নতুন আলোর দিশারী সামছুদ্দিন, ইলিয়াস, শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাণিসম্পদ পণ্য বিক্রয়কেন্দ্র। সম্প্রতি জয়পুরহাটের ক্ষেতলালের ফুলদিঘি বাজারে।
সংগৃহীত

সামছুদ্দিন সরদার, ইলিয়াস সওদাগর, শাহাদাত হোসেন—এঁরা কেউ সাকিব আল হাসান নন, শাকিব খান নন, কিংবা নন চঞ্চল চৌধুরী। একডাকে এঁদের কেউ চেনেন না। এঁরা অতি সাধারণ, পাশের বাড়ির মানুষ, কিন্তু সুড়ঙ্গ শেষের আলোকবর্তিকা। হতাশ ও নিরাশার জীবনে এঁরা আশার ফুলকি।

বাংলাদেশের ভালো–মন্দ কাছ থেকে দেখছি ১০ বছর, সাংবাদিকতার বদৌলতে। কৃষি, শিল্প, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ সার্বিক উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূরীকরণের মতো বহু ক্ষেত্রে বাংলাদেশের বিস্ময়কর সাফল্য যেমন চমকপ্রদ, তেমনই বিস্ময়কর কিছু ক্ষেত্রে নাগরিকসমাজ ও রাষ্ট্রের চরম উদাসীনতা! আজ মনে হচ্ছে, উদাসীনতার হতাশা কাটতে খুব বেশি দেরি হয়তো হবে না। অমাবস্যার গহীন আঁধারে টিমটিমে জোনাকির মতো ফুটে উঠছে আশার পিদিম। জ্বালাচ্ছেন সামছুদ্দিন, ইলিয়াস, শাহাদাতেরা। বোঝা যাচ্ছে, মানসিকতা বদলানো স্রেফ সময়ের প্রতীক্ষা।

পরিবর্তনের এই কাহিনি কয়েক দিন আগে ৪ মার্চ প্রথম আলোয় তুলে ধরেছেন পার্থ শঙ্কর সাহা। জানিয়েছেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদিঘি বাজারে যে কেউ এখন প্রয়োজনমাফিক ১৫০ গ্রাম মুরগির মাংসও সামছুদ্দিনের দোকান থেকে কিনতে পারছেন। দেশের সাত জায়গায় এমন দোকান তৈরি হয়েছে পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের সহায়তায়। তারা বিভিন্ন বেসরকারি সংগঠনকে দিয়ে এই ধরনের দোকান পরিচালনা করছে। উদ্দেশ্য গরিব মানুষ, যাঁদের গোটা মুরগি কেনার সামর্থ্য নেই, যাঁদের হাঁড়ির হাল—নুন আনতে পান্তা ফুরায় অথচ রসনাতৃপ্তির স্বাভাবিক প্রবৃত্তি থেকে মুক্ত নন, তাঁদের প্রয়োজন মেটানো।

ফাউন্ডেশনের এক কর্তার বয়ানে, এই অল্পস্বল্প মাংস বিক্রির উদ্দেশ্য প্রধানত দুটি। গরিবের আমিষের চাহিদা মেটানো এবং মাঠপর্যায়ে ছোট উদ্যোক্তা তৈরি করা। এমন ধরনের সাতটি বেসরকারি সংগঠন এভাবে বিভিন্ন এলাকায় গরিব মানুষের প্রয়োজন মেটাতে কাজ করছে।

এক দিন পরই ৫ মার্চ চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানালেন, চকবাজার এলাকার ইলিয়াস সওদাগরের উদ্যোগের কথা। ইলিয়াস গরুর মাংস বিক্রি করেন। তাঁর দোকান থেকে যে কেউ ২৫০ গ্রাম মাংসও কিনতে পারেন। ওই বাজারে আরও একটি দোকান থেকে গরিব ক্রেতারা এই সুবিধা পাচ্ছেন।

