পশ্চিমবঙ্গের ফলতায় ভোটগ্রহণ সম্পন্ন, আদালতের অনুমতি ছাড়া অভিষেকের দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারের পর আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ভাইপো তৃণমূলের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫ মে ২০২৬, কলকাতাছবি: এএনআই

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার ফলতা আসনের পুনর্নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার ২৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। যদিও নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে প্রার্থীতা প্রত্যাহার করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। তিনি বলেন, ‘নতুন মুখ্যমন্ত্রী আমাদের এই ফলতার জন্য উন্নয়নমুখী প্যাকেজ ঘোষণা করায় আমি নির্বাচনের ময়দান থেকে সরে গেলাম। আমি জানি, আগামিতে এই ফলতা হয়ে উঠবে সোনার ফলতা।’

বৃহস্পতিবার ফলতায় পুননির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে ৮৩ শতাংশ। নির্বাচন শেষ হয় ৬টায়।

এর আগে ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের এই আসনে ব্যাপক সহিংসতার কারণে ভোট বাতিল করেছিল নির্বাচন কমিশন। রাজ্যের ২৯৪ আসনের মধ্যে এই ফলতা বাদে বাকি ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হয়েছিল।

আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক

এবারেে নির্বাচনে দলের হয়ে প্রচারে নেমে নানা বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও বক্তব্য দিয়েছিলেন তিনি। অভিষেকের এসব বক্তব্যের অভিযোগে এনে রাজীব সরকার নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে কলকাতার বিধান নগর থানায় একটি এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) দায়ের করেন। সেই এফআইআর খারিজের জন্য অভিষেক কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন ১৮ মে। বৃহস্পতিবার মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে। এই মামলায় তৃণমূলের হয়ে লড়েন সংসদ সদস্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মামলার শুনানি শেষে বিচারপতি এফআইআর বাতিলের আবেদন খারিজ করে দেন। বিচারপতি জানান, দলের শীর্ষ পদে থেকে এভাবে নির্বাচনী প্রচারে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন না অভিষেক। তবে আগামি ৩১ জুলাই পর্যন্ত পুলিশ অভিষেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে না। তবে এ সময়ে তদন্ত চলার সময় অভিষেকের পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশও অভিষেককে ৪৮ ঘন্টা আগে নোটিশ দিয়ে ডাকতে পারবে।

অভিষেক পুলিশের ডাকে সাড়া না দিলে পুলিশ এ নিয়ে অভিযোগ জানাতে পারবে হাইকোর্টে। যদিও এই শুনানির সময় অভিষেকের আইনজীবী ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুললে বিচারপতি জানান,এই মামলায় সেটি বিচার্য্য বিষয় নয়।

বিচারপতি এক আদেশে পরবর্তী শুনানির তারিখ ২০ জুলাই নির্ধারণ করেন। তবে আর ভার্চুয়ালি নয়, অভিষেককে সশরীরের হাজির হতে হবে। আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না তিনি।

জামিনে মুক্ত বিধায়ক জাভেদ খান

বৃহস্পতিবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করেন তৃণমূল বিধায়ক ভাভেদ খান। বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কলকাতার তিন জেলায় সহিংসতা করার অভিযোগে দায়ের মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন তিনি। এই মামলায় জাভেদ খানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হলেও অন্য ৯ জন আগেই জামিন নিয়েছিলেন।