বিরোধী জোট গঠনে নীতীশের উদ্যোগে মমতা-অখিলেশের সায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নে গতকাল সোমবার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
ছবি: এএনআই

লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট গঠনের লক্ষ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আরও এক কদম এগিয়ে গেলেন। গতকাল সোমবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সন্ধ্যায় উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে তাঁর বৈঠকের পর রংধনু জোট গঠনের সম্ভাবনায় নতুন আশা জাগিয়েছে।

সব পক্ষই জানিয়েছে, আলোচনা ইতিবাচক। মমতা বলেছেন, ‘কোনো অহং নয়। সবাইকে একজোট হতে হবে। বিজেপিকে হারাতে হবে।’ অখিলেশ বলেছেন, ‘বিজেপিকে দেশছাড়া করতে একজোট হয়েছি।’

নীতীশ এরপর আলোচনায় বসবেন ওডিশার বিজেডি নেতা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বিআরএস নেতা চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএসআর কংগ্রেস নেতা জগনমোহনের সঙ্গেও নীতীশ কথা বলতে পারেন।

নীতীশকে এই দায়িত্বে নামিয়েছে কংগ্রেসই। চলতি মাসের ১২ তারিখে দিল্লি এসে নীতীশ ও আরজেডি নেতা তেজস্বী যাদব সদলে বৈঠকে বসেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে। সেই বৈঠকেই ঠিক হয়েছিল, তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টির মতো যেসব দলের কংগ্রেস সম্পর্কে আড়ষ্টতা আছে, তাদের সঙ্গে জোটের কথা শুরু করবেন নীতীশই। পরে কংগ্রেস আলোচনায় যোগ দিতে পারে।

কংগ্রেস কথা বলবে এনসিপি, ডিএমকের মতো ইউপিএ জোটের নেতাদের সঙ্গে। মমতা প্রস্তাব দিয়েছেন, সব দল আগে বিহারে বৈঠকে বসুক। জয়প্রকাশ নারায়ণের আন্দোলন বিহার থেকেই শুরু হয়েছিল, তাই নীতীশই সেই বৈঠকের দায়িত্ব নিন। বিজেপিবিরোধী আন্দোলনের গতিপ্রকৃতি কী হবে, কোন কর্মসূচি গৃহীত হবে, ইশতেহার কেমন হবে, সেসব পরে ঠিক করা যাবে। বৈঠকের পর সাংবাদিকদের মমতা বলেছেন, ‘আমি বিজেপিকে জিরো বানাতে চাই।’

কলকাতায় মমতার সঙ্গে ‘সফল ও ইতিবাচক’ বৈঠকের পর নীতীশ ও তেজস্বী চলে যান লক্ষ্ণৌ। বিকেলে সেখানে বৈঠক করেন অখিলেশের সঙ্গে। তারপর যুগ্ম সংবাদ সম্মেলনে অখিলেশ বলেন, ‘বিজেপি দেশের সব গণতান্ত্রিক মূল্যবোধ জলাঞ্জলি দিচ্ছে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দারিদ্র্য মানুষের জীবন ওষ্ঠাগত করে তুলেছে। মানুষকে এই দুর্দশার হাত থেকে বাঁচাতে আমরা বিজেপিকে দেশছাড়া করতে চাই। সে জন্য একজোট হয়েছি।’ অখিলেশকে পাশে রেখে নীতীশ বলেন, ‘সব দল কীভাবে একত্র হতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর যা কিছু ঘটবে, তা দেশের স্বার্থেই হবে।’

এটা ঠিক, কংগ্রেস সম্পর্কে তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টি কিংবা বিআরএসের যথেষ্ট আড়ষ্টতা আছে। কিন্তু এটাও ঠিক, সাম্প্রতিক অতীতে সংসদীয় স্তরে এই দলগুলো কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেসও কয়েকটি বিষয় স্পষ্ট করে দিয়েছে। যেমন বিরোধী জোটের নেতৃত্বের দাবি তারা করবে না। প্রধানমন্ত্রিত্বের মুখ হিসেবেও দল কাউকে খাড়া করবে না। আলোচনার দায়িত্বে রাহুল গান্ধীকে এগিয়ে দেওয়া হবে না।

