সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করেছেন ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ খবর জানান তাঁরা।
৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুজনের ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগ করেন তিনি। এর জবাবে ৪৯ বছর বয়সী এই সাংবাদিক ওমর আবদুল্লাহকে ট্যাগ করে লেখেন, ‘ইটস ডান ব্রো।’ এর মধ্য দিয়ে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।
এই বিয়ে সম্পর্কে অবগত কয়েকজন জানান, বিয়ে উপলক্ষে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে শ্রীনগরে ছোট পরিসরে একটি ঘরোয়া আয়োজন করা হয়। সেখানে ছিলেন ওমর আবদুল্লাহর বাবা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ, মা মলি আবদুল্লাহ, তাঁর তিন বোন এবং অন্য ঘনিষ্ঠ আত্মীয়স্বজন। নিধি রাজদানের মা-বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান ও সরলা রাজদানও সেখানে ছিলেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর আগের স্ত্রী ছিলেন পায়েল আবদুল্লাহ। তাঁদের বৈবাহিক সম্পর্কের মধ্যকার টানাপোড়েন একপর্যায়ে আদালতে পৌঁছায়। এ নিয়ে কয়েক বছর ধরে আইনি লড়াই চলে। দীর্ঘদিন ধরে আলাদা থাকা এই দম্পতি সমঝোতায় পৌঁছানোর পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। এরপর গত জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্ট তাঁদের বিবাহবিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে মঞ্জুর করেন।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, দিল্লির দ্য ওবেরয় হোটেলে কাজ করার সময় পরিচয় হয় ওমর আবদুল্লাহ ও পায়েলের। এরপর ১৯৯৪ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই ছেলে রয়েছে। তাঁদের নাম জাহির ও জামির।
২০০৯ সাল থেকে এই দম্পতি আলাদা থাকছিলেন। ২০১১ সালে ওমর তাঁদের আলাদা থাকার বিষয়টি প্রকাশ্যে জানান।