পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: তৃণমূলের ৭৪ বিধায়ক মনোনয়ন পেলেন না
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বর্তমান বিধায়কদের ৭৪ জনকেই এবার মনোনয়ন দেয়নি। বিধায়কদের ১৫ জনের বিধানসভা আসন বদল করে দেওয়া হয়েছে। আর পুরোনো বিধায়কদের মধ্যে মনোনয়ন দিয়েছে ১৩৫ জনকে।
২৯৪ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস গত মঙ্গলবার তাদের দলের ২৯১ জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে। বাকি তিন প্রার্থীর মনোনয়ন দেবে দার্জিলিংয়ের অনিক থাপার দল। তৃণমূলের প্রার্থী তালিকায় ২৩৯ জন পুরুষ আর ৫২ জন নারী।
এবার বাদ দেওয়া হয়েছে চারজন মন্ত্রীকে। তাঁরা হলেন মনোজ তেওয়ারি, বিপ্লব রায়, জোসনা মান্ডি ও তাজমুল হোসেন। এ ছাড়া মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যসভার সদস্য হওয়ায় তাঁকেও বাদ দেওয়া হয়েছে। বাদের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন নামী বিধায়ক। তাঁদের মধ্যে রয়েছেন সাবিত্রী মিত্র, অভিনেতা কাঞ্চন মল্লিক, অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি–কাণ্ডের অন্যতম নেতা মানিক ভট্টাচার্য ও জীবনকৃষ্ণ সাহা। এবারের প্রার্থী তালিকায় রয়েছেন ১১ জন আইনজীবী, ১০ জন চিকিৎসক, ৬৪ জন ব্যবসায়ী ২৮ জন শিক্ষা জগতের সঙ্গে যুক্ত ব্যক্ত, ১ জন ক্রিকেটার ও ২ জন সংগীতশিল্পী।
মনোনয়ন ধরে রেখেছেন চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেত্রী লাভলি মৈত্র, অভিনেতা সোহম চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন ও অদিতি মুন্সি।
এদিকে এই প্রার্থী ঘোষণার পর তৃণমূলের বিভিন্ন এলাকায় প্রার্থিতা নিয়ে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়েছে। বিশেষ করে পূর্ব ক্যানিং আসনে বর্তমান বিধায়ক শওকত মোল্লার স্থানে মনোনয়ন দেওয়া হয়েছে মো. বাহারুল ইসলামকে। এই মনোনয়নে এলাকায় শওকত মোল্লার অনুগামীরা বিক্ষোভ শুরু করেছেন।
তৃণমূলের মুখপাত্র, একসময়ের জাঁদরেল নেতা কুনাল ঘোষকে এবার মনোনয়ন দেওয়া হয়েছে কলকাতার বেলেঘাটা আসন থেকে।
এদিকে এই নির্বাচনকে ঘিরে ভারতের নির্বাচন কমিশন রাজ্যের পুলিশের মহাপরিচালকসহ ১৯ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করে দিয়েছে। বদলি করা হয়েছে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্রসচিবকেও। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন শাসক দলের প্রধান ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন পর্যন্ত বিজেপি, এসইউসিআই এবং বামফ্রন্ট তাদের প্রথম দফার মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করলেও তৃণমূল কংগ্রেস একই সঙ্গে সব আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে রাজ্য কংগ্রেস এখনো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। দু-এক দিনের মধ্যে বিজেপি এবং বামফ্রন্ট তাদের বাকি প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারে।