উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে অভুক্ত থাকা সেই নারীকে দেশে ফেরাতে চায় ভারত
উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছিলেন এক ভারতীয় নারী। এবার সেই নারীকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে শিকাগোর ভারতীয় কনস্যুলেট। গতকাল শনিবার তারা বলেছে, সৈয়দা লুলু মিনহাজ জাইদিকে চিকিৎসা ও দেশে ফেরানোসহ সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
সৈয়দা লুলু মিনহাজ জাইদির বাড়ি ভারতের হায়দরাবাদে। সেখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। উচ্চশিক্ষার জন্য ২০২১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু দুই মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুদিন আগে শিকাগোর একটি রাস্তায় অভুক্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে।
এমন দৃশ্যের ভিডিও টুইটারে পোস্ট করেন এক ব্যক্তি। ভিডিওটি চোখে পড়ার পর লুলু মিনহাজকে দেশে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান তাঁর মা। সহযোগিতা চেয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠিও লেখেন তিনি।
গতকাল ভারতীয় কনস্যুলেটের পক্ষ থেকে দেওয়া এক টুইটার পোস্টে বলা হয়, ‘সৈয়দা জাইদির সঙ্গে যোগাযোগ করতে পেরে আমরা আনন্দ বোধ করছি। তাঁকে চিকিৎসা দেওয়া এবং ভারতে ফেরানোসহ প্রয়োজনীয় সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন এবং ভারতে তাঁর মায়ের সঙ্গে কথা বলেছেন। তাঁকে ভারতে ফেরানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, সে সম্পর্কে তিনি এখনো কিছু জানাননি। তাঁকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।’
লুলু মিনহাজের দুর্দশার ভিডিওটি করেছিলেন আমজাদ উল্লাহ খান নামের এক ব্যক্তি। তিনি ভারতের তেলেঙ্গানার রাজনৈতিক দল মজলিস বাঁচাও তেহরিকের মুখপাত্র। ভিডিওতে দেখা যায়, রাস্তার এক কোণে এক নারী বসে আছেন। আশপাশে আরও কয়েকজন বসা। জিজ্ঞেস করলে প্রথমে নিজের নাম মনে করতে পারেননি। একপর্যায়ে তাঁর এ অবস্থা কেন জানতে চাইলে বলেন, চিকিৎসা নিতে একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁর শরীর থেকে রক্তের নমুনা নেওয়া হয়। এরপরেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।
মেয়ের এমন অবস্থা দেখে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেন লুলু মিনহাজের মা সৈয়দা ওয়াহাজ ফাতিমা। জয়শঙ্করের কাছে পাঠানো চিঠিতে সৈয়দা ওয়াহাজ ফাতিমা লিখেছেন, তাঁর মেয়ে সৈয়দা লুলু মিনহাজ জাইদি বিষণ্নতায় ভুগছিলেন। প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যাওয়ায় তাঁকে অভুক্ত থাকতে হয়েছে।
তিনি আরও লিখেছেন, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ডেট্রয়টের ট্রিনি ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর করতে যান সৈয়দা লুলু মিনহাজ জাইদি। এর পর থেকে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। কিন্তু দুই মাস ধরে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি হায়দরাবাদের দুজন তরুণের মাধ্যমে তাঁরা জানতে পারেন জাইদি বিষণ্নতায় ভুগছেন। তাঁর সবকিছু চুরি হয়ে যাওয়ায় তাঁকে না খেয়েও থাকতে হয়েছে। তাঁকে যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি রাস্তায় দেখা গেছে।