আজাদের দল ছেড়ে ফের কংগ্রেসে কাশ্মীরি নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেস সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর
ছবি: এএনআই

ভারত জোড়ো যাত্রা জম্মু-কাশ্মীরে প্রবেশের আগেই গুলাম নবি আজাদের সঙ্গে দলত্যাগী কংগ্রেস নেতারা ঘরে ফিরলেন। শুক্রবার কংগ্রেস সদর দপ্তরে ১৭ জন দলত্যাগীকে ফিরিয়ে নিলেন দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল ও এআইসিসি মুখপাত্র জয়রাম রমেশ। দলীয় সূত্রের খবর, আগামী দিনে আরও বহু নেতার প্রত্যাবর্তন ঘটবে। মাত্র পাঁচ মাস আগে এই নেতারা গুলাম নবি আজাদের সঙ্গে কংগ্রেস ছেড়েছিলেন।

গত আগস্ট মাসে ৫২ বছরের সংস্রব ছিন্ন করে কংগ্রেস ছেড়েছিলেন প্রবীণ কাশ্মীরি নেতা ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। সে সময় তিনি রাহুল গান্ধীর ‘দিশাহীন রাজনীতির’ সমালোচনা করেছিলেন। শুক্রবার তাঁরই সঙ্গে দলত্যাগী কংগ্রেসিরা দলে ফিরে বললেন, সময় এসেছে সব ধর্মনিরপেক্ষ মানুষের জোটবদ্ধ হওয়ার। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা দেশে নতুন রাজনীতি জন্ম দিতে চলেছে। তাঁরাও তাতে শামিল হবেন।

শুক্রবার যাঁরা গুলাম নবি আজাদের তৈরি ‘ডেমোক্রেটিক আজাদ পার্টি’ ছেড়ে কংগ্রেসে ফিরে এলেন, তাঁদের মধ্যে রয়েছেন সাবেক উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ এবং পীরজাদা মহম্মদ সঈদ, মুজফফর পেরায়, বলবান সিংয়ের মতো সাবেক মন্ত্রীরা। বাকিদের অধিকাংশ রাজ্যের সাবেক বিধায়ক। তাঁদের দাবি, আগামী দিনে আরও অনেক কংগ্রেস নেতা ও কর্মী দলে ফিরে আসবেন।

গুলাম নবি আজাদও কংগ্রেসে ফিরে আসবেন বলে রটনা। যদিও দিনকয়েক আগে আজাদ নিজেই সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও তাঁর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। রাহুল জবাবে বলেছিলেন, সেটা আজাদ ও কংগ্রেস সভাপতি ভালো বলতে পারবেন।

কাশ্মীরি নেতাদের কংগ্রেসে স্বাগত জানিয়ে বেনুগোপাল বলেন, ভুল বুঝে তাঁরা দল ছেড়েছিলেন। ভুল শুধরে সবাই ফিরে এসেছেন। ভারত জোড়ো যাত্রার সার্থকতা এখানেই। এই যাত্রা দেশের রাজনীতি কীভাবে বদলে দিচ্ছে এই ঘরে ফেরা তার প্রমাণ।

গুলাম নবি আজাদ জম্মুর নেতা। কাশ্মীর উপত্যকায় তাঁর প্রভাব খুবই কম। সেই আজাদ ক্রমেই হীনবল হয়ে পড়ায় জম্মু-কাশ্মীর নিয়ে বিজেপির অঙ্ক কিছুটা গোলমেলে হয়ে গিয়েছে। জম্মু এলাকায় হিন্দু ও মুসলমানদের মধ্যে কংগ্রেসের যে সমর্থন রয়েছে, আজাদের মাধ্যমে বিজেপি তা পেতে চেয়েছিল। ভারত জোড়ো যাত্রার মাধ্যমে কংগ্রেস সেই সমর্থন ফিরে পাওয়ার পাশাপাশি উপত্যকার অন্য দলগুলোকেও জোটবদ্ধ করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর মার্চ-এপ্রিলে সরকার জম্মু-কাশ্মীরে ভোট করাতে চায়। বিজেপি চায় না, সেই ভোটে গুপকর জোট এক হয়ে লড়ুক ও কংগ্রেস তাতে যোগ দিক।