কলকাতায় সন্দেহভাজন ২ আইএস জঙ্গি গ্রেপ্তারের দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিক ওরফে আবদুল মল্লিক ও সইদ আহমেদ

কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ গত শুক্রবার রাতে সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সন্দেহ করছে, এই দুজন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের সঙ্গে জড়িত থাকতে পারেন। দুজনেরই বাড়ি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। পুলিশ বেশ কিছুদিন ধরে তাঁদের ওপর নজর রাখছিল।

শুক্রবার সন্ধ্যায় দুজনে মোটরসাইকেলে করে হাওড়ার বিদ্যাসাগর সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় পুলিশের নজরে আসে। তখনই এসটিএফের সাদাপোশাকের পুলিশ তাঁদের পিছু নেয়। এই দুই সন্দেহভাজনকে নিয়ে মোটরসাইকেলটি বিদ্যাসাগর সেতু পার হয়ে হাওড়ার টিকিয়াপাড়ার আফতাব উদ্দিন মুন্সি লেনের একটি বাড়িতে ঢুকে যায়। পরে পুলিশ  বাড়ি তল্লাশি করে গ্রেপ্তার করে ওই দুই সন্দেহভাজনকে।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (এসটিএফ) ভি সলোমন নেসাকুমার সাংবাদিকদের বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিক ওরফে আবদুল মল্লিক (২৮) ও সইদ আহমেদ (৩০)। টিকিয়াপাড়ার যে বাড়ি থেকে এই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়, সেটি সাদ্দামদের বাড়ি। আর সইদের বাড়ি হাওড়ার শিবপুরের গোলাম হোসেন সরদার লেনে।  

পুলিশ বলেছে, সাদ্দাম কলকাতার একটি বিশ্ববিদ্যালয় থেকে এমটেক পাস করেছেন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য একাধিক ধারায় এই দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শনিবার কলকাতার নগর দায়রা আদালতে তাঁদের তোলা হলে আদালত দুজনকে ১২ দিন করে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সাদ্দামের বাবা রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী। তাঁরা এলাকার একটি পাঁচতারা আবাসনের তৃতীয় তলায় ছিলেন। এলাকাবাসী বলেছেন, তাঁরা বুঝতেই পারেননি সাদ্দাম জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকতে পারেন। এলাকায় সাদ্দাম ভালো মানুষ হিসেবেই পরিচিত। আর সইদ কম্পিউটার সায়েন্সে স্নাতক। তিনি পারিবারিক ব্যবসা দেখতেন।

পুলিশ তল্লাশি চালিয়ে এই দুই জঙ্গির হেফাজত থেকে উদ্ধার করেছে কয়েকটি ল্যাপটপ, মুঠোফোন, হার্ড ড্রাইভ, সিপিইউ, নোটবুক, ডায়েরি, ডেবিট কার্ড, একটি মোটরবাইকসহ বিভিন্ন কাগজপত্র, দলিল। এই দুজনকে জেরা করে পুলিশ আরও কয়েকজনের নাম পেয়েছে।