পশ্চিমবঙ্গে এবার বাদ পড়তে পারেন ১ কোটি ২০ লাখ ভোটার
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচন আগামী এপ্রিল মাসে হওয়ার কথা। এরই মধ্যে এই নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ বা এসআইআর। সেই কাজ ইতিমধ্যে শেষ না হলেও, আগামীকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের নির্দেশে প্রকাশিত হওয়ার কথা চূড়ান্ত ভোটার তালিকা। এবার এই সংশোধনের কারণে ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে। এ কথা জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের ৭ কোটি ৬৬ লাখ ভোটারকে নিয়ে শুরু হয়েছে এই নিবিড় ভোটার তালিকার সংশোধনের কাজ।
এ বিষয়ে গত বুধবার তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার ভবানীপুরে আয়োজিত এক সভায় দাবি করেন, এই এসআইআরকে ঘিরে এই রাজ্যের ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে।
রাজ্য নির্বাচন দপ্তর এই ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করার পর ইতিমধ্যে নির্বাচন কমিশন ৫৮ লাখ ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছেন। এসব ভোটাররা কেউ মৃত, কেউ নিখোঁজ, অনুপস্থিত বা কেউ ভোটার এলাকা পরিবর্তন করেছেন। অন্যদিকে এই এসআইআর করতে গিয়ে তথ্যের সামঞ্জস্যতার অভাবের কারণে ৬০ লাখ ৬ হাজার ভোটারের নাম চূড়ান্ত না হওয়ায় ওই সব ভোটারের তথ্য যাচাইর জন্য রাজ্যব্যাপী বিভিন্ন এলাকায় শুনানি চলছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে এই শুনানি দ্রুত করার লক্ষ্যে নিয়োগ করা হয়েছে ৫৩২ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে। তাঁরা নিয়মিত শুনানি চালিয়ে যাচ্ছেন। শুধু তা–ই নয়, এই শুনানির কাজে গতি আনতে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওডিশা ও ঝাড়খন্ড থেকে ২০০ বিচারকও আনার নির্দেশ দিয়েছেন।
এদিকে গতকাল রাজ্য নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, বিবেচনাধীন ৬০ লাখ ৬ হাজার ভোটারের নাম তোলা হলেও পাশে লেখা থাকবে বিবেচনাধীন। পরবর্তী সময় শুনানি সম্পন্ন হওয়ার পর যাঁরা ভোটার হিসেবে বিবেচিত হবেন, তাঁদের নাম বিভিন্ন সময় পর্যায়ক্রমে প্রকাশিত হবে। এই প্রক্রিয়া চলবে বিধানসভা নির্বাচনের মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগের দিন পর্যন্ত।