এবার ছলেবলে লোকসভার আসন বৃদ্ধিতে বিজেপি মরিয়া
সাত মাস আগে যা সম্ভব হয়নি, এবার তা করে ফেলতে নরেন্দ্র মোদির সরকার মরিয়া। সংসদের বিশেষ অধিবেশন বসছে আগামী সোমবার। চার দিনের মধ্যেই সরকার দুই কক্ষে লোকসভা ও বিধানসভার আসন বৃদ্ধি এবং সে জন্য নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস–সংক্রান্ত সংবিধান সংশোধন বিল পাস করাতে বদ্ধপরিকর। সোম ও মঙ্গলবার সেই বিল পেশ হবে লোকসভায়, পরের দুদিন রাজ্যসভায়। এই কারণে বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পরও টানা ১০৯ দিন সংসদ জিইয়ে রাখা হয়েছে।
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার বর্তমান আসনসংখ্যা ৫৪৩। রাজ্যে রাজ্যে জনসংখ্যার ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা নির্ধারণ করা হয়। শেষবার সেই আসন পুনর্বিন্যাস হয়েছিল ৫০ বছর আগে। এবার বিল পাস হলে লোকসভার আসন বেড়ে হবে ৮৫০। ওই বর্ধিত আসনের এক–তৃতীয়াংশ সংরক্ষিত হবে নারীদের জন্য। ২০২৯ সালের লোকসভা ভোট থেকেই সরকার তা কার্যকর করতে চাইছে।
সাত মাস আগে গত এপ্রিলে ওই বিল দুটি সরকার পাস করাতে পারেনি। সংবিধান সংশোধন বিল পাস করাতে দুই–তৃতীয়াংশ সদস্যের সম্মতি প্রয়োজন। সেই সময় বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রতিরোধের কারণে বিল দুটি পরাস্ত হয়। এবার বিরোধীদের মধ্যে ভাঙন ধরিয়ে বিজেপি সাত মাস আগের ব্যর্থতাকে সাফল্যে পরিণত করতে কোমর কষে নেমেছে।
এই সাত মাসে রাজনীতির পটচিত্রও বদলে গেছে। গত মে মাসে তামিলনাড়ুতে হেরে যায় ডিএমকে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস। তামিলনাড়ুতে সরকার গড়ে নতুন দল টিভিকে। মুখ্যমন্ত্রী হন যোসেফ বিজয়। বিজেপিকে রুখতে কংগ্রেস, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ ও বামপন্থীরা সেই সরকারকে সমর্থন করে। তাতে ক্ষিপ্ত হন ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। তিনি ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসেন।
পশ্চিমবঙ্গে পরাজিত তৃণমূল কংগ্রেসের পরিষদীয় ও সংসদীয় দলে ভাঙন ধরায় বিজেপি। লোকসভার ২০ জন সদস্য যোগ দেন অখ্যাত এনসিপিআই দলে। ডিএমকের ২২ ও দলত্যাগী ২০ জন তৃণমূল সংসদ সদস্যের সমর্থন মোটামুটি নিশ্চিত করার পর বিজেপি নজর দেয় মহারাষ্ট্রের স্ট্রং ম্যান শারদ পাওয়ারের এনসিপির দিকে। গত শুক্রবার এনসিপি বুঝিয়ে দেয়, ওই বিল তারা সমর্থন করবে। এনসিপির লোকসভা সদস্যসংখ্যা ৮।
শুধু বিল সমর্থনই নয়, এনসিপি ‘ইন্ডিয়া’ জোট ছেড়ে কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এবং মহারাষ্ট্রে বিজেপি–এনসিপি (অজিত)–শিবসেনার জোট সরকারেও শামিল হতে পারে। জোর জল্পনা, শরদ–কন্যা সুপ্রিয়া সুলেকে কেন্দ্রে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য সরকারে যোগ দিলে এনসিপি দুজন পূর্ণ মন্ত্রী পেতে পারে বলে শোনা যাচ্ছে।
