সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে কলকাতায় তৃণমূলের মিছিল আটকে দিল পুলিশ

ব্যারিকেডের সামনে দলীয় পতাকা হাতে জড়ো হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা, পেছনে পুলিশ। মিছিল করতে না পেরে সেখানেই অবস্থান নেন তাঁরা। রাজাবাজার মোড়, কলকাতা, ভারত, ১৩ অক্টোবরছবি: ভাস্কর মুখার্জি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বাতিলের দাবিতে মঙ্গলবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে প্রতিবাদ মিছিল করতে দেয়নি পুলিশ।

তৃণমূল কংগ্রেস আগেই ঘোষণা দিয়েছিল, মঙ্গলবার বেলা দুইটায় কলকাতার রাজাবাজার মোড় থেকে মিছিল বের হবে। মিছিলটি যাওয়ার কথা ছিল পার্ক সার্কাস মোড় পর্যন্ত। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা ছিল।

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ জানান, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করার জন্য তৃণমূল কংগ্রেস পুলিশের কাছ থেকে কোনো আগাম অনুমতি নেয়নি। মিছিল কোথা থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, তাতে কতজন থাকবেন—এসব কিছুই পুলিশকে জানানো হয়নি।

তাই বেলা দুইটার আগেই পুলিশ গিয়ে রাজাবাজার মোড় আটকে দেয়। সেখানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও উপস্থিত হন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, সেখান থেকে মিছিল করার অনুমতি নেয়নি তৃণমূল। তৃণমূলের নেতা-কর্মীরা মিছিলে যোগ দিতে রাজাবাজার মোড়ে জড়ো হলেও পুলিশ কার্যত তাঁদের সেখানেই আটকে দেয়।

মিছিল আটকাতে রাস্তায় অবস্থান নিয়েছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে এখান থেকেই তৃণমূল কংগ্রেসের মিছিল বের হওয়ার কথা ছিল। রাজাবাজার মোড়, কলকাতা, ভারত, ১৩ অক্টোবর
ছবি: ভাস্কর মুখার্জি

তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় ও অশোক দেব এবং সাংসদ দোলা সেনসহ দলের নেতারা সেখানে উপস্থিত হন। মিছিলে যোগ দিতে না পেরে তাঁরা রাজাবাজার মোড়েই অবস্থান কর্মসূচি শুরু করেন।

সেখানে বসেই তৃণমূলের নেতারা কয়েকটি দাবি তোলেন। এর মধ্যে রয়েছে সিইসি জ্ঞানেশ কুমারের অবিলম্বে অপসারণ ও গ্রেপ্তার, এসআইআর বাতিল, বাদ পড়া ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় তোলা এবং পুরোনো ভোটার তালিকা অনুযায়ী ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজাবাজার মোড়ের জমায়েতে আসেননি। মিছিলে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার কোনো উদ্যোগও নেননি তিনি।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অনুমতি না নিয়ে যেন কোনো মিছিল বের না হয়। পুলিশও কার্যত সেই নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, যেখান থেকে মিছিল শুরু হওয়ার কথা, পুলিশ সেখানেই তা শেষ করুক।