আরও পড়ুন

এক দিন পর আরও এক চমকপ্রদ খবর। ঢাকা থেকে এস এস আল আরেফিন প্রথম আলোয় (৭ মার্চ) লিখলেন, রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ ট্রান্সমিটার এলাকার পাটোয়ারি স্টোরের মালিক শাহাদাত হোসেনের ‘অভিনব’ প্রচেষ্টার কাহিনি। তাঁর দোকান থেকে এক টুকরা মাছ বা দুই টুকরা মাংসই শুধু নয়, এক টুকরা আদা, দুই কোয়া রসুন, তিনটি পেঁয়াজ, এক টাকার মুড়ি, অর্ধেক কমলালেবু, তিন টাকার টমেটো সস, পাঁচ টাকার খিচুড়ির প্যাকেট, পাঁচ টাকায় এক গ্লাস ঠান্ডা পানীয়ও কেনা যায়। সহজ কথায়, ‘আলপিন টু এলিফ্যান্ট’—যাঁর যা দরকার এবং যতটা দরকার, তা–ই তিনি কিনতে পারেন পাটোয়ারি স্টোর থেকে।

ক্রেতাদের সুবিধার্থে সর্বনিম্ন ২৫০ গ্রাম গরুর মাংস বিক্রি শুরু হয়েছে চট্টগ্রামে। চকবাজার, ৪ মার্চ।
ছবি: সৌরভ দাশ

শাহাদাত হোসেন এভাবে ব্যবসা করছেন সাড়ে তিন বছর, পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন সক্রিয় পাঁচ বছর। দেশের গরিবদের প্রয়োজন ও হাহাকারের তুলনায় যদিও এই প্রচেষ্টা সিন্ধুতে বিন্দুসম।

প্রশ্নটা শুধু গরিবিয়ানার নয়। প্রশ্ন ব্যক্তিপ্রয়োজনের এবং অধিকারের। আমার যতটুকু প্রয়োজন, সেটুকু কেনার অধিকার বাজার আমাকে দেবে না কেন? কেন বাজার হবে অর্থনীতির পরিভাষায় ‘সেলার্স মার্কেট’? কেন ‘বায়ার্স মার্কেট’ নয়? মূল প্রশ্ন এটাই। এই প্রশ্নের মীমাংসা গোটা ভারত করেছে। বাংলাদেশ কেন পারে না? কেন বাজার ঘুরলে গরিবের হাহাকার ব্যথিত করে?

আরও পড়ুন

হাহাকার কী রকম, তার শত–সহস্র দৃশ্য যতবার বাংলাদেশে যাই, ততবার দেখি। যত ঘুরি, তত দেখি আর ভাবি, সোনার বাংলায় এই বৈষম্য কবে ঘুচবে? বাজার ও সরকার কবে ঘুরে দাঁড়াবে? কবে বদলাবে মানসিকতা? কবে হবে অতি প্রয়োজনীয় সংস্কার?
সংস্কারহীনতায় নীরব হাহাকারের কাহিনি কাগজে পড়ি। মো. আবদুল্লাহ আল হোসাইন প্রথম আলোয় (৮ মার্চ, ২০২২) ঢাকার রিকশাচালক মো.আলমগীরের যন্ত্রণার যে ছবি এঁকেছিলেন, আজও ভুলিনি। রিকশা চালিয়ে তাঁর যা আয়, তাতে এক কেজি গরুর মাংস কিনলেই সারা দিনের কামাই শেষ। ছেলেমেয়েদের খাওয়াতে সাধ জাগে। পারেন না।

গরুর মাংসের দাম শবে বরাতে বেড়ে হয়েছে ৮০০ টাকা। অনেক কিছুর মতো গরুর মাংস এখনো আলমগীরদের কাছে মরীচিকা!

