আমির এত দিন পর কেন বললেন ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের গল্প নয়, এ নিয়ে কেন বিতর্ক
হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা আমির খান বলেছেন, ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটি মোটেই লাদাখি পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের জীবনকাহিনি নয়। এ নিয়ে প্রচলিত ধারণা ভুল।
গতকাল বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালে আমির খানের সিনেমা ‘লগান’ প্রদর্শিত হয়। প্রদর্শনীর পর দর্শকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে আমির এই মন্তব্য করেন।
আমিরের এই মন্তব্য বিস্ময়কর। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ মুক্তি পাওয়ার পর থেকে এতগুলো বছর সবাই এটাই জেনে এসেছেন, সোনম ওয়াংচুকের জীবনই ওই জনপ্রিয় সিনেমার আধার। তাঁর জীবনকাহিনি থেকেই অনুপ্রাণিত হয়ে সিনেমাটি তৈরি হয়েছে। শুধু তা–ই নয়, সিনেমাটি জনপ্রিয় হওয়ার পর লাদাখে যাওয়া পর্যটকেরা সদল ওয়াংচুকের স্কুল দেখতে যাওয়াও শুরু করেন।
এত বছর ধরে আমির খান এই বিষয় নিয়ে মুখ খোলেননি। তাঁর কথায় যা ‘ভ্রান্ত ধারণা’, তা নিয়ে কোনো মন্তব্য করেননি সিনেমার কাহিনিকার ও পরিচালকেরাও। এত বছর পর আমির খান কেন এই মন্তব্য করলেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সেই মন্তব্যও এমন এক সময়ে তিনি করলেন, যখন ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মী ও ছাত্রসমাজ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন এবং সোনম ওয়াংচুক তাঁদের সমর্থনে অনশন করছেন।
দর্শকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের উত্তরে আমির বলেন, ‘“থ্রি ইডিয়টস” সোনম ওয়াংচুকের জীবনের ওপর ভিত্তি করে তৈরি, এই ধারণা ভুল। এটা একেবারেই সত্য নয়। এই সিনেমার কাহিনি যখন লেখা হচ্ছিল, তখন ওয়াংচুক সম্পর্কে কোনো তথ্যই আমাদের কাছে ছিল না। আমি তাঁকে জানতামও না।’
আমির বলেন, ‘এই কদিন আগে আমি একটা ভিডিও দেখলাম। তাতে ওম বৈদ্যকে (যিনি “থ্রি ইডিয়টস” সিনেমায় চতুর রামালিঙ্গমের ভূমিকায় অভিনয় করেছেন) এই বিষয়ে বলতে শুনেছি। ওম ঠিক বলেননি। ওটা ওঁর ধারণা হতে পারে। তবে উনি ঠিক বলছেন না। এই সিনেমার দুই কাহিনিকার রাজু (রাজকুমার হিরানি) ও অভিজাতও (অভিজাত যোশী) সোনম ওয়াংচুককে জানতেন না। এটাই সত্য।’
সোনম ওয়াংচুকের প্রসঙ্গটা দর্শকেরা টেনে আনেন, যেহেতু তিনি অনশন করছেন এবং আমির খান এখনো ওই বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমির ‘ভুল ধারণা ঠিক করার’ কথা বলেন। তবে সেই সঙ্গে সোনম ওয়াংচুকের প্রতি শ্রদ্ধাবশত তিনি বলেন, ‘উনি যা করছেন, তা পুরোপুরি ঠিক। ভালো কাজ করছেন। সে জন্য আমি তাঁকে শ্রদ্ধা করি।’
আমির বলেন, ‘সোনম ওয়াংচুক অনশন করছেন। তাঁর শরীর স্বাস্থ্য নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আমরা সবাই চাই উনি অনশন শেষ করুন।’
ওম বৈদ্যর যে ভিডিওর উল্লেখ আমির করেন, তাতে ওমকে বলতে শোনা যায়, ‘আপনারা কি জানেন, “থ্রি ইডিয়টস”–এর ফুংসুক ওয়াংডু চরিত্রটি আসলে লাদাখি শিক্ষাবিদ, সংস্কারক, প্রকৌশলী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের আদলে গড়া? ওই মানুষটির সঙ্গে আমি দেখা করেছি। চমৎকার মানুষ। এই মুহূর্তে তিনি অনশন করছেন। তাঁর রক্তচাপ খুব কমে গেছে। আমি জানি না, আপনারা এটা জানেন কি না। গণমাধ্যম প্রচার দিচ্ছে কি না, তা–ও জানি না। আমি চাই না ফুংসুক ওয়াংডুর মৃত্যু হোক। আমি জানি, আপনারাও তা চাইবেন না।’
