আসামে যুবসংগঠনের সভানেত্রীকে বহিষ্কার করল কংগ্রেস
উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামের প্রধান বিরোধী দল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ নেত্রীকে আজ শনিবার বহিষ্কার করেছে জাতীয় কংগ্রেস। বহিষ্কৃত অঙ্কিতা দত্ত আসাম কংগ্রেসের যুবসংগঠনের সভানেত্রী। তিনি কয়েক দিন আগে যুবসংগঠনের জাতীয় সভাপতি শ্রীনিবাস বি ভির বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনেছিলেন। শনিবার অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (এআইসিসি) অঙ্কিতা দত্তকে জন্য ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করে।
কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আসাম প্রদেশ যুব কংগ্রেসের অঙ্কিতা দত্তকে তাঁর পার্টিবিরোধী কার্যকলাপের জন্য, অবিলম্বে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ছয় বছরের জন্য বহিষ্কার করা হলো।’ অঙ্কিতা আসামের সাবেক মন্ত্রী এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অঞ্জন দত্তের মেয়ে। বিধানসভা নির্বাচনে অঙ্কিতা কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।
শ্রীনিবাসকে নারীদের প্রতি সংবেদনহীন মন্তব্য করে অঙ্কিতা কয়েক দিন আগে টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আমি একজন নারীনেত্রী। আমি যদি এ ধরনের হয়রানির শিকার হই, তাহলে আমি কীভাবে অন্য নারীদের দলে যোগ দিতে উৎসাহিত করব।’
একের পর এক টুইট বার্তায় শ্রীনিবাসের বিরুদ্ধে ছয় মাস ধরে তাঁকে ধারাবাহিকভাবে হয়রানি করার অভিযোগ করেন অঙ্কিতা। তিনি রাহুল গান্ধীকে বিষয়টি সম্পর্কে অবহিত করার পরও শ্রীনিবাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছিলেন।
অঙ্কিতা লিখেছিলেন, ‘আমার অভিযোগ সত্ত্বেও, শ্রীনিবাসের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু করা হয়নি…আমি কয়েক মাস ধরে চুপ করেছিলাম…কিন্তু কেউ আগ্রহী বলে মনে হচ্ছে না। শ্রীনিবাস তাঁর জনসংযোগের ছদ্মবেশে সব অন্যায় থেকে ছাড় পাচ্ছেন।’
এর প্রতিক্রিয়ায় শ্রীনিবাস একটি আইনি নোটিশ জারি করে অঙ্কিতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন।
অঙ্কিতার সঙ্গে আসাম কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কয়েকবার কথাবার্তা বললেও, রাজ্যস্তরে বিষয়টির সমাধান করা যায়নি। রাজ্য কংগ্রেসের তরফে বিষয়টি জাতীয় স্তরে জানানো হয়। অঙ্কিতা তাঁর অবস্থান থেকে সরে আসতে রাজি হননি বলে রাজ্য কংগ্রেস সূত্র জানিয়েছে।
বিষয়টি গত কয়েক দিনে আসামের রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে ওঠে। গতকাল শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কংগ্রেসকে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার পরামর্শ দেন। তিনি বলেন, যেহেতু একটি অভিযোগ করা হয়েছে, তাই কংগ্রেস বিষয়টি নিষ্পত্তি করতে না পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হিমন্ত বিশ্বশর্মা বলেন, কংগ্রেসের উচিত আসামের নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা। জাতীয় নারী কমিশন এ বিষয়ে আসাম পুলিশের ডিরেক্টর জেনারেলকে একটি চিঠিও লিখেছে।
অঙ্কিতা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন বলেও জল্পনা চলছে আসামের রাজনৈতিক মহলে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে আসামে প্রধান বিরোধী দল হিসেবে কংগ্রেস ২৯টি আসন এবং প্রায় ৩০ শতাংশ ভোট পেয়েছিল। কিন্তু বর্তমানে রাজ্যে কংগ্রেসের অবস্থা বেশ খারাপ। আগামী দিনে আরও অনেক নেতা-নেত্রী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনাকল্পনা চলছে। তাঁদের মধ্যে অন্যতম কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও নওগাঁও লোকসভা আসনের সংসদ সদস্য প্রদ্যত বরদলেই। যদিও তিনি এই জল্পনা খারিজ করে দিয়েছেন। অঙ্কিতার বহিষ্কার এই জল্পনা আরও উসকে দেবে আগামী দিনে।