গুজরাটে আঘাত হানা ঘূর্ণিঝড় বিপর্যয় এখন গভীর নিম্নচাপ, শঙ্কামুক্ত পাকিস্তান
ভারতের গুজরাট রাজ্যের উপকূলীয় এলাকাগুলোয় আঘাত হানার পর ঘূর্ণিঝড় বিপর্যয় দুর্বল হয়ে ‘গভীর নিম্নচাপ’-এ পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ১২ ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে ‘নিম্নচাপ’-এ পরিণত হতে পারে।
আজ শনিবার ভারতের আবহাওয়া দপ্তরের এক টুইটার পোস্টে বলা হয়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘূর্ণিঝড় বিপর্যয় দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন রাজস্থানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলসংলগ্ন দক্ষিণ-পূর্ব পাকিস্তান এবং ধোলাভিরা থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে কুচ অঞ্চলের কাছে অবস্থান করছে।
কয়েক দিন আরব সাগরে অবস্থানের পর ঘূর্ণিঝড় বিপর্যয় গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের জাখু বন্দরসংলগ্ন উপকূলীয় এলাকায় আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৪০ কিলোমিটার।
ঘূর্ণিঝড়ে কুচ জেলার ভুজ এলাকায় বেশ কয়েকটি গাছ উপড়ে পড়েছে। ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা এলাকাটিতে ঘূর্ণিঝড়পরবর্তী ধ্বংসাবশেষ সরানোর কাজ করেছেন।
ঝোড়ো বাতাসের কারণে গুজরাটের জামনগর জেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। ইতিমধ্যে জামনগরের ৩৬৭ গ্রামে বিদ্যুৎ–সংযোগ সচল হয়েছে।
এনডিআরএফের মহাপরিচালক অতুল কারওয়াল বলেছেন, গুজরাটে ঘূর্ণিঝড়–বিপর্যয়ের পর কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গান্ধীনগরে জরুরি ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ডিস্ট্রিক্ট কালেক্টরদের দুর্গত এলাকাগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন।
এদিকে বিপর্যয় দুর্বল হয়ে পড়ায় পাকিস্তান উপকূল এখন বিপদমুক্ত। গতকাল করাচি কর্তৃপক্ষ সাগরে নৌ চলাচল, মাছ ধরা, সাঁতার ও গোসল করার ওপর দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ১১ জুন থেকে এ নিষেধাজ্ঞা জারি ছিল।
এক বিজ্ঞপ্তিতে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির কথা জানিয়ে করাচি ডিভিশনের প্রশাসনিক কর্মকর্তা ইকবাল মেমন এসব বিধিনিষেধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
আলাদা এক বিজ্ঞপ্তিতে মেমন আরও বলেছেন, ১৭ জুন থেকে পরীক্ষা ও অন্য শিক্ষামূলক কার্যক্রমগুলো আবারও শুরু হবে।