ছৌনাচের গ্রাম চড়িদায় একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছৌনাচের আসর বসেছে চরিদা গ্রামে
ছবি: ভাস্কর মুখার্জি

ছৌনাচের সূতিকাগার পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা। স্থানীয় জনজাতির মানুষের প্রিয় এই ছৌনাচ। পুরুলিয়ার আনাচকানাচে বিভিন্ন উৎসবে পরিবেশিত হয় এই নাচ। আর শীতকালে তো কথাই নেই। গ্রামগঞ্জে বসে এই ছৌনাচের আসর। পুরুলিয়াকে বলা হয় টুসু-ঝুমুরের দেশ। ছৌনাচ পুরুলিয়ার সীমা ছাড়িয়ে এখন বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে।

পৌরাণিক কাহিনিকে কেন্দ্র করে এবং মুখে মুখোশ পরে বিচিত্র সাজে এই নাচ পরিবেশন করেন শিল্পীরা। একদল শিল্পী তাঁদের বাদ্যযন্ত্র নিয়ে তাতে অংশ নেন । মূল বাদ্যযন্ত্র সানাই, সঙ্গে ঢোল, ধামসা, খারকা ও মহুরি।

চড়িদা গ্রামের ছৌনাচের সামগ্রীর দোকান
ছবি: ভাস্কর মুখার্জি

অনেক দিনের ইচ্ছা ছিল, ছৌনাচ ও ছৌনাচের মুখোশ তৈরির সূতিকাগার পুরুলিয়ার বাঘমুন্ডি থানার চড়িদা গ্রামে যাওয়ার। পুরুলিয়া জেলা সদর থেকে এই চড়িদা গ্রামের দূরত্ব ৭২ কিলোমিটার। কলকাতা থেকে ট্রেনে করে পুরুলিয়ায় পৌঁছে একটি গাড়ি নিয়ে সোজা চলে যাই চড়িদার ছৌনাচের মুখোশ তৈরির কারখানা বা গ্রামে। এ গ্রামেই আবার পাওয়া যায় ছৌনৃত্য দলকে। তাঁরা বায়না করে বিভিন্ন স্থানে ছৌনাচ পরিবেশন করেন।

চড়িদা গ্রামে ঢুকলে চোখের সামনে দেখতে পাই ছৌয়ের মুখোশ তৈরির বহু দোকান। সাজিয়ে রাখা আছে মুখোশ। সড়কের দুই পাশেই দাঁড়িয়ে আছে এই মুখোশের দোকান। বহু ছৌশিল্পী একমনে তৈরি করছেন মুখোশ। কেউ আবার সেই মুখোশে রং করছেন। কেউ আবার বিক্রি করছেন নানা মুখোশ নানা দামে। আমরা একেক করে বহু মুখোশের দোকানে ঢুকি, দেখি। কথা বলি শিল্পীদের সঙ্গে। দোকানমালিকদের সঙ্গে।

এক মুখোশের দোকানের মালিক একেশ্বর সূত্রধর বলেন, এখন এখানে ৪০ রুপি থেকে ৩ হাজার রুপির মুখোশ তাঁরা তৈরি করেন, বিক্রি করেন। এই ছৌ গ্রামে মুখোশ তৈরির কাজে ১৫০ থেকে ২০০ পরিবার যুক্ত রয়েছে।

ছৌনাচের মুখোশ বানাচ্ছেন এক শিল্পী
ছবি: ভাস্কর মুখার্জি

দোকানদার মামণি দত্ত বলেন, ‘আগের দিন আর এখন নেই। আগের মতো বিক্রিও হয় না মুখোশ। তবু আমরা রংতুলিতে অতীতের ঐতিহ্যকে ধরে এই মুখোশকে আধুনিক করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।’

ছৌ মুখোশ ঘরের মালিক গণিপতি মূত্রধর ও ত্রিগুণী সূত্রধর মুখোশ বানানোর পদ্ধতি জানালেন। মূলত কাগজ আর আঠা নিয়ে তৈরি করা হয় মুখোশ। ১৫ ভাঁজ কাগজের সঙ্গে আঠা দিয়ে মুখোশের অবয়ব তৈরি হয়। তারপর তাতে পাতলা সূতি কাপড় ও এঁটেল মাটির ঘোলার প্রলেপ দিয়ে চূড়ান্তভাবে তৈরি হয় মুখোশ। তারপর তা শুকিয়ে রং করা হয়।

ছৌনাচের সামগ্রী তৈরিতে ব্যস্ত শিল্পীরা
ছবি: ভাস্কর মুখার্জি

এই ছৌয়ের মুখোশ তৈরির আরেক নির্মাতা প্রসেনজিৎ বলেন, তিনি এই মুখোশ তৈরি করে নানা পুরস্কার পেয়েছেন। আমরা যখন দোকানে ঢুকলাম, তখন তিনি একটি মুখোশ বের করে বলেন, ‘দেখুন, এটি রাধা ও কৃষ্ণের মুখোশ। মুখের দুদিকে দুই রং। একদিকে কৃষ্ণ ও অন্যদিকে রাধা।’

আধুনিক ছৌনাচের গুরু পুরুলিয়ার প্রখ্যাত নৃত্যশিল্পী গম্ভীর সিং মুড়া। এই ছৌনাচের জন্য গম্ভীর সিং পেয়েছিলেন দেশ–বিদেশের নানা পুরস্কার ও সম্মান। পেয়েছিলেন ১৯৮১ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রীও।

ঢোল-সানাইয়ের তালে চলছে ছৌনাচ
ছবি: ভাস্কর মুখার্জি

শুধু তা–ই নয়, জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেসকো ভারতের এই ছৌনাচকে ২০১০ সালে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেই থেকে এই ছৌনাচ আজও বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে।

২০০২ সালে প্রয়াত হন গম্ভীর সিং। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাইরে ওডিশা ও ঝাড়খন্ডে ছৌনারে চল রয়েছে। পৌরাণিক কাহিনির ওপর রচিত পালা তৈরি করে শিল্পীরা ঐতিহ্যবাহী পোশাক মুখোশ আর পোশাক পরে নাচেন। ওডিশায় এই ছৌনাচের নাম ময়ূরভঞ্জ ছৌনাচ, ঝাড়খন্ডে এই নাচের নাম সেরাইকেল্লা ছৌনাচ।