রাহুলকে খুনের হুমকির অভিযোগে তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
ছবি: এএফপি

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে ভারতের মধ্যপ্রদেশ পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে। রাজ্যের নাগদা শহরের পুলিশ গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে। কিছুদিন আগে রাজ্যের ইন্দোরে রাহুলকে খুনের হুমকি দেওয়া এক চিঠি পাওয়া যায়। তাতে বলা হয়েছিল, ভারত জোড়–যাত্রা ইন্দোরে এলে রাহুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

নাগদার পুলিশ সুপার সত্যেন্দ্র কুমার শুক্লা সংবাদমাধ্যমকে বলেন, হুমকির চিঠি পাওয়ার পর ইন্দোর পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তির ছবি বিভিন্ন থানায় পাঠিয়েছিল। সেই ছবির ভিত্তিতে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি ইন্দোর পুলিশকে জানানো হয়েছে।

পুলিশ সুপার বলেন, ওই তরুণ উত্তর প্রদেশের রায়বেরিলির বাসিন্দা। রাহুলের মা সোনিয়া গান্ধী এই রায়বেরিলির সংসদ সদস্য। ভারত জোড়–যাত্রা এ মুহূর্তে মধ্যপ্রদেশে রয়েছে। ইন্দোরে রাহুলসহ অন্যরা এক রাত কাটাবেন।

ভারত জোড়–যাত্রা এবং গুজরাট বিধানসভা ও দিল্লি পুরসভা নির্বাচন ঘিরে এ মুহূর্তে ভারতীয় রাজনীতি সরগরম। গুজরাটে ক্ষমতা কায়েম রাখতে শাসক বিজেপি চেষ্টার ত্রুটি রাখছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার নিজের রাজ্যে প্রচারে যাচ্ছেন। যেদিন মধ্যপ্রদেশের পুলিশ রাহুলকে হুমকির অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করে, সেদিনই গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী মোদির এক জনসভায় একটি অননুমোদিত ড্রোন গুলি করে নামানো হয়। রাজ্য পুলিশ বলেছে, বিনা অনুমতিতে ড্রোন চালানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন