জঙ্গলে যাজকের মৃত্যু, ক্ষোভ
ভারতের মিজোরাম রাজ্য থেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশব্যাকের পর বাংলাদেশের এক যাজকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় পশ্চিম মিজোরামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার মিজোরামের লংটলাই জেলায় এক সংবাদ সম্মেলনে বলা হয়, মৃত ব্যক্তির নাম সমখুপা (৮৫)। তিনি বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একটি ব্যাপটিস্ট চার্চের যাজক ছিলেন। মিজোরাম থেকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তাঁকে পুশব্যাক করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে মিজোরামের পারভা গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি গস্পেল হমাঙাইহুজালা বলেন, দিন সাতেক আগে ওই যাজক পার্বত্য চট্টগ্রাম থেকে মিজোরামে প্রবেশ করেন। পরে পারভার পাশের সিম্নসোরা গ্রাম থেকে বিএসএফ সদস্যরা তাঁকে সীমান্তের এপারে বাংলাদেশের জঙ্গলে পাঠিয়ে দেন। জঙ্গলেই খেতে না পেয়ে তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত, লংটলাই জেলার পারভা গ্রাম পার্বত্য চট্টগ্রামের কোলঘেঁষা।
এদিকে যাজকের মৃত্যুর ঘটনায় পশ্চিম মিজোরামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ অঞ্চলের প্রভাবশালী ও সবচেয়ে বড় মিজো উপজাতীয় সংগঠন সেন্ট্রাল ইয়ং মিজো অ্যাসোসিয়েশন আজ জানিয়েছে, যাজকের মৃত্যুর প্রতিবাদে আগামী সোমবার মিজোরামের রাজধানী আইজলে রাজ্যপালের বাসভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।