মা-বাবার প্রথম দেখা হওয়া সেই রেস্তোরাঁয় রাহুলও ‘গার্লফ্রেন্ড’ নিয়ে গিয়েছিলেন

সোনিয়া গান্ধীর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মায়ের সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ১৬ নভেম্বর ২০২৬, নয়াদিল্লিছবি: এএনআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের কেমব্রিজের যে রেস্তোরাঁয় রাজীব গান্ধী ও সোনিয়া মাইনোর প্রথম দেখা, যেখানে প্রথম দর্শনেই সোনিয়ার প্রেমে পড়া, রাহুল গান্ধী একটা সময় সেই রেস্তোরাঁ দেখতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর তৎকালীন ‘গার্লফ্রেন্ড’। সোনিয়ার আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এর আনুষ্ঠানিক উন্মোচন উপলক্ষে রাহুল নিজেই এ কথা জানিয়েছেন।

গতকাল সোমবার রাজধানী দিল্লির এক সাত তারা হোটেলের অনুষ্ঠানে ওই গল্প শুনিয়ে রাহুল বলেন, মা–বাবার প্রথম কোথায় দেখা হয়েছিল সেই কাহিনি অনেকবার শুনেছি। সেই জায়গাটা তাই দেখতে গিয়েছিলাম।

কেমব্রিজের সেন্ট অ্যান্ড্রুজ স্ট্রিটের সেই ফুড জয়েন্টের নাম ছিল ‘ভার্সিটি রেস্তোরাঁ’। ওটা ছিল এক গ্রিক রোস্তোরাঁ। সেখানে অনেক ইউরোপীয় ছাত্রছাত্রীর মতো ভারতীয়রাও খাবার খেতে যেতেন। রাজীবের সঙ্গে সোনিয়ার ওখানেই প্রথম দেখা। ষাটের দশকের মধ্যভাগে কেমব্রিজে সেটাই ছিল একমাত্র রেস্তোরাঁ, যেখানে এমন খাবার পাওয়া যেত যার স্বাদ ইতালীয় খাবারের কাছাকাছি।

সোনিয়া লিখেছেন, দুজনের এক ‘কমন ফ্রেন্ড’ তাঁদের মধ্যে আলাপ করিয়ে দিয়েছিল। সেই আলাপই তাঁদের দুজনের ভাগ্য নির্ধারণ করেছিল।

সোনিয়ার কথায়, ‘প্রথম দেখাতেই মনে হয়েছিল এমন একজন মানুষকেই আমি খুঁজছিলাম, যাঁর সঙ্গে থাকতে আমার ভালো লাগবে। পরে জেনেছিলাম, রাজীবেরও তেমনই মনে হয়েছিল। রাজীব ছিলেন লম্বা এবং সুদর্শন। তাঁর চোখ ছিল কালো। সঙ্গীদের থেকে আলাদা লাগত তাঁকে। বিশ্ববিদ্যালয়ে যে টেবিলে তাঁরা সচরাচর বসে থাকতেন, আমরা বসতাম তার উল্টো দিকে। আমার বয়স তখন সবে ১৯ বছর। ইতালি থেকে লন্ডনে পড়তে এসেছি।’

সেই গ্রিক রেস্তোরাঁ, যেখানকার খাবার স্বাদে–গন্ধে কিছুটা ইতালীয়দের রসনার কাছাকাছি, সোনিয়াকে তা টানত। কারণ, যে পরিবারে পেয়িং গেস্ট হিসেবে তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেই ইংরেজ পরিবারের খাবার তাঁর রুচত না। সব খাবার তাঁর স্বাদহীন গন্ধহীন রংহীন মনে হতো।

বাধ্য হয়ে সোনিয়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয়ে যেতেন, যেখানকার সাজসজ্জা ছিল সাধারণ। কাঠের টেবিল চেয়ার। টেবিলের ওপর সাদা কাপড় পাতা। কিন্তু জায়গাটা ছিল আনন্দদায়ক ও আকর্ষণীয়। ছাত্রছাত্রীরা অনবরত ঢুকত বেরোত। হইহই করত। প্রধান ওয়েটার এবং গ্রিক মালিক তাদের প্রশ্রয় দিতেন।

