ধর্মস্থান আইন মামলার শুনানি শুরুর জন্য কেন্দ্রীয় সরকারের মনোভাব জানতে আর অপেক্ষার প্রয়োজন নেই। মথুরার শাহি মসজিদ ঈদগাহ কমিটির পক্ষে সুপ্রিম কোর্টে এই মর্মে আবেদন জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে, বছরের পর বছর কেন্দ্রীয় সরকার ধর্মস্থান আইন নিয়ে তার মনোভাব জানাচ্ছে না। বোঝাই যাচ্ছে, কেন্দ্র এ বিষয়ে নীরব থাকতে চাইছে। অতএব আর সুযোগ দেওয়ার দরকার নেই। মামলার শুনানি শুরু হোক।
ভারতের কেন্দ্রীয় সরকার ধর্মস্থান আইন প্রণয়ন করেছিল ১৯৯১ সালে। অযোধ্যায় মন্দির–মসজিদ বিতর্কের সময় ওই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল নতুন করে কোনো ধর্মস্থানের চরিত্র বদলের দাবি যাতে না ওঠে। শান্তি যেন বিঘ্নিত না হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে। আইনে বলা হয়, ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতার সময় ভারতে ধর্মস্থানগুলোর চরিত্র যেমন ছিল, তেমনই থাকবে।
কোনোরকম পরিবর্তন করা যাবে না। ওই আইনে ব্যতিক্রম হিসেবে ছিল শুধু অযোধ্যা।
ধর্মস্থান আইন থাকা সত্ত্বেও দেশের বিভিন্ন রাজ্যের আদালতে বিভিন্ন মসজিদ ও দরগাহ একদা হিন্দু দেবালয় ছিল দাবি করে মামলা রুজু হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মসজিদের জরিপ করার নির্দেশও দেওয়া হয়েছে। ধর্মস্থান আইন অনুযায়ী এই প্রবণতা বন্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা করা হয়। কিন্তু এখনো তার চূড়ান্ত শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার সাম্প্রতিক নির্দেশ, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন করে কোনো আদালতে কোনো মামলা করা যাবে না। কোনো আদালত কোনোরকম নির্দেশও দিতে পারবেন না।
এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে মথুরার শাহি মসজিদ ঈদগাহ কমিটি আবেদন দাখিল করেছে। তাতে বলা হয়েছে, ২০২১ সালের ১২ মার্চ সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিলেন ধর্মস্থান আইন নিয়ে সরকারের মনোভাব জানাতে। অথচ ২০২২ সালের ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানান, আগের বছর দেওয়া নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার তার মনোভাব জানিয়ে হলফনামা পেশ করেনি। এরপর সুপ্রিম কোর্ট সময় আরও বাড়িয়ে কেন্দ্রকে বলেছিল ২০২২ সালের ৩১ অক্টোবরের মধ্যে হলফনামা পেশ করতে।
কিন্তু সেই নির্দেশও কেন্দ্র মানেনি। এরপর ২০২৪ সালের ১২ ডিসেম্বর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না হলফনামা পেশে কেন্দ্রীয় সরকারকে আরও চার সপ্তাহ সময় দেন এবং মামলার শুনানির দিন ধার্য করেন ২০২৫ সালে ১৭ ফেব্রুয়ারি। আবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার সেই নির্দেশও অগ্রাহ্য করেছে। চার বছর ধরে তারা নীরব। স্পষ্টই বোঝা যাচ্ছে, ধর্মস্থান আইন মামলায় কেন্দ্র নিজেকে জড়াতে চাইছে না।
শাহি মসজিদ ঈদগাহ কর্তৃপক্ষের আবেদন, কেন্দ্রকে হলফনামা পেশের সুযোগ দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তাদের সেই অধিকার খর্ব করেই মামলার শুনানি শুরু হোক।