আতিক হত্যা: উত্তর প্রদেশ পুলিশের পাঁচ সদস্য সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিক আহমেদ
ফাইল ছবি: এএনআই

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে সাবেক সংসদ সদস্য আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফ আহমেদ হত্যার ঘটনায় পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত শনিবার প্রয়াগরাজে (পুরোনো নাম এলাহাবাদ) পুলিশের সামনেই তিন অস্ত্রধারীর গুলিতে আতিক ও আশরাফ নিহত হন।

আতিক-আশরাফ হত্যার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন করা হয়েছে। পাশাপাশি উত্তর প্রদেশ পুলিশ তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে।

যে পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাঁদের মধ্যে একজন স্থানীয় থানা-পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা। বাকি চারজনের মধ্যে দুজন পরিদর্শক ও দুজন কনস্টেবল। এই পাঁচজনকে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে উত্তর প্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল।

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের পাঁচ সদস্যই প্রয়াগরাজের শাহগঞ্জ থানায় কর্মরত ছিলেন। যে হাসপাতাল প্রাঙ্গণে আতিক ও আশরাফকে হত্যা করা হয়, সেই এলাকা শাহগঞ্জ থানার আওতাধীন।

‘গ্যাংস্টার’ থেকে রাজনীতিবিদ বনে যাওয়া আতিক ও তাঁর ভাই আশরাফ কারাগারে ছিলেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৫ এপ্রিল রাতে তাঁদের প্রয়াগরাজের কলভিন হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালের সামনে পৌঁছানোর পর হাতকড়া পরা অবস্থায় তাঁরা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। ভিড়ের মধ্যে সাংবাদিকের ছদ্মবেশে থাকা বন্দুকধারীরা খুব কাছ থেকে দুই ভাইকে গুলি করেন। এতে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়।

আরও পড়ুন

ঘটনাস্থল থেকে তিন বন্দুকধারীকে আটক করে পুলিশ। তাঁরা হলেন—লাভলেশ তিওয়ারি, সানি সিং ও অরুণ মৌর্য। তাঁরা প্রত্যেকে বয়সে তরুণ। ঘটনার সময় তাঁরা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিয়েছিলেন।

আজ সকালে প্রয়াগরাজের আদালত এই তিন তরুণকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন। ২৩ এপ্রিল তাঁদের আদালতে হাজির করা হবে।

বিশেষ তদন্ত দল ইতিমধ্যে তিন আসামির জবানবন্দি রেকর্ড করেছে।

আরও পড়ুন