এবার কলকাতার মোবাইল গেমিং ব্যবসায়ী আমির খানের ১৪ কোটি টাকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ সেপ্টেম্বর কলকাতায় আমির খানের বাসভবন ও অফিস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি
ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার মোবাইল গেমিং ব্যবসায়ী আমির খানের ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট অপরিচালনযোগ্য (ফ্রিজ) করেছে পুলিশ। সেখানে ১৪ কোটি ৫৩ লাখ টাকা রয়েছে। এর আগে ১০ সেপ্টেম্বর আমির খানের বাসা ও অফিস থেকে ১৭ কোটি ৩২ লাখ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দীর্ঘদিন পলাতক থাকার পর ২৫ সেপ্টেম্বর উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে আমির খানকে গ্রেপ্তার করে পুলিশ।

গত জুন মাসে আমির খানের বিরুদ্ধে কলকাতার পার্ক স্ট্রিট থানায় প্রতারণার মামলা করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, দলবল নিয়ে ‘ই-নাগেটস’ নামের একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করছেন তিনি। সেই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছিল ইডি। তদন্তে উঠে আসে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য।

সেই তথ্যের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর কলকাতায় আমির খানের গার্ডেন রিচের বাসভবনে অভিযান চালায় ইডি। সেখানে দোতলার একটি ঘরে খাটের নিচে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। পরে আমির খানের নিউটাউনের অফিসে তল্লাশি করেও প্রচুর টাকার সন্ধান মেলে। বিপুল পরিমাণ টাকা গুনতে ভারতের স্টেট ব্যাংক থেকে ৮টি টাকা গণনার যন্ত্র আনা হয়।

এরপর পুলিশ তদন্তে নেমে জানতে পারে, আমির খান মুম্বাইয়ের একটি অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা রেখেছেন। ওই অ্যাকাউন্ট থেকে টাকা ক্রিপ্টোকারেন্সিতে পরিবর্তন করেছেন তিনি। ওই টাকা মুম্বাইয়ের ওয়ালেটে জমা পড়ার পর সেই টাকা দিয়ে ক্রিপ্টোকারেন্সি কেনা হয়েছে। এরপরেই সেই কারেন্সি সরানো হয় চীনের একটি ওয়ালেটে। গোয়েন্দারা তদন্ত করে জানতে পেরেছেন, চীনে পাঠানো সেই অর্থের পরিমাণ ভারতীয় মুদ্রায় ১৪ কোটি ৫৩ লাখ টাকা।