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সিবিএসইর দুর্নীতি নিয়ে ছাত্রসমাজ যখন উদ্বেল সেই সময় এক মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বেকার তরুণদের একাংশকে ‘তেলাপোকা ও পরজীবী’ বলে মন্তব্য করেছিলেন।
সূর্যকান্তির বক্তব্যের প্রতিবাদে সামাজিকমাধ্যমে জন্ম হয় ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। যুক্তরাষ্ট্রে এক ভারতীয় পড়ুয়া অভিজিৎ দিপকে ওই আন্দোলন শুরু করেন। পরে দেশে ফিরে বিভিন্ন শহরে ছাত্র আন্দোলন শুরু করেন। দিল্লির যন্তর মন্তরে শুরু করেন বিক্ষোভ সমাবেশ।
সিজেপির দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। সেই দাবি মানার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। শিক্ষাবিদ সোনম ওয়াংচুক এই আন্দোলনে যোগ দিয়ে অনশন শুরু করেছেন। আজ শুক্রবার তাঁর অনশনের কুড়িতম দিন।
সোনমের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিন দিন। ছাত্রসমাজের দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা যন্তর মন্তরে গিয়ে সোনমকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করেন আম আদমি পার্টির (এএপি) নেতা দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব। সংহতি জানিয়ে ও সমর্থন নিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস, আরজেডি, উদ্ধবপন্থী শিবসেনা ও বামপন্থী নেতারাও।
এত দিন এই আন্দোলন নিয়ে চুপ থাকা কংগ্রেস দলও গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, সংসদের অধিবেশনে তারাও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানাবে। দলের সাংগঠনিক সম্পাদক কে সি বেনুগোপাল অনশনে ইতি টানার জন্য ওয়াংচুককে অনুরোধ জানিয়ে বলেছেন, শিক্ষাব্যবস্থা নিয়ে সোনমের উদ্বেগ আমাদেরও উদ্বেগ। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি থেকে কংগ্রেস সরে আসবে না। সবার অনুরোধ, ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও পরিবেশবিদ ওয়াংচুক অনশন ভাঙুন।
একই অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ, ঋদ্ধি সেন, স্বরা ভাস্কর, সোনাক্ষী সিনহা, শাবানা আজমি, জিনাত আমান, ফতিমা সানা শেখ, বীর দাস, অদিতি রাও হায়দারিরা।
গায়ক অরিজিৎ সিং ‘এক্স’ হ্যান্ডলে লিখেছেন, ‘আপনার পাশে আছি, সোনম ওয়াংচুক স্যার। আপনার জন্য অনেক ভালবাসা।’
সোনমকে সমর্থন জানিয়ে এক দিনের প্রতীকী অনশন করেছেন অভিনেতা অতুল কুলকার্নি। ‘থ্রি ইডিয়টস’–এ তিনি অভিনয়ও করেছিলেন। অতুল বলেছেন, সরকার সংবেদনশীল হোক। দ্রুত সমাধান করুক। দিল্লি হাইকোর্ট গতকাল কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়মিত পরীক্ষা করে চিকিৎসায় উদ্যোগী হতে।
সোনম ওয়াংচুকের ওজন কমেছে ৯ কেজি। রক্তচাপ দিন দিন কমছে। মাংসপেশি ভাঙছে। দুর্বল হচ্ছে। রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। অথচ সরকার এখনো আলোচনায় বসার আগ্রহ দেখায়নি।
আইনজীবী কপিল সিব্বাল ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মহাত্মা গান্ধী অনশনে বসলে ব্রিটিশরা তাঁর সঙ্গে কথা বলত। আলোচনায় বসত। আন্না হাজারের অনশনের সময় ইউপিএ সরকারও আলোচনায় বসেছে। অথচ মোদি সরকার নীরব। আন্দোলনকারীদের কথাই শুনতে চাইছে না।