সেই দায়িত্ব নেবেন মল্লিকার্জুন খাড়গে। প্রয়োজনে সোনিয়া গান্ধীও, যাঁদের ঘিরে অন্য কোনো দলের কোনো আড়ষ্টতা নেই। নীতীশকে পছন্দের কারণও তা। নীতীশও সেই কাজে তাঁর বিহারের জোটসঙ্গী তেজস্বী যাদবকে সঙ্গে রাখছেন। দিল্লি, কলকাতা, লক্ষ্ণৌ—তিন জায়গাতেই তেজস্বী ছিলেন নীতীশের ছায়াসঙ্গী। মমতা ও অখিলেশও তাঁদের অবস্থান নমনীয় করেছেন। তৃণমূল সূত্রের খবর, বিজেপির টিকে থাকা দেশ, বিরোধী দল ও গণতন্ত্রের পক্ষে কতটা বিপজ্জনক, বৈঠকে সেটাই আলোচনা হয়েছে এবং সবাই তা উপলব্ধিও করছেন। তাই সার্বিক জোটবদ্ধতার বিকল্প হিসেবে বৈঠকে অন্য কিছু প্রাধান্য পায়নি। মমতা তাই বৈঠকের পরে বলেন, ‘ভিশন-মিশন ঠিক থাকলে কোনো সমস্যা হবে না। আগে আলোচনা দরকার। তারপর সব এগোবে।’

নীতীশের ব্যক্তিগত রাজনৈতিক লক্ষ্যও এই পরিসরে নানা মহলে আলোচিত। বিশেষ করে বিজেপি বোঝাতে চাইছে, নীতীশ নিজে প্রধানমন্ত্রী হতে চান। তাই জোট নিয়ে এত উদ্যোগী। বিহারি রাজনীতিতে স্বাভাবিক কারণে তেজস্বীও চান নীতীশ প্রধানমন্ত্রী হোন। সে ক্ষেত্রে তাঁর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দরজাটা খুলে যাবে। নীতীশ এ কারণে গতকাল আরও একবার বলেন, ‘আগে বলেছি, আজও বলছি, আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নই। দেশের মঙ্গল করাই আমার একমাত্র লক্ষ্য।’

নীতীশ জানেন, তাঁকে ঘিরে এই ধরনের প্রচার কংগ্রেসকে হতোদ্যম করতে পারে। তাই তিনি সাবধানী। কংগ্রেসও জানে, লোকসভা ভোটে শতাধিক আসন পেলে জোট নেতৃত্বের দাবি অন্যরা অগ্রাহ্য করতে পারবে না। তবু কংগ্রেস এখনই কিছু করতে চায় না, যাতে রংধনু জোট গঠনের পথে কাঁটা বিছায়।

জোট গঠনের প্রাথমিক পর্ব কুসুমকোমল হওয়ারই সম্ভাবনা। নীতিগতভাবে জোটবদ্ধতায় অসুবিধাও হয়তো থাকবে না। মমতার দাবি মেনে বিহারে নীতীশ-সমভাবাপন্নদের বৈঠক ডাকলেও সবাই হয়তো হাজির হবেন। সমস্যার সৃষ্টি হবে রাজ্য রাজ্যে আসন-সমঝোতা নিয়ে দর-কষাকষি শুরু হলে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, পাঞ্জাব, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, বিহার, উত্তর প্রদেশ ও ঝাড়খন্ডের মতো বড় ও দিল্লি, গোয়া, মেঘালয়, মণিপুরের মতো ছোট রাজ্যে কে কত আসনে লড়বে তা নিয়ে।

আঞ্চলিক দলের নেতারা চাইছেন মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, কেরল, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, হরিয়ানাসহ কিছু রাজ্যে, যেখানে কমবেশি ২০০ আসনে লড়াই প্রধানত বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের, শতাব্দীপ্রাচীন দল শুধু সেখানেই মনোযোগী হোক। আঞ্চলিক দলগুলোকে ফ্রিহ্যান্ড দেওয়া হোক, যেখানে তারা প্রধান শক্তি। এই তত্ত্ব প্রধানত মমতারই।

কংগ্রেস এই তত্ত্ব মানতে কতটা রাজি হবে, সেটা মূল প্রশ্ন। এ নিয়ে কংগ্রেসের অভ্যন্তরেও রয়েছে নানা মত। যদিও এখনই এই বিষয়ে তারা কোনো ভূমিকা নিতে রাজি নয়। কংগ্রেসের এক নেতা এই বিষয়ে আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের নজরে এখন শুধুই কর্ণাটক। কর্ণাটক জেতাই আমাদের মাছির চোখ। বাকি সব তার পর।’ কংগ্রেস মনে করছে, কর্ণাটকে বিজেপিকে হারাতে পারলে বিরোধী জোট গঠনের ক্ষেত্রে দলের অবস্থান আরও দৃঢ় হবে।