নানের এলাকা ঘিরে ফেলা হয়েছে, যাতে সেই ঘেরা এলাকার বাইরে কেউ যেতে না পারে। ঘেরাটোপের বাইরে রাখা হয়েছে ওয়াটার স্কুটারসহ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি ও উদ্ধারকর্মীদের, কেউ ডুবে গেলে বা ভেসে গেলে যাতে দ্রুত উদ্ধার করা যায়।

নিরাপত্তা তদারকিতে আকাশে ও জলের নিচে ব্যবহৃত হচ্ছে ড্রোন। বসানো হয়েছে মোবাইল টাওয়ার ও সাড়ে চার লাখ বিদ্যুতের খুঁটি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা যাতে সহজে প্রয়াগে আসা–যাওয়া করতে পারেন, সে জন্য ১৬ হাজার বিশেষ ট্রেন চালু করা হয়েছে। সবার ওপর নজর রাখতে বসানো হয়েছে পৌনে তিন হাজার সিসিটিভি ক্যামেরা। দেড় মাস নির্বিঘ্নে যাতে কাটে, সে দায়িত্বে মোতায়েন করা হয়েছে ৪০ হাজার পুলিশ সদস্য ও আধা সামরিক বাহিনীর জওয়ান। এককথায়, এ এক রাজসূয় যজ্ঞ।

গণমাধ্যম আইএএনএস জানিয়েছে, অর্থনৈতিক বিশেষজ্ঞেরা মনে করছেন, ৪০ কোটি পুণ্যার্থী গড়ে ৫ হাজার রুপি করে খরচ করলে এই ৪৫ দিনে অন্তত ২ লাখ কোটি রুপির বাণিজ্য ও লেনদেন হবে।