খুঁজে খুঁজে সেখানেই রাহুল গিয়েছিলেন তাঁর তৎকালীন ‘গার্লফ্রেন্ডকে’ নিয়ে।

রাহুল বলেন, ‘সেখানকার হলুদ রঙের দরজা এবং সেই দরজার পাশে দাঁড়িয়েছিলেন একজন। সেই ভদ্রলোক আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিলেন, কতজন? আমি বলেছিলাম, দুজন।’ ওয়েটার বললেন, ‘ভেতরে গিয়ে বসুন।’

রাহুল বলেন, ‘ভেতরে গিয়ে আমি মেনু কার্ডের দিকে তাকিয়ে তাঁকে বলেছিলাম, জানেন, আমার মা–বাবার এখানেই প্রথম দেখা হয়েছিল। এই রেস্তোরাঁয়।’

রাহুল বলেন, ‘রেস্তারাঁর ভেতরে বসার পর এক কর্মীকে বলি, এখানেই আমার মা ও বাবার প্রথম দেখা হয়েছিল। তা শুনে আমার দিকে অবাক চোখে তাকিয়ে তিনি বলেন, ‘ওহ, আপনি ওঁদের কথা বলছেন? তাঁদের আমি চিনি।’

ওয়েটারের কথা শুনে আমি অবাক হয়ে বলেছিলাম, ‘আপনি তাঁদের সম্পর্কে কী জানেন?’ তা শুনে সেই মানুষটি বলেছিলেন, ‘আপনি যাঁদের কথা বলছেন, তাঁদের আমি বেশ মনে করতে পারি। খুব ভালোভাবেই মনে আছে তাঁদের কথা।’

এরপর রাহুল বলেন, ‘আমি জানতে চেয়েছিলাম মেনু অনুযায়ী কোন খাবারটা ভালো।’ তা শুনে তিনি বলেছিলেন, ‘চিকেন শ্যাশো।’

রাহুল বলেন, ‘আমি দুই প্লেট অর্ডার দিয়েছিলাম।’ এর পরেই কংগ্রেস নেতা বলেন, ‘আপনি যদি প্রেমে পড়তে চান, তাহলে ভার্সিটি রোস্তোরাঁয় যান। কিন্তু ভুলেও চিকেন শ্যাশো খাবেন না। অখাদ্য। যদিও ওই খাবার আমার মা–বাবার দারুণ লেগেছিল। আমার অবশ্য জঘন্য লাগে।’

সেই সংক্ষিপ্ত ভাষণের মধ্যেই সোনিয়ার দিকে তাকিয়ে রাহুল বলেন, ‘মা, পাপা তোমাকে ভালোবাসতেন। কিন্তু আজ তিনি তোমাকে নিয়ে যে কতটা গর্বিত হতেন, তা আমি বলে বোঝাতে পারব না।’

রাহুল নিজেই তাঁর ‘গার্লফ্রেন্ড’ বা বান্ধবীর কথা বলায় স্বাভাবিকভাবেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তা নিয়ে প্রবল চর্চা শুরু হয়েছে। অনুষ্ঠান শেষে রাহুলকে এই প্রসঙ্গে জিজ্ঞেসও করা হয়েছিল। উত্তরে হাসতে হাসতে তিনি বলেছেন, ‘তিনি আমার শুধুই বন্ধু।’

রাহুলের বান্ধবী নিয়ে চর্চা এর আগেও হয়েছে। তবে রাহুল নিজে থেকে কাউকে ‘গার্লফ্রেন্ড’ বলে জানাননি। অতীতে রটেছিল, রাহুলের নাকি এক বান্ধবী আছেন, যিনি কলম্বিয়ার নাগরিক।

অবশ্য ২০০৪ সালে লোকসভা নির্বাচনের সময় রাহুলের এক বান্ধবীর কথা শোনা গিয়েছিল, যাঁর নাম ছিল ভেরোনিক। তিনি স্পেনের নাগরিক। পেশায় স্থপতি। কিন্তু তার পর থেকে রাহুলের প্রেম বা বান্ধবী নিয়ে কিছু শোনা যায়নি। এত দিন পর রাহুল নিজেই তাঁর অতীতের ‘গার্লফ্রেন্ড’–এর প্রসঙ্গ তুললেন। যদিও ওই পর্যন্তই। বাকিটুকু ঊহ্য রাখলেন।