বাজি পরিবেশ শুদ্ধ করত, বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত

আরএসএস প্রধান মোহন ভাগবতফাইল ছবি: এএনআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীপাবলিতে দূষণ নিয়ে বিতর্কের মধ্যে উৎসবের প্রাচীন রীতিনীতির গুরুত্ব ও আতশবাজির প্রয়োজনীয়তার ‘বৈজ্ঞানিক পাঠ’ দিলেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তিনি জানালেন, অতীতের বাজি পরিবেশকে দূষিত করত না। বরং তখনকার বাজির ধোঁয়ায় কীটপতঙ্গের মৃত্যু হতো। পরিবেশ শুদ্ধ হতো।

সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরে এক সভায় মোহন ভাগবত এই মন্তব্য করেছেন। নাগপুরেই সংঘের সদর দপ্তর। সেখানে মহেশ্বরী পঞ্চায়েত আয়োজিত এক দীপাবলি মিলন অনুষ্ঠানে এই মন্তব্যের মধ্য দিয়ে প্রকারান্তরে তিনি বাজি পোড়ানোকেই সমর্থন করেছেন।

মোহন ভাগবত ওই অনুষ্ঠানে বলেন, অতীতে যেসব উপাদান দিয়ে বাজি তৈরি হতো তাতে রাসায়নিক পদার্থ থাকত না। সেই সময়কার উপাদানগুলো ছিল প্রাকৃতিক ও নিরাপদ। সেসব বাজির ধোঁয়া কীটনাশকের কাজ করত। বিশেষ করে বর্ষার সময় ও ফসল কাটার মৌসুমে কীটপতঙ্গ ও মশামাছি তাড়িয়ে সেই বাজির ধোঁয়া বাতাস শুদ্ধ করত। সেই ধোঁয়ার কার্যকারিতা পরিবেশবান্ধব ছিল। ভাগবতের দাবি, দীপাবলিতে প্রদীপ জ্বালানোর পেছনেও বৈজ্ঞানিক যুক্তি রয়েছে। প্রদীপ জ্বালানো হয় তেল ও ঘি দিয়ে। তেল ও ঘি পুড়ে পুড়ে প্রদীপের প্রজ্বলিত শিখা পরিবেশে এক বিশুদ্ধ বাতাসের স্তর তৈরি করে। সেই বাতাস পরিবেশ ও শরীরের পক্ষে স্বাস্থ্যকর।

মোহন ভাগবত আরও বলেন, প্রাচীনকাল থেকে উৎসব পার্বণে এ ধরনের যেসব রীতি পালিত হয়ে আসছে তার পেছনে রয়েছে নির্ভেজাল বিজ্ঞান। ইদানীং পরিবেশদূষণের জন্য অন্য অনেক কিছুর মতো আতশবাজি পোড়ানোকে দায়ী করা হচ্ছে। গ্রিন ট্রাইব্যুনাল, পরিবেশবিশারদ এবং পরিবেশ মন্ত্রণালয় প্রত্যেকেই দূষণ নিয়ে চিন্তিত। বিশেষ করে রাজধানী দিল্লিতে প্রতিবছর নভেম্বর থেকে জানুয়ারি শেষ পর্যন্ত দূষণের মাত্রা যেভাবে বেড়ে যায়, পরিবেশের যে মারাত্মক ক্ষতি হয়, তা দূর করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত আতশবাজি পোড়ানো বন্ধসহ নানা ব্যবস্থা কার্যকর করার পক্ষপাতী। কিন্তু বছর কয়েক ধরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এসবের বিরোধিতা করে আসছে। দলের শীর্ষস্থানীয় নেতারাও বলেছেন, সনাতন ধর্মীয় উৎসবে বাজি পোড়ানোর রীতি প্রাচীন। তা ধর্মপালনের অঙ্গ। কোনোভাবেই সেই রীতি নষ্ট হতে দেওয়া যাবে না।

