সিত্রাংয়ের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি, সাগর উত্তাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দিঘায় সাগর উত্তাল
ছবি: ভাস্কর মুখার্জি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে। রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ঘূর্ণিঝড়টি ৪৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সোমবার দিঘা, মন্দারমনি, তাজপুর সমুদ্রসৈকতে জলোচ্ছ্বাস হতে পারে।

সিত্রাংয়ের আঘাত হানার আশঙ্কার খবরে রাজ্য প্রশাসন দিঘা, তাজপুর, মন্দারমনি, বকখালী, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া, কুলতলী, গোসাবা, সাগর, ডায়মন্ড হারবারের সমুদ্র এলাকা থেকে পর্যটকদের সরিয়ে দিয়েছে। দিঘা, বকখালী, মন্দারমনি, কাকদ্বীপ, তাজপুর সমুদ্রবন্দর এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। কিছু পর্যটক অবশ্য বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। তবে এখানে জারি করা হয়েছে কড়া সতর্কতা।

দিঘার সমুদ্র আজ সকাল থেকে উত্তাল। বইছে ঝোড়ো হাওয়া। তাজপুরের সমুদ্র বাঁধ রক্ষার জন্য ফেলা হচ্ছে বোল্ডার। দিঘার সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে নন্দীগ্রাম- হলদিয়া ফেরি, নন্দীগ্রাম-তেরোপেখিরা ও গোসাবার ফেরি সার্ভিস।

বৃষ্টির কারণে কলকাতার সল্টলেকের বৈশাখী বাজারের একাংশে অ্যাসবাস্টাসের চালা ভেঙে পড়েছে। এতে আহত হয়েছেন ছয়জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভিন্ন সমুদ্র পর্যটনকেন্দ্রে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল এনডিআরএফকে প্রস্তুত রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার কলকাতার রাজ্য সচিবালয় নবান্নে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খুলেছে। পাশাপাশি কলকাতা পৌরসভাও তাদের দপ্তরে আলাদা করে দুটি কন্ট্রোল রুম খুলেছে।

কলকাতার মেয়র ও রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, এই সিত্রাং মোকাবিলার জন্য পৌরসভাসহ রাজ্য সরকার সার্বিক ব্যবস্থা নিয়েছে। জরুরি বিভাগে কর্মরত কর্মকর্তা ও কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। শুধু তা–ই নয়, শহরের সব বিপজ্জনক বাড়ির বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে পৌরসভা।