অল্প টাকায় নানা জাতের ফল ও ফলের টুকরা বেচেন শাহাদাত হোসেন
ছবি: প্রথম আলো

আলমগীরের মতোই এক প্রান্তিক মানুষের খেদোক্তি পড়েছিলাম। খেদোক্তি তো নয়, যেন বিরাশি সিক্কার চপেটাঘাত! রাগ, দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা শ্লেষ হয়ে ঝরে পড়েছিল তাঁর কথায়। চাপা ক্রোধে বলেছিলেন, ‘ইলিশ আমরা দেখি, দূর থেকে। খাওয়ার সাধ আছে, কেনার সাধ্য নেই। ইলিশ নয়, আমাদের মতো গরিবের কাছে জাতীয় মাছ পাঙাশ।’

কী যে কটাক্ষ ছিল সেই বাক্যে, কী জানি। কালক্ষেপণ না করে ফোন করেছিলাম বাংলাদেশে ইলিশ বিপ্লবের নায়ক অধ্যাপক আবদুল ওয়াহাবকে। বলেছিলাম, ‘ইলিশ সংরক্ষণ আপনারা যেভাবে করেছেন, তা অকল্পনীয়। আপনাদের জন্য বাংলাদেশে ইলিশের বিপ্লব ঘটেছে। অথচ আমরা আজও ব্যর্থ। কিন্তু আপনি যে বলেছিলেন, বছরে ছয় সাড়ে ছয় লাখ টন উৎপাদন হলে ইলিশ রপ্তানি না করে আপনাদের উপায় নেই, সেই যুক্তি মানতে পারছি না। কারণ, এক চতুর্থাংশ মানুষের যা ক্রয়ক্ষমতা, তাতে আস্ত একটা ইলিশ কেনা যায় না। চার কোটি মানুষকে বঞ্চিত রেখে ইলিশে স্বয়ংসম্পূর্ণতার দাবি কতটা যুক্তিসংগত, ভেবে দেখার অনুরোধ রইল।’

এক প্রান্তিক মানুষের খেদোক্তি পড়েছিলাম। খেদোক্তি তো নয়, যেন বিরাশি সিক্কার চপেটাঘাত! রাগ, দুঃখ, ক্ষোভ, যন্ত্রণা শ্লেষ হয়ে ঝরে পড়েছিল তাঁর কথায়। চাপা ক্রোধে বলেছিলেন, ‘ইলিশ আমরা দেখি দূর থেকে। খাওয়ার সাধ আছে, কেনার সাধ্য নেই। ইলিশ নয়, আমাদের মতো গরিবের কাছে জাতীয় মাছ পাঙাশ।’

অধ্যাপক ওয়াহাব মাটির মানুষ। যুক্তি মানতে দেরি করেননি। বলেছিলেন, বাংলাদেশের বাজারব্যবস্থা, নব্যধনী, ব্যাপারীর মানসিকতা এবং সরকারি নীতির পরিবর্তন জরুরি। আমি তাঁর সঙ্গে বাড়তি যোগ করেছিলাম, ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের নাবালকত্বের কথা। বলেছিলাম, এই দেশে ভোক্তা আন্দোলন হামাগুড়ির পর্যায়ও পেরোয়নি। ক্রেতার স্বার্থের দিকে কারও নজর নেই—না ক্রেতা, না বিক্রেতা, না সরকার। তাই এখনো পণ্যের পরিমাণ থেকে প্যাকেটের ওজন বাদ দেওয়া হয় না!

প্রথম আলোয় এই অভিজ্ঞতা লিখেওছিলাম। ‘মাছ, মিষ্টি ও ক্রেতার স্বার্থ নিয়ে দু–চার কথা’ (১২ অক্টোবর, ২০২০)। বিষয়টি আলোচিত হলেও সমাজ আলোড়িত হয়েছিল বলে মনে হয় না। দেশের উপভোক্তা অধিকার সংস্থা কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যে তা নিয়ে আদৌ চিন্তিত, সে প্রমাণ পাইনি, হেলদোল দেখিনি। নড়াচড়া থাকলে দুই বছর পর প্রথম আলোয় (১ মে, ২০২২) মনোজ দে নতুন করে সেই প্রয়োজনীয়তার এক চমৎকার আখ্যান ‘কেন ২৫০ গ্রাম মাংস, ৪ টুকরা ইলিশ মাছ কিনতে পারব না?’ রচনা করতেন না।

