পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয়ের খরচ নিয়ে রাজ্যপাল-শিক্ষামন্ত্রীর দ্বন্দ্ব
পশ্চিমবঙ্গের সাবেক রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে শীতল সম্পর্ক গড়ে উঠেছিল রাজ্য সরকারের। সেই যুগ এখন অতীত। রাজ্যপাল জগদীপ ধনখড় ভারতের উপরাষ্ট্রপতি পদে আসীন হয়েছেন। রাজ্যে নতুন রাজ্যপাল হয়ে এসেছেন সিভি আনন্দ বোস। বাংলা ভাষার প্রতি ব্যাপক আগ্রহ তাঁর। তাঁকে পেয়ে দারুণ খুশি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অচিরেই সেই সম্পর্কে চিড় ধরে।
রাজভবন থেকে গত মঙ্গলবার জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য আগাম জানিয়ে খরচের অনুমোদন নিতে হবে। শুধু তা–ই নয়, সাপ্তাহিক খরচের বিবরণও রাজভবনে ই-মেইল করতে হবে।
পশ্চিমবঙ্গের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আছেন রাজ্যপাল। তাঁর এমন নির্দেশে খেপেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজ্য সরকারকে অন্ধকারে রেখে রাজভবন এমন নির্দেশ জারি করেছে। ওই নির্দেশ জারির বৈধতা নেই রাজ্যপালের। অবিলম্বে নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানান তিনি।
ব্রাত্য বসু বলেন, বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত প্রতিষ্ঠান। এখানে রাজ্যপালের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর দপ্তরের প্রধান সচিবকে এ বিষয়ে আইনি পরামর্শ নিতে নির্দেশ দিয়েছেন।