পশ্চিমবঙ্গের আরেক মন্ত্রীর বাসায় সিবিআইয়ের তল্লাশি

পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটকের লেক গার্ডেনসের বাসায় আজ তল্লাশি চালায় সিবিআইছবি: ভাস্কর মুখার্জি

চাঞ্চল্যকর কয়লা পাচার–কাণ্ডে জড়িত থাকার সন্দেহে পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটকের ছয়টি বাসায় তল্লাশি চালিয়েছেন ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) গোয়েন্দারা। আজ বুধবার এসব অভিযান চলে। ছয়টি বাড়ির মধ্যে তিনটি বর্ধমানের আসানসোলে এবং তিনটি কলকাতার লেক গার্ডেনসে। সিবিআই কলকাতার রাজভবনের পাশে থাকা মন্ত্রী মলয় ঘটকের সরকারি বাসভবনেও আজ তল্লাশি চালায়।

সিবিআই সূত্রে বলা হয়েছে, ওই সব বাড়ি থেকে কিছু নথি পাওয়া গেছে। এর আগে সিবিআইয়ের কাছে অভিযোগ আসে, গরু পাচার–কাণ্ডের অর্থ রাজ্যের বেশ কয়েকজন নেতা–মন্ত্রীর কাছেও গেছে। সেখানে উঠে আসে মলয় ঘটকের নামও।

এর আগে পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। পার্থ এখন কারাগারে। আর গরু পাচার–কাণ্ডে জড়িয়ে বীরভূমের তৃণমূলের প্রভবশালী নেতা অনুব্রত মণ্ডল এখনো সিবিআইয়ের হেফাজতে কলকাতার কারাগারে রয়েছেন। আজ ছিল অনুব্রত মণ্ডলের মামলার তারিখ। আজ তাঁর পক্ষে আইনজীবীরা আসানসোলের সিবিআইয়ের আদালতে জামিনের আবেদন জানালেও আদালত অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে তাঁকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবার ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেছেন, অনুব্রতকে জামিন দিলে এই মামলার তদন্তকাজ ব্যাহত হবে। অনুব্রত সাক্ষীদের প্রভাবিত করবেন।

এদিকে আজ কলকাতায় তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীরা পথে নেমে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডির বিরুদ্ধে মিছিল করেছেন। কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে তৃণমূলের সমর্থকেরা সিবিআই ও ইডির কর্মকর্তা সেজে এই মিছিল করেছেন। মিছিল শেষ হয় কলকাতার মহাত্মা গান্ধী রোডের সংযোগস্থলে। তৃণমূলের নেতা-কর্মীরা অভিযোগ করেন, সিবিআই ও ইডির তদন্তের নামে তাঁদের হেনস্থা করা হচ্ছে।

অন্যদিকে আজ বামপন্থী দল সিপিএমও পাল্টা মিছিল করেছে দুবরাজপুরে। ধ্বনি তুলেছে, ‘চোর ধরো, জেল ভরো।’