জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা হারাল মমতার তৃণমূল ও সিপিআই, নতুন মর্যাদায় কেজরিওয়ালের দল

মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের জাতীয় রাজনৈতিক দলের মর্যাদা হারাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস দল। গতকাল সোমবার ভারতের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এর ফলে এখন ভারতে জাতীয় রাজনৈতিক দল হিসেবে টিকে রইল মাত্র ছয়টি রাজনৈতিক দল। দলগুলো হল: বিজেপি, জাতীয় কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি), সিপিএম, আম আদমি পার্টি (আপ) এবং কনরাড সাংমার নেতৃত্বাধীন এনপিপি (ন্যাশনাল পিপিলস পার্টি)।

২০১৬ সালে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের মর্যাদা দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। সেই মর্যাদা এবার হারাল তৃণমূল। এখন ভারতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ২ হাজার ৮৫৮টি। আর অনিবন্ধিত দল রয়েছে ২ হাজার ৭৯৬টি।

মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: ভাস্কর মুখার্জি

এ বছরে ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের ব্যাপক পরাজয়ের পর পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি তোলেন তৃণমূলের জাতীয় দলের মর্যাদা বাতিলের। কারণ হিসেবে তিনি বলেন, ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল নোটা (কোনো প্রার্থীকে ভোট নয়) ব্যালটের ঘরে প্রাপ্ত ভোটের চেয়ে অনেক কম ভোট কম পেয়েছিল তৃণমূল কংগ্রেস।

তাই নির্বাচন কমিশনের আদেশে মমতার দল তৃণমূল হারাল জাতীয় দলের মর্যাদা। পাশাপাশি একই মর্যাদা হারাল সিপিআই ভারতের কমিউনিস্ট পার্টি এবং শারদ পাওয়ারের দল এনসিপি বা জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি। তবে নতুন করে জাতীয় দলের মর্যাদা পেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ)। আপ এখন দিল্লি এবং পাঞ্জাব রাজ্যে ক্ষমতায়।

কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছিল ১৯৯৮ সালের ১ জানুয়ারি। মমতা ছিলেন অবিভক্ত যুব কংগ্রেসের রাজ্য সভাপতি। কিন্তু দলের নেতাদের সঙ্গে বনিবনা না হওয়ায় মমতা কংগ্রেস ছেড়ে নতুন দল তৃণমূল কংগ্রেস গড়েন। এখন মমতার তৃণমূল কংগ্রেস  কেবলমাত্র পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায়।

২০১৬ সালের ২ সেপ্টেম্বর নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের মর্যাদা দিয়েছিল নির্বাচন কমিশনের শর্ত পূরণ করার জন্য। এর আগে ভারতের নির্বাচন কমিশন অস্তিত্বহীন ভারতের ৮৬টি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশনও  বাতিল করে দিয়েছিল।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘এ মুহূর্তে আমরা এ নিয়ে কোনো মন্তব্য করছি না। বিষয়টি খতিয়ে দেখে দল যথাযথ কথা বলবে।’

যদিও ভারতের কোনো রাজনৈতিক দলকে জাতীয় দলের মর্যাদা পেতে হলে তিনটি শর্তের একটি পূরণ করতে হয়। লোকসভা নির্বাচনে অন্তত ৪টি রাজ্য থেকে ৬ শতাংশ হারে ভোট পেতে হবে।

অথবা লোকসভার ৩টি রাজ্য থেকে ১১টি আসন অথবা ২ শতাংশ ভোট পেতে হবে এবং ৪টি রাজ্যে ওই দলকে রাজ্যদলের মর্যাদা পেতে হবে অথবা আগের জেতা ৪টি আসনে পুনরায় জিততে হবে। এসব শর্ত পূরণ না হওয়ায় গতকাল কেড়ে নেওয়া হয়েছে তৃণমূলসহ আরও ২টি দলের জাতীয় দলের মর্যাদা।