পশ্চিমবঙ্গে তৃণমূলের ‘নবজোয়ার যাত্রা’, শুরুতেই গন্ডগোল
দলকে দুর্নীতিমুক্ত করতে ও উন্নয়নমুখী প্রকল্পে মানুষের সমর্থন পেতে আজ মঙ্গলবার ‘নবজোয়ার যাত্রা’ শুরু করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে আজ শুরুর দিনই ঘটেছে গন্ডগোল। আর তা হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই। এ রাজ্যে কিছুদিন পরই হবে স্থানীয় সরকারের নিম্নতম স্তর পঞ্চায়েতের নির্বাচন। সেই নির্বাচন সুষ্ঠুভাবে করতে চায় তৃণমূল। কিন্তু আজ এই নবজোয়ার যাত্রার প্রথম দিনে পঞ্চায়েতে নিজ দলের প্রার্থী নির্বাচন ভন্ডুল হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই।
তৃণমূলের কর্মসূচি অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে দুই মাস ধরে প্রচার চালাবেন রাজ্যজুড়ে। ঘুরবেন রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এলাকা। সেই লক্ষ্যে আজ প্রথম শুরু হয় তৃণমূলের ‘নবজোয়ার যাত্রা’। কোচবিহার থেকে শুরু হয় এই যাত্রা।
আগেই তৃণমূল ঘোষণা দিয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে এবার প্রার্থী বাছাই করা হবে এলাকার তৃণমূল নেতা-কর্মী সদস্যদের মতামত নিয়ে। দলও আর নিজেদের পছন্দের প্রার্থী তালিকা প্রকাশ করবে না। এলাকার তৃণমূল নেতা, কর্মীরা এগিয়ে এসে ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাই করবেন। এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেস ২২ সদস্যের একটি কমিটিও গঠন করে। এর নেতৃত্বে রয়েছেন তৃণমূল নেতা ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
সেই লক্ষ্য নিয়ে আজ কোচবিহারের দিনহাটার গোঁসানিমারীতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি গোঁসানিমারীর হাইস্কুল ময়দানে তৃণমূলের সভায় যোগ দিয়ে আবেদন জানান, ‘আপনারা এবার নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন করে ভোট দিন। নিয়ে নেবেন ব্যালট পেপার। তারপর তা ফেলবেন ব্যালট বাক্সে।’
অভিষেকের কথা অনুযায়ী, এই লক্ষ্যে মঞ্চে রাখা হয় একটি ব্যালট বাক্সও। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী সভায় যোগ দেওয়ার জন্য মঞ্চ থেকে নেমে গেলে শুরু হয়ে যায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি সংঘর্ষ। ছিনিয়ে নেওয়া হয় ব্যালট পেপার। ছিঁড়ে ফেলা হয় ব্যালট পেপার। ভেঙে ফেলা হয় ব্যালট বাক্স।
এ ঘটনা শোনার পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা দেন, আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবার প্রার্থী যাচাইয়ের জন্য আজকের স্থানেই ভোট গ্রহণ করা হবে।