দিল্লির তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াসে নামল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র ঠান্ডায় নাকাল দিল্লিবাসী।
ছবি: এএফপি

ঘুম থেকে জেগে হিমশীতল একটি সকালের অভিজ্ঞতা হলো ভারতের রাজধানী নয়াদিল্লির বাসিন্দাদের। নয়াদিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা আজ সোমবার ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। খবর এনডিটিভির।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, নয়াদিল্লির ওপর দিয়ে নতুন করে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহের সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। একই অবস্থা বিরাজ করছে পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে। এ ছাড়া উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সঙ্গে ঘন কুয়াশা রয়েছে।

আগামী তিন দিন উত্তর ভারতের বিভিন্ন এলাকার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে থাকবে ঘন কুয়াশা।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ১৮ থেকে ২০ জানুয়ারি নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

আরও পড়ুন

সপ্তাহ দুয়েক ধরে নয়াদিল্লিসহ তার আশপাশের এলাকার তাপমাত্রা কমছিল। ৮ জানুয়ারি সকালে সফদারজং আবহাওয়াকেন্দ্রে দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০২১ সালে ভারতের রাজধানীর তাপমাত্রা নেমেছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে।

চলমান শৈত্যপ্রবাহের কারণে ১৫ জানুয়ারি পর্যন্ত সব বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল দিল্লির শিক্ষা অধিদপ্তর।