ফিরহাদ হাকিমের জামাতা যোগ দিলেন কংগ্রেসে
কলকাতার মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসের হায়দার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। আজ শনিবার কংগ্রেসের রাজ্য দপ্তরে এসে ইয়াসিন কংগ্রসে যোগ দেন। কোনো শীর্ষ তৃণমূল নেতার আত্মীয়ের এই দলবদল পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনার সৃষ্টি করেছে।
ইয়াসের হায়দার একসময় ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক। তিনি আজ কংগ্রেসের রাজ্য দপ্তরে এসে কংগ্রেসের রাজ্য সভাপতি ও সংসদ সদস্য অধির চৌধুরীর হাত ধরে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে কংগ্রেসে যোগদান করেন। ইয়াসের হায়দার বলেন, তিনি তৃণমূলে কাজ করার কোনো সুযোগ পাননি। এবার তিনি কংগ্রেসকে আরও শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল ছেড়েছেন।
দলে কাজ করতে পারছিলেন না, সেটা কি তৃণমূল নেতৃত্বকে জানিয়েছিলেন—এমন প্রশ্নের উত্তরে ইয়াসের বলেন, ‘কংগ্রেসে যোগ দিয়েছি, তাই বলতে দ্বিধা নেই যে তোলাবাজি, দুর্নীতি যত দেখেন আপনারা, আমি কখনোই তাতে জড়িত ছিলাম না।’
ইয়াসের বলেন, ‘তৃণমূলও কংগ্রেস থেকে এসেছে। তাই ফিরে গেলাম আমাদের পুরোনো দলেই।’
অধীর চৌধুরীর পাশে বসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াসের হায়দার বলেন, ‘মানুষের জন্য কাজ করতে রাজনীতিতে এসেছিলাম। মনে হয় কংগ্রেসে থেকে রাহুল গান্ধী ও অধীর চৌধুরীর নেতৃত্বে মানুষের জন্য কাজ করতে পারব। কংগ্রেস ভেঙেই একসময় তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল। তাই এই দলে যোগ দিলাম।’
ফিরহাদের মেয়ে প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসের। ইয়াসির একাধিকবার বিদেশ গিয়েছেন এবং তাঁর মারফত বিদেশে টাকা পাচার হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে প্রিয়দর্শিনীকে নোটিসও দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এর আগে ২০২১ সালেও তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ইয়াসের। বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে ফেসবুকে ক্ষোভ ঝাড়েন তিনি। সেই সময় তাঁর বক্তব্য ছিল, যাঁরা দিনরাত দলের জন্য কাজ করেন, তাঁদের কেউ পাত্তা দেন না। ভুঁইফোড় সেলিব্রিটিরা এসে টিকিট তুলে নিয়ে যান।