আরও পড়ুন

জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে আজ ব্যবসার যে নতুন মডেল হামাগুড়ি দিতে শুরু করেছে, ভারতের সর্বত্র তা বিদ্যমান আবহমান কাল ধরে। দেশের সব বাজারে ধনী–দরিদ্র সবাই সমান অধিকারী, নিজের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী পণ্য কেনার। যাঁর যতটুকু দরকার, তিনি ততটুকুই কিনতে পারেন। রাষ্ট্র সেই অধিকার নাগরিকদের দিয়েছে। বাজারও সেই অধিকারকে সম্মান জানিয়েছে। ভারতের বাজার যতটা বিক্রেতার, ততটাই ক্রেতারও। উপভোক্তা আন্দোলন এতটাই জোরালো যে অন্যথার উপায় নেই। মাছওয়ালা সেখানে বাধ্য করেন না গোটা মাছ কিনতে, মাংসওয়ালা বাধ্য করেন না কেজি কেজি কিনতে। এক কেজি পণ্য মানে এক কেজিই। প্যাকেট বা বাক্সের ওজনসহ নয়।

আরও পড়ুন

পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন, জয়পুরহাটের ‘এসো’ ও জাকস ফাউন্ডেশন, দিনাজপুরের গ্রাম বিকাশ কেন্দ্র ও মহিলা বহুমুখী শিক্ষাকেন্দ্র, খুলনার নবলোক পরিষদ, রাজশাহীর মোহনপুরের শতফুল বাংলাদেশ, শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি কিংবা সামছুদ্দিন সরদার, ইলিয়াস সওদাগর, শাহদাত হোসেনরা নিকষ কালো আঁধারে আশার যে প্রদীপ জ্বেলেছেন, রাষ্ট্র ও সমাজ একাগ্র হলে একদিন সেটাই হবে বাজারের চালিকাশক্তি। ‘নিও নর্মাল’।

বাংলাদেশের মানুষের যে সেই ক্ষমতা আছে, ইলিশ বিপ্লব তার সবচেয়ে বড় উদাহরণ। সামাজিক ও রাজনৈতিক ইচ্ছাশক্তি, তাগিদ, আইনের শাসন, জন–আন্দোলন ও ইলিশের প্রতি দায়বদ্ধতা মাছের রানির বার্ষিক উৎপাদন দুই লাখ টন থেকে ছয় লাখে নিয়ে গিয়েছে। যে দেশের মানুষ দুই দশকের মধ্যে এই অসাধ্য সাধন করতে পারে, সেখানে বাজারব্যবস্থার সংস্কার তো নস্যি! দরিদ্র মানুষের জন্য তো অবশ্যই, প্রয়োজনমাফিক সবকিছু বিক্রির বন্দোবস্ত করা জরুরি সবার স্বার্থেই।

পকেটে হাত দিয়ে মো. আলমগীর বিক্রেতাকে বললেন, আজ টাকা নেই সঙ্গে। কাল যদি বিক্রেতা আসেন, তাহলে তিনি কিনতে আসবেন।
ছবি : প্রথম আলো

কবি, গীতিকার ও শায়র মজরুহ সুলতানপুরীর সেই অমর শের মনে পড়ছে। ‘ম্যায় আকেলা হি চলা থা জনাব–এ–মঞ্জিল/মগর লোগ সাথ আতে গ্যয়ে/ঔর কারবাঁ বনতে গ্যয়া’। সামছুদ্দিন সরদার, ইলিয়াস সওদাগর, শাহাদাত হোসেনরাও একলাই পথ চলা শুরু করেছেন। ক্রমেই জনতা এগিয়ে আসবে। দেখতে দেখতে একটা সময় একলা পথচলা মিছিলের রূপ নেবে।