সাত মাস আগে আনা ওই বিলে সব রাজ্যের আসন ৫০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব লিখিত আকারে দেওয়া ছিল না। স্ট্যালিন সেই বিলের বিরোধিতা করেছিলেন, যেহেতু জনসংখ্যার নিরিখে আসন বৃদ্ধি করা হলে দক্ষিণি রাজ্যগুলোর প্রতিনিধিত্ব উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলোর তুলনায় কমে যেত।
স্ট্যালিনের উদ্যোগে সে সময় ওই বিলের বিরোধিতা করতে বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্মেলন ডাকা হয়েছিল। লোকসভার আসন আগামী ৩০ বছর অপরিবর্তিত রাখার প্রস্তাবও গ্রহণ করা হয়। বিধানসভায়ও সেই প্রস্তাব পাস করানো হয়েছিল। কিন্তু এবার স্ট্যালিন তাঁর ভূমিকা বদলেছেন। তাঁর বক্তব্য, লোকসভায় রাজ্যের অংশীদারত্ব ৭ দশমিক ১৮ শতাংশ অপরিবর্তিত থাকছে। ৫০ শতাংশ আসন বৃদ্ধির কথাও লিখিতভাবে রাখা হচ্ছে। একই সঙ্গে বলা হয়েছে, আগামী ২৫ বছর এই বৃদ্ধি অপরিবর্তিত থাকবে।
বিধানসভা নির্বাচনে হার ও তৃতীয় শক্তি হিসেবে রাজ্যে টিভিকের উত্থানের ফলে ঘরোয়া রাজনীতিতে কোণঠাসা স্ট্যালিন এখন বিজেপির দিকে ঝুঁকেছেন। এতে রাজনৈতিকভাবে তাঁর কতটা লাভ হবে, তা নিয়ে প্রশ্ন উঠলেও মনে করা হচ্ছে, এবার আর তাঁর দল বিলের বিরোধিতা করবে না। সরাসরি বিলের পক্ষে ভোট দিয়ে সমর্থন না করলেও ভোটদানে হাজির না থেকে তাঁরা বিজেপিকে সাহায্য করতে পারেন।
লোকসভার শেষবার আসন বৃদ্ধি হয়েছিল ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে। দেশে শেষবার জনগণনা হয়েছে ২০১১ সালে। কোভিডের কারণে ২০২১ সালে জনগণনা হতে পারেনি। ২০২৬ সাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। নারী আসন সংরক্ষণ বিল পাস হলেও তা কার্যকর হওয়ার কথা ছিল ২০২৯ সালের পরবর্তী ২০৩৪ সালের লোকসভা নির্বাচনের সময় থেকে। কিন্তু হিন্দি বলয়ে প্রভাব বিস্তারে সফল বিজেপি তত দিন অপেক্ষায় না থেকে ২০২৯ সালেই আসন বৃদ্ধি ও নারী সংরক্ষিত আসন চালু করে ক্ষমতা ধরে রাখতে আগ্রহী।
স্ট্যালিন ও শারদ পাওয়ারের ভূমিকা এবং তৃণমূল কংগ্রেসে ভাঙন বিজেপিকে যতটা উৎসাহী করেছে, ততটাই বিমর্ষ ইন্ডিয়া জোট।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল শুক্রবার দলীয় বৈঠকে বলেছেন, বিজেপির মূল লক্ষ্য মোটেই নারীদের জন্য এক–তৃতীয়াংশ আসন সংরক্ষণ নয়। তাদের লক্ষ্য নিজেদের সুবিধা অনুযায়ী লোকসভা ও বিধানসভার নির্বাচনী আসনগুলোর সীমানা পুনর্বিন্যাস করা, যাতে তারা আরও অনেক বছর ক্ষমতাসীন থাকতে পারে। আসন পুনর্বিন্যাসের সেই কাজে সক্রিয় ভূমিকা থাকবে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের।
রাহুল বলেন, সংসদে পর্যাপ্ত সংখ্যা থাকুক না–থাকুক, তাঁদের বিলের বিরোধিতার সিদ্ধান্তে নড়চড় হবে না। উদ্ধব ঠাকরের শিবসেনা জানিয়েছে, এই বিলের সমর্থকদের দেশবাসী বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করবে।
শারদ পাওয়ারের ভোলবদলও কংগ্রেস মোটেই মেনে নিতে পারছে না। দলের নেতারা মনে করিয়ে দিয়েছেন, নিজেদের স্বার্থ ত্যাগ করে তাঁরা গত মার্চ মাসে ৮৫ বছরের শারদ পাওয়ারকে রাজ্যসভার সদস্য করেছিলেন। বিধানসভায় মাত্র ১০ জন সদস্য থাকা সত্ত্বেও এনসিপি (এসপি) নেতা শারদকে রাজ্যসভার পাঠিয়ে কংগ্রেস তাঁকে সম্মান জানিয়েছিল। এটি তারই প্রতিদান।