ছেলেকে হোস্টেলে দেখে ফেরার পথেই শুনলেন তার আত্মহত্যার খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আত্মহত্যা
প্রতীকী ছবি

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে পড়তে বসতে হবে ভর্তি পরীক্ষায়। ১৭ বছরের মনীষ প্রজাপতি সেই প্রস্তুতি নিতে ভর্তি হয় বাড়ি থেকে দূরে শহরের কোচিং সেন্টারে। ছেলেকে সেখানে দেখতে গিয়েছিলেন বাবা। ছেলের সঙ্গে কিছু সময় কাটানোর পর বাড়ির পথে থাকতেই বেজে ওঠে তাঁর মুঠোফোনটি। খবর আসে, ছেলে আর নেই। হোস্টেলের রুমে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছে সে।

ভারতের উত্তর প্রদেশের সোনভদ্র জেলার কোচিংপাড়া হিসেবে পরিচিত কোটাতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ নিয়ে চলতি সপ্তাহে তিন শিক্ষার্থী আত্মহত্যা করল।

প্রকৌশল ও মেডিকেলের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার বসার প্রস্তুতি নিতে লাখো শিক্ষার্থী প্রতিবছর এখানে আসে। কোচিং সিটি নামে পরিচিত কোটায় চলতি বছর এ নিয়ে ১৯ শিক্ষার্থী আত্মহত্যা করল।

মনীষ কয়েক মাস আগে উত্তর প্রদেশ রাজ্যের আজমঘর থেকে এসেছিল। পুলিশ জানায়, কোচিংয়ে সে অন্য শিক্ষার্থীদের তুলনায় তেমন ভালো করছিল না। গতকাল বৃহস্পতিবার তার বাবা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। সন্ধ্যায় ছেলেকে তিনি মহাবীর নগরে হোস্টেলে রেখে এসেছিলেন।

রাত আটটার দিকে মনীষের বাবা বেশ কয়েকবার ছেলেকে ফোন দেন। কিন্তু মনীষ না ধরায় তিনি হোস্টেলের নম্বরে ফোন দেন। হোস্টেলের তত্ত্বাবধায়ক রাকেশ তখন হোস্টেলের পঞ্চম তলায় গিয়ে মনীষের রুমে কড়া নাড়েন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া ছিল না। তখন তিনি জানালার ফাঁক দিয়ে দেখেন, বিছানার চাদর দিয়ে মনীষ ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছে।

রাকেশ বিষয়টি জওহরনগর পুলিশ স্টেশনকে জানান। পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা তার বাবাকে বিষয়টি জানাই। তখন তিনি বাড়ি না গিয়ে আবার ফিরে আসেন। ঘটনাটিকে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে সে কোনো চিরকুট রেখে যায়নি। পরিবারের সদস্যরা এলে মরদেহ ময়নাতদন্ত করা হবে।’

৪ আগস্ট ১৭ বছরের ভার্গব মিশ্র কোটাতে হোস্টেলে আত্মহত্যা করে। সে প্রকৌশল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। ভার্গব মিশ্র পেয়িং গেস্ট (কোনো পরিবারের সঙ্গে টাকার বিনিময়ে থাকা-খাওয়ার সুবিধা) হিসেবে ছিল। সে বিহার থেকে গত মার্চে এসেছিল। এর এক দিন আগে মেডিকেলে ভর্তির প্রস্তুতি গ্রহণকারী ১৭ বছরের আরেক শিক্ষার্থী মুখে প্লাস্টিকের ব্যাগ বেঁধে আত্মহত্যা করে। তাঁর নাম মনজোত চাবরা। সে উত্তর প্রদেশ রাজ্যের রামপুর থেকে এসেছিল। মনজোতের অভিভাবকেরা অভিযোগ করেন, তাঁদের সন্তানকে হত্যা করা হয়েছে। তাঁরা হোস্টেলের মালিকসহ ছয়জনের বিরুদ্ধে মামলাও করেন।

কোটাতে গত বছর ১৫ শিক্ষার্থী ও ২০২১ সালে ৯ শিক্ষার্থী আত্মহত্যা করে। বিজেপির সংসদ সদস্য সুশীল মোদি গত বুধবার রাজ্যসভাকে জানায়, ২০২১ সালে ১৮ বছরের কম বয়সী ১০ হাজার শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ ছাড়া গত পাঁচ বছরে নামী প্রতিষ্ঠান আইআইটি, আইআইএম এবং এআইআইএমএসের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৭৫ জন শিক্ষার্থী তাঁদের জীবন শেষ করে দিয়েছেন।

এত বেশি শিক্ষার্থীরা আত্মহত্যার পেছনে নামী প্রতিষ্ঠানে ভর্তির জন্য শিক্ষার্থীরা যে মানসিক ও শারীরিক চাপের মধ্য দিয়ে যায়, সেটিই প্রতিফলিত হয়। সুশীল মোদি এ জন্য সন্তানদের ওপর বাবা-মায়ের চাপের দিকেও ইঙ্গিত করেন এবং আত্মহত্যা প্রতিরোধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।