কর্ণাটকের পর এবার মধ্যপ্রদেশে কংগ্রেসের বিজেপি হটানোর লড়াই
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিধানসভা নির্বাচনের বাকি এখনো অন্তত চার মাস। কিন্তু কর্ণাটক জয়ের পর কালক্ষেপণ না করে এই রাজ্যে প্রচারণা শুরু করেছে কংগ্রেস। আজ সোমবার জব্বলপুরে নর্মদার কিনারে পূজা-অর্চনা সেরে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রচার শুরু করলেন। সেখানে এক জনসভায় তিনি বলেন, ‘এই সরকার কীভাবে চলছে, তার স্বরূপ উদ্ঘাটন করে আপনাদের চোখ খুলে দিতে এখানে এসেছি। এটুকু বোঝাতে এসেছি, এতগুলো বছর যাদের বিশ্বাস করে দায়িত্ব সঁপেছেন, তারা অবহেলা ও দুর্দশা ছাড়া আর কিছু উপহার দেয়নি।’
প্রিয়াঙ্কা এ কথাও স্মরণ করিয়ে দেন, ক্ষমতাসীন বিজেপি সরকার একের পর এক দুর্নীতির পাকে জড়িয়ে পড়েছে। কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, কংগ্রেস তাঁকে ৯১ বার গালমন্দ করেছে। প্রিয়াঙ্কা সে কথা উল্লেখ করে বলেন, রাজ্য সরকারের দুর্নীতির তালিকা তার চেয়ে অনেক বড়।
আগামী অক্টোবর-নভেম্বরে মধ্যপ্রদেশ রাজ্যের সঙ্গে ভোট হবে রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায়। সময়ক্ষেপণ না করে কংগ্রেস সবার আগে রাজ্যে প্রচার শুরু করে দিল।
জনসভায় কংগ্রেস নেত্রী বলেন, ‘১৮ বছর ধরে এই রাজ্যে বিজেপি মিথ্যার বেসাতি ও দুর্নীতি করে চলেছে। ২২০ মাস তারা রাজ্য শাসন করছে, দুর্নীতি করেছে ২২৫টি। আমরা ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন সরকারের গল্প শুনে চলেছি। কিন্তু সরকারকে কীভাবে প্রতিশ্রুতি পালন করতে হয়, তা হিমাচল প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও কর্ণাটকের কংগ্রেস সরকার দেখিয়ে দিয়েছে।’
প্রিয়াঙ্কা বলেন, কর্ণাটকে কংগ্রেস পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সেগুলো বাস্তবায়ন করেছে। মধ্যপ্রদেশের জন্যও তিনি কয়েকটি জনমুখী প্রতিশ্রুতি ঘোষণা করেন। যেমন গৃহকর্ত্রীদের মাসে দেড় হাজার রুপি অনুদান, ১০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি, কৃষিঋণ মওকুফ, ফসলের ন্যায্যমূল্য এবং সরকারি কর্মীদের পুরোনো হারে পেনশন।
কংগ্রেস জব্বলপুর থেকে এই নির্বাচনী প্রচার শুরু করে। কারণ, রাজ্যের এই মহাকোশল অঞ্চল আদিবাসী অধ্যুষিত এলাকা। এই অঞ্চলের মোট ১৩টি আসন তফসিল জাতির জন্য সংরক্ষিত। ২০১৮ সালে কংগ্রেস এই ১৩টির মধ্যে ১১টি আসন জিতেছিল। তফসিল জাতি ও উপজাতিদের মধ্যে কংগ্রেসের প্রভাব যথেষ্ট। তা ছাড়া ভারত জোড়ো যাত্রাপথে এই অঞ্চল ছিল না।
টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর ২০১৮ সালের ভোটে বিজেপির কাছ থেকে মধ্যপ্রদেশ কংগ্রেস ছিনিয়ে নিয়েছিল। মুখ্যমন্ত্রী হয়েছিলেন কমলনাথ। কিন্তু জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁর অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগ দেওয়ায় কংগ্রেস সরকারের পতন হয়। আবার মুখ্যমন্ত্রী হন বিজেপির শিবরাজ সিং চৌহান। গত সাড়ে তিন বছরে এই সরকারের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। বেকারত্বও প্রবল। সরকারি চাকরিতে কোনো নিয়োগ হয়নি। কংগ্রেস মনে করছে, প্রতিষ্ঠানবিরোধী এই হাওয়া এবার তাদের পক্ষে আসবে।
সেই প্রচারে কংগ্রেসের পালে হাওয়া জুগিয়েছে রাজ্যের ‘বজরঙ্গ সেনা’। হিন্দুত্ববাদী এই সংগঠন এত বছর ধরে বিজেপিকে সমর্থন দিয়েছে। কিন্তু মনোমালিন্যের কারণে এই সংগঠনের নেতা কিছুদিন আগে সদলে কংগ্রেসে যোগ দেন। মধ্যপ্রদেশের রাজনীতিতে হিন্দুত্ববাদী আচরণ বরাবর গুরুত্বপূর্ণ। প্রিয়াঙ্কার প্রচারেও তাই হিন্দুয়ানার বিচ্ছুরণ পরিলক্ষিত। বিজেপির রাজ্য নেতারা তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তাঁরা বলেছেন, শুধু ভোট এলেই কংগ্রেস হিন্দুত্ববাদী হয়ে পড়ে।
তামিলনাড়ুতে প্রচার শুরু বিজেপির
নির্বাচনী প্রচারে পেছিয়ে থাকছে না বিজেপিও। আগামী বছরের লোকসভা ভোটের সেই প্রচার তামিলনাড়ুতে শুরু করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রচারে বিজেপির বড় হাতিয়ার তামিলনাড়ুর চোল সাম্রাজ্যের রাজত্ব হস্তান্তরের প্রতীক রাজদণ্ড ‘সেঙ্গল’। সোনা দিয়ে মোড়া সেই সেঙ্গল তামিলনাড়ু থেকে নিয়ে স্থাপন করা হয়েছে দিল্লিতে নতুন সংসদ ভবনে।
গত রোববার তামিলনাড়ুতে দলীয় প্রচারে এসে অমিত শাহ রুপা দিয়ে তৈরি সেঙ্গলের এক প্রতিরূপ হাতে নিয়ে বলেন, এই রাজ্যকে যথাযথ মর্যাদা বিজেপিই দিয়েছে। ক্ষমতা হস্তান্তরের প্রতীক সেঙ্গল স্থাপন করেছে সংসদ ভবনে। তামিল জাত্যাভিমানকে সম্মান জানিয়েছে। এ কারণে রাজ্যের ৩৯টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পাবে ২৫টি।
অমিত শাহ এই প্রচারে কংগ্রেস ও তার সহযোগী দল ডিএমকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলোকে টু-জি, থ্রি-জি, ফোর-জির সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘টু-জি বা থ্রি-জির মধ্য দিয়ে আমি স্পেকট্রামের কথা বলছি না। বলছি জেনারেশন বা প্রজন্মের কথা। ডিএমকের মারান পরিবার দুই প্রজন্ম ধরে দুর্নীতি করে চলেছে। করুণানিধির পরিবার তিন প্রজন্ম ধরে। গান্ধী পরিবার চার প্রজন্ম ধরে। এবার সময় এসেছে, এই পরিবারদের রাজ্য থেকে উৎখাত করার। ক্ষমতায় বসাতে হবে ভূমিপুত্রদের। বিজেপি চাইছে, এই রাজ্যে এআইএডিএমকের সঙ্গে জোটবদ্ধতা চূড়ান্ত করে ফেলতে।’