আরও পড়ুন

বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাজি পোড়ানোর পক্ষে দাঁড়িয়ে বলেছেন, দীপাবলিতে কদিন বাজি পোড়ানো হলে ক্ষতি নেই। দূষণ হয়তো হয়, কিন্তু দু–তিন দিন পর সেই দূষণ কেটেও যায়। এবার দীপাবলির আগে সুপ্রিম কোর্টে বিচারপতিরাও মন্তব্য করেছিলেন, যে নির্দেশ পুলিশ–প্রশাসন পালন করতে পারে না সেই নির্দেশ দেওয়া না–দেওয়া সমান। অর্থহীন।

মোহন ভাগবতও অতীতের প্রসঙ্গ টেনে যেভাবে বাজি পোড়ানোর কার্যকারিতা ব্যাখ্যা করেছেন, বিজ্ঞানকে খাড়া করেছেন, তাতে মনে করা হচ্ছে, দীপাবলি বা অন্যান্য হিন্দু পূজা পার্বণ ও উৎসবের মৌসুমে বাজি পোড়ানো নিষিদ্ধ হোক তা তিনি চান না। বরং তিনি প্রাচীন রীতিনীতি বহাল রাখার পক্ষেই মত দিয়েছেন। বলেছেন, ঐতিহ্যবাহী প্রথাগুলোর প্রকৃত তাৎপর্য অনুধাবন করে উৎসব উদ্‌যাপন করা দরকার। এতে মানুষ ও পরিবেশ সবাই উপকৃত হবে।

মোহন ভাগবত অবশ্য বুঝিয়েছেন, এখন যেসব উপাদানে বাজি তৈরি হচ্ছে তার বদল ঘটানো যেতে পারে। কিন্তু উৎসব উদ্‌যাপন শত বিরোধিতাতেও বন্ধ হবে না। তাঁর দাবি, উৎসবই সমাজকে চনমনে রাখে। চাঙা করে তোলে। যে যতই চেষ্টা করুন, তা বন্ধ হবে না।

দীপাবলি ও কালীপূজায় শব্দবাজি পোড়ানোর ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ‘গ্রিন ক্র্যাকার’ বা পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ওপর সুপ্রিম কোর্ট এবং পরিবেশবিদেরা জোর দিলেও কার্যত দেখা যাচ্ছে, দূষণযুক্ত বাজিই বাজার দখল করে রয়েছে। কোনোভাবেই তা কমানো যাচ্ছে না। বরং বাজির পক্ষে শাসক দল দৃঢ়ভাবে দাঁড়ানোয় দূষণমুক্ত পরিবেশ তৈরির যাবতীয় উদ্যোগ মাঠে মারা যাচ্ছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিওরোলজির রিপোর্ট দেখাচ্ছে, দীপাবলির রাত ১টা থেকে পরের দিন সকাল ৯টার মধ্যে দিল্লির বাতাসে ‘পিএম–২.৫’ এর মতো অতি সূক্ষ্ম ধূলিকণা বৃদ্ধির কারণ আতশবাজি। ওই সময়ে আতশবাজি থেকে দূষণ সৃষ্টির পরিমাণ ছিল ৭১ দশমিক ১ শতাংশ। অথচ তার দুদিন আগে ৭ নভেম্বর বাতাসে বাজির ধোঁয়ার অংশ ছিল মাত্র ৫ দশমিক ৬ শতাংশ। ৮ নভেম্বর দীপাবলির সন্ধ্যা থেকে রাতের মধ্যে তা বেড়ে হয় ৪৩ দশমিক ৪ শতাংশ। আর ৯ তারিখের সকালে তা বেড়ে হয় ৭১ দশমিক ১ শতাংশ। ১০ নভেম্বর বাজির অবদান কমে হয় ২৯ দশমিক ৮ শতাংশ।

শাসক দল বাজি পোড়ানোয় অটল থাকলে এবং দূষণযুক্ত বাজি তৈরি ও বাজারে তার জোগান বন্ধে পুলিশ ও প্রশাসন ব্যর্থ হলে উৎসব পার্বণে দিল্লির দূষণ মাত্রাছাড়াই থাকবে।

আরও পড়ুন