অযোধ্যায় রামমন্দির উদ্বোধন আগামী বছরের জানুয়ারিতে: অমিত শাহ
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় আগামী বছরের জানুয়ারি মাসে হিন্দু দেবতা রামচন্দ্রের মন্দির উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ বৃহস্পতিবার ত্রিপুরায় এক গণসমাবেশে অমিত শাহ এ ঘোষণা দেন। আগামী বছরের লোকসভা নির্বাচনের মাস তিন আগে হিন্দুধর্মাবলম্বীদের মন্দিরটি উদ্বোধন করা হবে। এ মন্তব্যের মধ্য দিয়ে অমিত শাহ এটা স্পষ্ট করে দিলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারণায় ধর্মীয় আবেগই গুরুত্ব পাবে।
আজ ত্রিপুরায় এক গণসমাবেশে অংশ নেন অমিত শাহ। আগামী কয়েক মাসের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের আগে এ প্রচারণা শুরু করলেন তিনি। আজ দক্ষিণ ত্রিপুরার সব্রুমে রাজ্যের নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। এ ছাড়া রাজ্যের দুই প্রান্ত থেকে দুটি রথযাত্রার উদ্বোধন করেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতে গিয়ে বছরের পর বছর রামমন্দিরের নির্মাণকাজ আটকে রেখেছিল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ পরিস্থিতির পরিবর্তন করেছেন।
অমিত শাহ বলেন, বাবর (মোগল সম্রাট) এ মন্দির ভেঙেছিলেন। যখন ভারত স্বাধীন হয়েছে, তখন থেকে কংগ্রেস বারবার আদালতে গিয়ে এ মন্দির নির্মাণের কাজ আটকে দিয়েছে। নিম্ন আদালত, রাজ্যের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আবার নিম্ন আদালতে গিয়ে মন্দির বানাতে বাধা দিয়েছিল তারা। যেদিন সুপ্রিম কোর্টের রায় দেওয়া হলো, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মন্দির নির্মাণের কাজে ঝাঁপিয়ে পড়লেন।
মন্দির উদ্বোধনের সময়ের ঘোষণা দিয়ে রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করেন অমিত শাহ। তিনি বলেন, ২০১৯ সালে তিনি যখন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তখন রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি ছিলেন।
অমিত শাহ আরও বলেন, ‘সে সময় রাহুল প্রতিদিনই বলতেন, বিজেপি মন্দির বানাবে, কিন্তু কবে বানাবে, তা কিছুতেই বলছে না। এখন কান খুলে শুনে নিন, ২০২৪ সালের ১ জানুয়ারি অযোধ্যায় আকাশছোঁয়া রামমন্দির তৈরি হবে। আপনারা সব্রুমের মানুষও ট্রেনের টিকিট করে ফেলুন।’
২০২৩ সালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্য মিলিয়ে ১০ জায়গায় বিধানসভা নির্বাচন হবে। নির্বাচনে জয়ের জন্য একটানা প্রচার চালাবেন অমিত শাহ। কারণ, শেষ পর্যন্ত সব রাজ্য ও জাতীয় নির্বাচনে হারজিতের অনেকটাই নির্ভর করছে তাঁর ওপর। সেই ১০ রাজ্যের প্রচারণার কাজ ত্রিপুরা থেকেই শুরু করলেন তিনি।