ভারতের বিরুদ্ধে চক্রান্ত তত্ত্ব, এবার সরব উপরাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়
ফাইল ছবি: এএনআই

ভারতের ‘উন্নয়ন, প্রবৃদ্ধি ও মর্যাদার বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত ও ষড়যন্ত্র’ দৃঢ়ভাবে রোখার পরামর্শ দিয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এত দিন যা ছিল শাসক দল ও সরকারের অভিযোগ, এবার সেই ‘চক্রান্তের আখ্যান’ রাষ্ট্রীয় স্তরেও উঠে এল। উপরাষ্ট্রপতি ওই আন্তর্জাতিক চক্রান্তের উল্লেখ করে সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বলেছেন, ‘এই আগ্রাসন আমাদের দৃঢ়ভাবে রুখতে হবে। প্রত্যেককে গণতন্ত্র ও জাতীয়তাবাদের রক্ষক হতে হবে।’

পশ্চিমা গণমাধ্যম ও বিভিন্ন সংগঠন ভারতের বিরুদ্ধে ‘গণতন্ত্রহীনতা, মানবাধিকার হরণ, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ বা সাম্প্রদায়িকতা’–সংক্রান্ত যে সব অভিযোগ করেছে, ভারত সরকার তার প্রতিবাদ জানিয়েছে। হিনডেনবার্গ রিসার্চের রিপোর্ট কিংবা বিবিসির তথ্যচিত্রে যা বলা হয়েছে, সরকারি ও দলীয় স্তরে তারও প্রতিবাদ করা হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় স্তরে কখনো এভাবে সরাসরি ‘চক্রান্ত ও ষড়যন্ত্র তত্ত্বকে’ তুলে ধরা হয়নি।

উপরাষ্ট্রপতি ধনখড় গত বুধবার তাঁর বাসভবনে ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসেসের (আইআইএস) শিক্ষানবিশ (প্রবেশনারি) কর্তাদের এক জমায়েতে এই বিষয়ে সতর্ক ও সজাগ থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘ভারত সব দিক থেকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। পশ্চিমা দুনিয়ার তা সহ্য হচ্ছে না। তাই তারা জঘন্য চক্রান্ত চালাচ্ছে। মনগড়া তথ্য হাজির করছে। এ এক অন্য আগ্রাসন। আমাদের শুধু সজাগ থাকলেই চলবে না, দৃঢ়ভাবে ওই চক্রান্তের মোকাবিলা করতে হবে।’

উপরাষ্ট্রপতি যে সময় এই কথা বলেন, তখন দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির অফিসে আয়কর হানা অব্যাহত। গুজরাট–দাঙ্গা নিয়ে তৈরি বিবিসির দুই পর্বের তথ্যচিত্র সম্প্রচারিত হওয়ার দুই সপ্তাহের মধ্যে ওই ‘তল্লাশি’, আয়কর বিভাগের ভাষ্যে যা সমীক্ষা বা ‘সার্ভে’, তা নিয়ে দেশের রাজনীতি উত্তাল। সেই বিতর্কের মধ্যেই উপরাষ্ট্রপতির সাবধানবাণী গোটা বিতর্কে এক অন্য মাত্রা যোগ করেছে।

শিক্ষানবিশ সরকারি কর্তাদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় উপরাষ্ট্রপতি চক্রান্ত ও ষড়যন্ত্র তত্ত্ব বিস্তারিত ব্যাখ্যাও করেন। উদাহরণ হিসেবে তিনি সাদ্দাম হোসেনের ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচারণার অবতারণা করেন। বলেন, ঠিক এভাবেই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে গণনিধন অস্ত্র তৈরির অভিযোগ আনা হয়েছিল। ইরাক আক্রমণের কারণ হিসেবে তা দাঁড় করা হয়েছিল। প্রায় সব পশ্চিমা গণমাধ্যম তা সত্য বলে ধরে নিয়েছিল। কিন্তু দেখা গেল, সেই আখ্যান কতখানি মিথ্যা ছিল! এখন ভারতের বিরুদ্ধে ঠিক সেই ধরনের অপপ্রচার শুরু হয়েছে। কারণ, আজকের ভারতের মাথা সব দিকে উঁচু হচ্ছে।

