ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছেলের আত্মহত্যা, এক দিন পর বাবার মরদেহ উদ্ধার
মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা দ্য ন্যাশনাল এলিজিবিটি কাম এনট্রান্স টেস্টে (এনইইটি বা নিট) অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেন ছেলে। ছেলের এ অপমৃত্যুর শোক সইতে না পেরে এক দিন পর গলায় ফাঁস দেন বাবা। দুই দিনের ব্যবধানে ছেলে ও বাবার এমন করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে।
নিটে অকৃতকার্য হয়ে আত্মহত্যা করা ওই শিক্ষার্থীর নাম জগদীশবরণ (১৯)। তাঁর বাবার নাম সেলবাশেখর।
জগদীশবরণ ২০২২ সালে উচ্চমাধ্যমিক (১২ শ্রেণি) পাস করেন। তাঁর মোট নম্বর ছিল ৪২৭। পরপর দুবার চেষ্টা করেও এনইইটিতে কৃতকার্য হতে পারেননি তিনি। এ অবস্থায় ১২ আগস্ট তিনি আত্মহত্যা করেন। বাবা সেলবাশেখর বাড়িতে এসে ছেলের মরদেহ দেখতে পান।
ছেলের এই অপমৃত্যুর শোক বাবা সেলবাশেখর সইতে পারেননি উল্লেখ করে পুলিশ জানায়, আজ সোমবার সকালে বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শোক জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের প্রতি আবেদন জানিয়ে বলেছেন, ‘আত্মহত্যার চিন্তা দূরে থাক, বরং আত্মবিশ্বাসী হও, জীবনকে উপভোগ করো।’