উপরাষ্ট্রপতি বলেন, ‘আপনারা সজাগ ও সতর্ক না হলে সবকিছু সাদা চুনকাম করে দেওয়া হতে পারে; যা কিছু ভালো, সব বৃথা হয়ে যাবে, দেশ রসাতলে যাবে।’ বাণিজ্যের ক্ষেত্রে যেমন ‘অ্যান্টি ডাম্পিং’, সেই উদাহরণ টেনে তিনি বলেন, পশ্চিমা দুনিয়া এখন নতুন ধরনের ডাম্পিং শুরু করেছে। তথ্য ডাম্পিং। এটা চলতে দেওয়া যেতে পারে না। এ এক দূষিত উপদ্রব। বুদ্ধিজীবীদের একহাত নিয়ে তিনি বলেন, এ দেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী আছেন, যাঁরা মনে করেন, পশ্চিমা দুনিয়া থেকে যা কিছু আসে, সব ভালো, পবিত্র, প্রশ্নাতীত। এই সব বুদ্ধিজীবীকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে হবে।’

সংবিধানের পবিত্রতা রক্ষার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতাকে আমরা যত গুরুত্ব দিই, পৃথিবীর কোনো দেশ তা দেয় না। তাই অপপ্রচার রুখতে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আজকের দুনিয়ায় বিলম্বের কোনো অবকাশ নেই।’
‘বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র’ তত্ত্ব রোখার উদ্যোগের অঙ্গ হিসেবে হিন্দুত্ববাদী শক্তি সুপ্রিম কোর্টকেও টেনে এনেছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) অনুপ্রাণিত হিন্দি সাময়িকপত্র পাঞ্চজন্য সুপ্রিম কোর্টের সমালোচনা করে লিখেছে, ভারতবিরোধী শক্তি সর্বোচ্চ আদালতকে ব্যবহার করছে। বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ দেওয়ার উল্লেখ করে তারা বলেছে, বিবিসির তথ্যচিত্র ‘অসত্য ও কাল্পনিক’। ভারতকে অপদস্থ করাই তার উদ্দেশ্য।

পাঞ্চজন্যর সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘সুপ্রিম কোর্ট ভারতের। ভারতের জনগণের করের টাকায় চলেন। সর্বোচ্চ আদালতের কাজ হলো ভারতের আইন মেনে চলা। দেশের স্বার্থে তাঁর কাজ করা উচিত। কিন্তু ভারতবিরোধী শক্তি তাঁকে ব্যবহার করছে।’
সংঘ পরিবারের এ সাবধানবাণী সত্ত্বেও সুপ্রিম কোর্ট আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ‘কারচুপি ও জালিয়াতি’ অভিযোগের তদন্তের দাবি জানিয়ে আনা মামলা শুনতে রাজি হয়েছেন। কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর তাঁর আবেদনে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতারণা ও শেয়ারবাজারে কারচুপির অভিযোগের তদন্তের দাবি জানিয়ে বলেছিলেন, সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির নেতৃত্বে সেই তদন্ত হওয়া দরকার। সেই আবেদনের শুনানিতে রাজি হয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রুচূড়। আগামী শুক্রবার হিনডেনবার্গ রিসার্চ–সংক্রান্ত অন্য মামলার সঙ্গে এই মামলাও শোনা হবে।

হিনডেনবার্গ রিসার্চের কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের বিশেষজ্ঞ কমিটি গঠনের প্রস্তাব কেন্দ্রীয় সরকার আগেই মেনে নিয়ছে। লগ্নিকারীদের স্বার্থরক্ষা নিয়ে ওই মামলার পাশাপাশি আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে তদন্তের দাবিসংক্রান্ত মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কী বলেন, সেদিকে এখন সবার নজর।